জুতার জাদুতে ভাঙছে সব বিশ্ব রেকর্ড

নতুন জুতা ব্যবহার করে পুরোনো সব রেকর্ড ভুলিয়ে দিচ্ছেন চেপতেগেই।ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু এক ঘণ্টার মধ্যে দুই দু্ইটি বিশ্ব রেকর্ড ভাঙতে দেখল অ্যাথলেটিকস বিশ্ব। স্পেনের ভ্যালেন্সিয়ায় ওয়ার্ল্ড রেকর্ড ডে মিটে ছেলেদের ১০ হাজার মিটার দৌড়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন উগান্ডার জশুয়া চেপতেগেই। আর মেয়েদের ৫ হাজারের নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ইথিওপিয়ার লেতেসেনবেত গিদি। তাঁদের রেকর্ড গড়ায় অবশ্য ‘বিশেষ’ জুতার অবদান দেখছেন অনেকেই।

২৬ মিনিট ১১.০০ সেকেন্ড সময় নিয়ে দূরপাল্লার দৌড়ের কিংবদন্তি কেনেনিসা বেকেলের ১৫ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন ২৪ বছর বয়সী চেপতেগেই। আগের রেকর্ডের চেয়ে যা ৬ সেকেন্ড কম। ১৪ মিনিট ৬.৬২ সেকেন্ড সময় নিয়ে ২২ বছর বয়সী গিদি ভেঙেছেন ২০০৮ সালে গড়া তিরুনেশ দিবাবার রেকর্ড (১৪ মিনিট ১১.১৫ সেকেন্ড)।

এক দিনের প্রতিযোগিতাটি আয়োজনই করা হয় রেকর্ডকে চ্যালেঞ্জ জানানোর জন্য। অ্যাথলেটরা বিশ্ব রেকর্ড, মহাদেশীয় ও জাতীয় রেকর্ডসহ আরও নানা রেকর্ড ভাঙতেই অংশ নেন ওয়ার্ল্ড রেকর্ড ডে মিটে। চ্যালেঞ্জ জানানো অ্যাথলেটরা যাতে প্রয়োজনীয় গতি ধরে রাখতে পারেন সে জন্য ট্র্যাকের পাশে বিশেষ ইলেকট্রনিকস যন্ত্র বসানো হয়। অ্যাথলেটদের গতি কমে গেলে রঙিন আলো জ্বলে ওঠে সেখানে। এ ছাড়া প্রথাগত পেসমেকাররাও থাকেন সেখানে। পেসমেকারদের কাজ হলো শুরুর দিকে খুব দ্রুত দৌড়ে মূল প্রতিযোগীদের গতি বাড়াতে অনুপ্রেরণা দেওয়া।

পরশুর দুই বিশ্ব রেকর্ডের পেছনে নাইকির বিতর্কিত ট্র্যাক স্পাইক জুতার অবদানও দেখছেন অনেকে। চেপতেগেই ও গিদি দুজনের পায়ে ছিল নাইকি জুমএক্স ড্রাগনফ্লাই স্পাইকস। এই জুতায় কার্বন প্লেট ও বিশেষ এক ধরনের ফোম ব্যবহার করা হয়। এই জুতাকে বলা হয় ‘ইতিহাসের দ্রুততম জুতা’। এই জুতা ব্যবহার নিয়ে বিতর্ক চলছে। অনেকেই একে নিষিদ্ধ ওষুধ নেওয়ার সঙ্গে মিলিয়ে ফেলছে। শতাব্দির শুরুতে সাতারুরা নতুন ধরণের সুইম স্যুট ব্যবহার করতেন, তাতে সাতারের গতি ৩ থেকে ৪ ভাগ বেড়ে যেত। মাত্র দুই বছরের মধ্যে শতাধিক রেকর্ড ভেঙে গিয়েছিল। পরে বডিস্কিন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে বিশ্ব সাতার ফেডারেশন।

গিদিও ব্যবহার করছেন নতুন জুতা।
ছবি: এএফপি

জুমএক্স ড্রাগন ফ্রাই এখনো কর্তৃপক্ষের শ্যেন দৃষ্টি এড়িয়ে যেতে পেড়েছে। চেপতেগেই তাই পূর্ণ সুযোগ নিচ্ছেন এই জুতার। কিছুদিন আগেই ৫ হাজার মিটারের বিশ্ব রেকর্ড ভেঙেছেন। বেকেলেরই দখলে থাকা রেকর্ডটা ১.৯৯ সেকেন্ড কমিয়ে এনেছে আগস্টে। মোনাকোর সে দৌড়ের পর ৫ হাজার মিটারে এখন বিশ্ব রেকর্ডটি দাঁড়িয়েছে ১২ মিনিট ৩৫.৩৬ সেকেন্ডে। তাই এই জুতার হয়ে সবচেয়ে বেশি ওকালতি তাঁকে করতে দেখা যাচ্ছে, ‘আমরা ২০২০ সালে আছি। আমরা এখন আর ১৯৮০তে বাস করছি না, ১৯৯০তে বাস করছি না, ১৯৭০-এ বাস করছি না। তাই খেলায় যখনই নতুন প্রযুক্তি আসবে, মেনে নিতে হবে। ওয়েব লাইট নিয়ে কথা বলছেন, ঘড়ি নিয়ে কথা বলছেন, গতি এমনকি জুতা নিয়ে কথা বলছেন। আমরা নতুন সব উদ্ভাবন পাচ্ছি। এর মানে যখনই আমরা কিছু ব্যবহার করি সেট সে সময়ের বিশেষ কিছু। ১৯৮০ সালে যে স্পাইক ব্যবহার করতেন হেইলি গেব্রেসিলাসি, কেনেনিসা বেকেলে তাঁর সময়ে যা ব্যবহার করতেন, সবই সেই সময়ের বিশেষ কিছু ছিল।’