জুনিয়র অ্যাথলেটিকসে সেরা বিকেএসপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন এক জোড়া রানিং শুক কেনার সামর্থ্য নেই। এক বড় ভাইয়ের কাছ থেকে পুরোনো শুব কিনে দেড় বছর ধরে সেটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছে উজ্জ্বল চন্দ্র সূত্রধর। সেই পুরোনো শুক পরেই কাল ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম কিশোর হয়েছে উজ্জ্বল। তিন বছর পর আবারও জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসের ১০০ মিটারের কিশোর অর্থাৎ অনূর্ধ্ব–১৮ বিভাগে দ্রুততমের খেতাব জিতল সে। এই ইভেন্টে দ্রুততম কিশোরী বিকেএসপির তানজিলা আক্তার। উজ্জ্বল সময় নিয়েছে ১০.৮৩ সেকেন্ড, তানজিলার সময় ১৩.১০ সেকেন্ড।
কিশোরগঞ্জের উজ্জ্বল আগের দিনই লং জাম্পে রুপা জিতেছিল। কাল সোনা জয়ের পর বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলছিল, ‘আমি জানতাম কেউ আমাকে টপকে যেতে পারবে না। সেভাবেই প্রস্তুতি নিয়েছিলাম।’ অথচ দুই সপ্তাহ ধরে জ্বরে ভুগছে উজ্জ্বল। কড়া ডোজের অ্যান্টিবায়োটিকের প্রভাবে কালও ঠিকমতো দাঁড়াতে পারছিল না।
উজ্জ্বলের বাবা কৃষ্ণচন্দ্র সূত্রধর পেশায় কাঠমিস্ত্রি। বাবার আয়ে সংসার চলে না বলে নিজেই বিজেএমসিতে চুক্তিভিত্তিক চাকরি করছে। পড়াশোনাটাও চলছে নিজের খরচে। দীর্ঘমেয়াদি অনুশীলন করতে না পারার আক্ষেপ ঝরল উজ্জ্বলের কণ্ঠে, ‘ভালো একজন কোচের অধীনে ফেডারেশন যদি দীর্ঘমেয়াদি ক্যাম্প করাত তাহলে আরও ভালো করতে পারতাম।’
জুনিয়র অ্যাথলেটিকসের শেষ দিনটিতেও থাকল বিকেএসপির দাপট। ৩৩টি ইভেন্টের মধ্যে ১৬টি সোনা, ১৩টি রুপা ও ৫টি ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। দুই দিনে সব মিলিয়ে নতুন জাতীয় রেকর্ড হয়েছে ৭টি ইভেন্টে। এর মধ্যে কাল বালিকাদের ৪০০ মিটারে রেকর্ড গড়েছে বিকেএসপির শিউলি খাতুন, সময় নিয়েছে ১:০০.৬৫ সেকেন্ড। বালকদের ২০০ মিটারে সোনা জিতেছে বিকেএসপির হাসান মিয়া, বালিকা বিভাগেও একই প্রতিষ্ঠানের রুপা খাতুন জিতেছে সোনা। কিশোর বিভাগের ৪০০ মিটারে বিকেএসপির জহির রায়হান ও কিশোরীদের এই ইভেন্টে সোনা জিতেছে রুমা খানম।