জিমন্যাস্টিকসের 'সিনডারেলা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়েদের অল-অ্যারাউন্ড ইভেন্টে সোনা জিতে যুক্তরাষ্ট্রের সিমোন বাইল্‌সের সোনা​িল হাসি l এএফপি
মেয়েদের অল-অ্যারাউন্ড ইভেন্টে সোনা জিতে যুক্তরাষ্ট্রের সিমোন বাইল্‌সের সোনা​িল হাসি l এএফপি

সিনেমা বানানোর জন্য প্রযোজক-পরিচালকেরা এ রকম গল্পই তো খোঁজেন। সিমোন বাইল্‌সের জীবনের গল্পটা যে রকম! ভেঙে যাওয়া পরিবার, দারিদ্র্য আর অভাব-অনটনের মধ্যে কাটানো শৈশব-কৈশোর। সব জয় করে মাত্র ১৯ বছর বয়সেই এমন তারকাখ্যাতি। রিও অলিম্পিকে মেয়েদের জিমন্যাস্টিকসে পর পর দুটি সোনাজয়ী বাইল্‌সকে সারা বিশ্বের সংবাদমাধ্যম জিমন্যাস্টিকসের সিনডারেলা তো আর এমনি এমনি বলছে না!

দলগত অল-অ্যারাউন্ডের সোনা জিতেছেন গত মঙ্গলবার। যুক্তরাষ্ট্রের এই আর্টিস্টিক জিমন্যাস্ট পরশু স্বদেশি অ্যালি রাইসম্যানকে হারিয়ে জিতলেন ব্যক্তিগত অল-অ্যারাউন্ডের সোনাও। সামনে লড়বেন বিম, ভল্ট ও ফ্লোর ইভেন্টেও। এই অলিম্পিকে এরই মধ্যে উসাইন বোল্ট, মাইকেল ফেল্‌প্‌সের সঙ্গে তাঁর নামও উচ্চারিত হতে শুরু হয়েছে। বাইল্‌সের ৭৩ বছর বয়সী কোচ মার্থা কারোলি তো এরই মধ্যে বলে দিয়েছেন, ‘আমি নিশ্চিত ও খুব বড় তারকা হবে। ওর কোটি টাকা হবে।’

ভাবছেন কারোলি তো কোচ, নিজের ছাত্রীকে নিয়ে এমন উচ্ছ্বাস তিনি দেখাতেই পারেন। ব্যাপারটা ঠিক এ রকম নয়। প্রায় চার দশকের কোচিং ক্যারিয়ারে কারোলি যাঁদের ট্রেনিং করিয়েছেন তাঁদের মধ্যে আছেন ৯ জন অলিম্পিক চ্যাম্পিয়ন ও ১৫ জন বিশ্ব চ্যাম্পিয়ন। এর মধ্যে কিংবদন্তি নাদিয়া কোমানেচের নামটাও আছে। জহুরি যেমন খাঁটি সোনা চিনতে ভুল করে না, কারোলির চোখও ভুল করে না সত্যিকারের প্রতিভা চিনতে। তাঁর কথার তাই আলাদা একটা গুরুত্ব তো আছেই।

ব্যক্তিগত অল-অ্যারাউন্ডে বাইল্‌স আর রাইসম্যানের পারফরম্যান্স গ্যালারিতে বসে দেখেছেন অলিম্পিক ইতিহাসে প্রথম দশে ১০ স্কোর করা কিংবদন্তি কোমানেচও। পরে টুইট করেছেন, ‘অভিনন্দন সিমোন বাইল্‌স ও অ্যালি রাইসম্যান। অসাধারণ সাফল্য।’

এত যে প্রশংসা, এর মধ্যেও কিন্তু পা মাটিতেই রাখছেন বাইল্‌স। পরশু দ্বিতীয় অলিম্পিক সোনা জেতার পর বিনীতভাবে বলেছেন, ‘দেখুন আমি পরবর্তী উসাইন বোল্ট বা মাইকেল ফেল্‌প্‌স নই। আমি তারকা নই। আমি আগের সিমোনই আছি। শুধু এখন আমার হাতে দুটি অলিম্পিক সোনা আছে, এই যা!’

এই মাটিতে পা রাখাটাও কিন্তু জীবন থেকেই শিখেছেন। ওহাইওর কলম্বাসে জন্ম ১৯৯৭ সালে। মাদকাসক্ত মা শ্যানন বাইল্‌স তাঁর চার সন্তানের দেখাশোনার মতো অবস্থায় ছিলেন না। বাবা আবার বিয়ে করেন। সৎমায়ের সংসারেও জায়গা হয় না বাইল্‌সের। মাত্র তিন বছর বয়সেই ছোট বোনের সঙ্গে তাঁকে চলে যেতে হয় নানা রন ও নানি নেলি বাইল্‌সের কাছে। ওঁরাই তাঁকে বড় করেছেন, লেখাপড়া শিখিয়েছেন। এখনো তাঁদেরই বাবা-মা বলে ডাকেন বাইল্‌স। জীবনের কঠিন দিকটা খুব অল্প বয়সেই দেখেছেন বলেই হয়তো উনিশে পৌঁছেই তিনি অনেক পরিণত।

রিওর গ্যালারিতে পরশু ছিলেন তাঁর প্রিয় নানা-নানিও। জয়ের পর আবেগাপ্লুত বাইল্‌সের সবচেয়ে বেশি কৃতজ্ঞতাও তাঁদের কাছেই, ‘আমি ভিড়ের মধ্যে ওঁদের দেখার চেষ্টা করলাম। কিন্তু ওঁরা ছবি তুলতে শুরু করলেন, তাই চোখাচোখি হলো না। আমাকে লালন-পালন করেছেন ওঁরা। ওঁদের এখানে থাকাটাই আমার সবচেয়ে বড় প্রেরণা। আমি ওঁদের জন্যই এটা করতে চেয়েছিলাম।’

এই অলিম্পিকে আসার আগেই অবশ্য বিশ্ব জিমন্যাস্টিকসের অন্যতম বড় তারকা হিসেবে দেখা হচ্ছিল তাঁকে। অল-অ্যারাউন্ডে টানা তিনটি বিশ্ব শিরোপাজয়ী প্রথম জিমন্যাস্ট, তৃতীয়টি জেতেন গত বছর অক্টোবরে গ্লাসগোতে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে বেশি পদকজয়ী আমেরিকান জিমন্যাস্টও তিনি, জিতেছেন ১০টি সোনাসহ মোট ১৪টি পদক। রিও অলিম্পিকে দুটি সোনা হয়ে গেছে এরই মধ্যে। বিম, ভল্ট ও ফ্লোরেও সোনা জয়ের সবচেয়ে বড় দাবিদার বাইল্‌স। জিততে পারলে এক অলিম্পিকে সর্বোচ্চ সোনাজয়ী জিমন্যাস্ট হবেন। এক গেমসে চারটি করে সোনা জয়ের রেকর্ড আছে শুধু তৎকালীন সোভিয়েত ইউনিয়নের লারিসা লাতিনিনা (১৯৫৬), চেকের ভেরা কাসালাভস্কা (১৯৬৮) ও রোমানিয়ার ইকাতেরিনা জাবোর (১৯৮৪)।

যেভাবে ছুটছেন, তাতে ওঁদের ছাড়িয়ে যাওয়াটা বাইল্‌সের জন্য এখন সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে। এএফপি।