জেব্রেসেলাসির অবসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু ম্যানচেস্টারে সংবাদ সম্মেলনে জেব্রেসেলাসি l রয়টার্স
পরশু ম্যানচেস্টারে সংবাদ সম্মেলনে জেব্রেসেলাসি l রয়টার্স

দৌড় যাঁর ভালোবাসা তিনি কি দৌড় থেকে দূরে থাকতে পারেন? অবসরের ঘোষণা দিতে গিয়েও তাই একটা ফাঁক রেখে দিলেন দূরপাল্লার দৌড়ের কিংবদন্তি হাইলে জেব্রেসেলাসি। ‘পেশাদার দৌড়বিদ হিসেবে আমি অবসরে যাচ্ছি। দৌড় থেকে নয়। আমার দৌড় কখনোই থামবে না। আমি দৌড়ে যাব দৌড়ের শুভেচ্ছাদূত হিসেবে’—অবসরের সিদ্ধান্ত জানিয়ে পরশু টুইট করেছেন ইথিওপিয়ান গ্রেট অ্যাথলেট।
ইতিহাসের প্রথম অ্যাথলেট হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১০ হাজার মিটারে টানা চারবারের চ্যাম্পিয়ন জেব্রেসেলাসি এই নিয়ে দ্বিতীয়বার অবসরের ঘোষণা দিলেন। প্রথমবার অবসর নিয়েছিলেন ২০১০ সালে। হাঁটুর চোটের কারণে নিউইয়র্ক ম্যারাথনে অংশ না নিতে পেরে ট্র্যাক ছাড়ার ঘোষণা দিয়ে কয়েক মাস পরই ফিরে এসেছিলেন। কিন্তু এখন তাঁর বয়স ৪২। পরশু গ্রেট ম্যানচেস্টার রানে অংশ নেওয়ার পর ট্র্যাক ছাড়ার এটাই উপযুক্ত সময় বলেও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন জেব্রেসেলাসি, ‘এখানে থামতে পেরে আমি খুবই খুশি। আমি জানি, এটাই আমার শেষ দৌড়।’
ট্র্যাকের সফল অ্যাথলেট জেব্রেসেলাসি ট্র্যাকের বাইরেও সফল মানুষ। ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায় সিনেমা হল আছে তাঁর। আছে আবাসনব্যবসাও। শুধু তা-ই নয়, কফি চাষের ব্যবসাও আছে তাঁর। ‘দৌড়ের দূত’ জেব্রেসেলাসি এবার সেদিকে আরও মনোযোগ দিতে পারবেন। এএফপি, বিবিসি।