জয় দিয়েই শুরু বাংলাদেশের

ইন্দোনেশিয়াকে হারিয়ে জয়ে শুরু বাংলাদেশেরছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান গেমস স্থগিত হয়ে গেলেও ব্যাংককে চলছে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব। শেষ পর্যন্ত গেমস যখন, যেখানেই হোক না কেন, ৯ দলের এই বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েই এশিয়াডে খেলতে চায় বাংলাদেশ হকি দল। সেই লক্ষ্যে আজ ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছেন রাসেল মাহমুদরা।

হকির বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৩১, ইন্দোনেশিয়া ৪৮তম। র‍্যাঙ্কিংয়ের এই ব্যবধানের সঙ্গে সামঞ্জস্য রেখে গত ১১ মার্চ ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে হারিয়ে এশিয়ান হকি ফেডারেশন কাপে শুভসূচনা করেছিল বাংলাদেশ। সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় গোবিনাথ কৃষ্ণমূর্তির দল।

বাংলাদেশ অনেক সুযোগ পেলেও কাজে লাগাতে পেরেছে মাত্র তিনটি
ছবি: সংগৃহীত

কিন্তু আজ আরেকটি টুর্নামেন্টের শুরুতে ১৭ ধাপ পিছিয়ে থাকা ইন্দোনেশিয়াকে হারাতে কিছুটা ঘাম ঝরেছে বাংলাদেশের। ব্যবধানটা তুলনামূলক কম হয়েছে।

প্রথম কোয়ার্টারে সরোয়ার হোসেনের ফিল্ড গোলে ১-০ হয়েছিল। দ্বিতীয় কোয়ার্টারে পুষ্কর খীসার স্টিকে ২-০। তৃতীয় কোয়ার্টারের ইন্দোনেশিয়া ২-১ করলে ম্যাচ জমে ওঠে। এরপর রাব্বি ফিল্ড গোলের স্কোরলাইন ৩-১।

বাংলাদেশ গোলের সুযোগ পেয়েছে অনেক। কিন্তু কাজে লাগাতে পেরেছে মাত্র ৩টি। অন্যদিকে ইন্দোনেশিয়া আন্তর্জাতিক হকিতে নবীন হলেও ভালো খেলেছে। বাংলাদেশকে আটকে রাখতে পেরেছে মাত্র ৩ গোলের মধ্যে।

অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রেজাউল করিম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ অধিনায়ক রেজাউল করিম ম্যাচসেরা হয়েছেন। জাতীয় দলের অধিনায়ক হিসেবে এটিই তাঁর প্রথম ম্যাচ।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে, ১০ মে বাংলাদেশ সময় বেলা ১টা ৩০ মিনিটে। তৃতীয় ও শেষ গ্রুপ ম্যাচ ১২ মে সিঙ্গাপুরের সঙ্গে।

টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে খেলছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে ওমান, থাইল্যান্ড, হংকং চায়না, উজবেকিস্তান ও কাজাখস্তান।