
ড্রেসিংরুমের সামনে ছোটখাটো জটলা। কোচ গঞ্জালো মোরেনো, সহকারী গোলাম জিলানী, ম্যানেজার সত্যজিৎ দাস রুপুসহ ফেডারেশনের অন্য কর্মকর্তারা খোশগল্পে মশগুল। গেমসে বাংলাদেশের ডেপুটি সেভ দ্য মিশন কামরুন নাহার ডানা শিলং থেকে চলে এসেছেন ফুটবল দেখতে। সবার মধ্যেই একটা সুখী সুখী ভাব। বুক থেকে একটা পাথরভার নামল যেন!
গোলাম জিলানী তো বলেই ফেললেন, ‘যে চাপে ছিলাম গত দুই দিন! এই ম্যাচে কিছু একটা হলে সর্বনাশ হয়ে যেত। এই দলের বেশির ভাগ ফুটবলার আমার হাতে গড়া। ওদের গত দুই দিন বন্ধুর মতো বুঝিয়েছি। বলেছি, আত্মবিশ্বাস নিয়ে খেলো। জয় আসবেই।’
জয় ঠিকই পেয়েছে বাংলাদেশ। কাল গুয়াহাটির পল্টনবাজার সাই স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়েছে এসএ গেমসের গতবারের সোনাজয়ীরা। দুটি গোলেই অবদান আছে স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবনের। ডিফেন্ডার রায়হান হাসানকে দিয়ে একটি গোল করিয়েছেন, নিজে করেছেন জয়সূচক গোল।
বাংলাদেশের ফুটবলে জয় ক্রমেই দুষ্প্রাপ্য হয়ে উঠছে। সাফের ব্যর্থতার পর ঢাকায় বঙ্গবন্ধু গোল্ড কাপে জাতীয় দল ৪ ম্যাচের একটিতে মাত্র জয় পেয়েছিল। অলিম্পিক দল ৩টি ম্যাচেই ছিল জয়হীন। জাতীয় দলের ৯ ফুটবলকে নিয়ে গড়া গেমসের দলটিকে নিয়েও তাই বেশি আত্মবিশ্বাসী হতে পারছিলেন না কর্মকর্তারা। গ্রুপের প্রথম ম্যাচেই দুর্বল ভুটানের সঙ্গে ভাগ্যক্রমে ড্র করার পর আত্মবিশ্বাসের জয়গান দরাজ কণ্ঠে গাওয়াও যেত না। এই জয়ের মাহাত্ম্যটা তাই শুধু খেলোয়াড়দের কাছেই নয়, গোটা বাংলাদেশের কাছেই অনেক বড়। তা ছাড়া ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠায় গর্বও একটু বেশি হয়। শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপ রানার্সআপ ভারত। অন্য সেমিফাইনালে নেপালের প্রতিপক্ষ মালদ্বীপ। আগামীকাল বেলা ২টায় শুরু বাংলাদেশ-ভারত প্রথম সেমিফাইনাল, সন্ধ্যা ৭টায় নেপাল-মালদ্বীপ দ্বিতীয় সেমিফাইনাল। দুটি ম্যাচই হবে গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে।
ভুটান ম্যাচের মতো কালও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের শুরুটা হয়েছিল বাজে। তৃতীয় ম্যাচেই কর্নার থেকে উড়ে আসা বল হেড করে অনন্ত তামাং ঢুকিয়ে দেন বাংলাদেশের জালে।
গত জানুয়ারিতে বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশ দেখেছে অন্য এক নেপালকে। দলটি টুর্নামেন্টের পাঁচটি ম্যাচের একটিতেও হারেনি। এসএ গেমসেও গ্রুপের প্রথম ম্যাচেও ভুটানকে হারায় ৫-০ গোলে। বাংলাদেশের বিপক্ষেও তো নেপালের দুর্দান্ত হয়ে হয়ে ওঠার কথা ছিল! প্রথম আধঘণ্টা নেপালই খেলেছে। তবে তার পরই জেগে ওঠে বাংলাদেশ।
এ ম্যাচে ৪-০ গোলে হারলেও সেমিফাইনালে ওঠা যেত। এই সহজ সমীকরণের সামনে দাঁড়িয়েও তৃতীয় মিনিটে গোল খাওয়ায় বাংলাদেশ দলের মধ্যে একটু মন খারাপের হাওয়া ঠিকই ঢুকে পড়েছিল। তবে হাল ছাড়েননি কোচ মোরেনো, ডাগ-আউটে দাঁড়িয়ে সারাক্ষণ উৎসাহ জুগিয়েছেন দলকে। ধীর ধীরে ছন্দে ফিরতে শুরু করেন ফুটবলাররা। ৪০ মিনিটে বক্সের মধ্যে জীবন ওয়ান-টু-ওয়ান খেলে বল বাড়িয়ে দেন রায়হানকে। আলতো টোকায় গোল করে রায়হানই সমতা ফেরান ম্যাচে। ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জীবন। দ্বিতীয়ার্ধে জীবন গোটা তিনেক সুযোগ নষ্ট না করলে জয়ের ব্যবধান আরও বড়ই হতো।
জিতেই শেষ চারে ওঠায় বাংলাদেশ দলে আত্মবিশ্বাস ফিরতে শুরু করেছে। তবে এমন জয়ে খুশি নন মোরেনো, ‘হয়তো সবাই খুশিই হয়েছে। কিন্তু ছেলেরা প্রথমার্ধে যেভাবে খেলেছে তাতে আমি সন্তুষ্ট নই। আজও অনেক সুযোগ নষ্ট করেছে। উন্নতির জন্য আমাদের আরও কাজ করতে হবে।’
বাংলাদেশ দল: লিটন, রায়হান, তপু, রেজাউল, ইয়াসিন, জামাল, জীবন, হেমন্ত, সোহেল (জুয়েল), ফাহাদ (জনি), শাহেদ (রুবেল)।