জিমন্যাস্টিকসে সেরা আজাদ ও নূর আক্তার
জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে কাল শেষ হয়েছে ৩৪তম জাতীয় সিনিয়র ও বয়সভিত্তিক জিমন্যাস্টিকস প্রতিযোগিতা। ৬৯.৪৫ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতার পুরুষ বিভাগে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছেন বিজেএমসির আবুল কালাম আজাদ। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন বিকেএসপির নূর আক্তার বানুর পয়েন্ট ৪০.৩২।
পুরুষ বিভাগের দলগত সোনাও জিতেছে বিজেএমসি। তারা পেয়েছে ২৬৭.২৫ পয়েন্ট। মহিলা বিভাগে সোনাজয়ী বিকেএসপির পয়েন্ট ১৩৯.২৫। ব্যক্তিগত ইভেন্টে ছেলেদের ভল্টিং টেবিলে সোনা আনসারের সাদ্দাম হোসেনের, প্যারালাল বারেও একই সংস্থার শহীদুল ইসলাম সোনা জিতেছেন। পোমেল হর্সে সোনা আনসারের শহিদুল ইসলামের, রিংসে ও ফ্লোরে আনসারের সাদ্দাম হোসেন সোনা জিতেছেন। হাই বারে সোনা আনসারের শহীদুল ইসলামের। মেয়েদের আন ইভেন বারে আনসারের ফারজানা আক্তার সোনা জেতেন। ভল্টিং টেবিলে একই দলের মুশফিকা আক্তার, ব্যালেন্স বিমে ও ফ্লোর ইভেন্টে সোনা জিতেছেন নূর আক্তার বানু। বয়সভিত্তিক প্রতিযোগিতায় ৩৬টি ইভেন্টের মধ্যে ২৯টিতেই পদক জিতেছে কোয়ান্টাম কসমো স্কুলের জিমন্যাস্টরা।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদসহ অন্যরা।