জয়েই বার্তা দিলেন বোল্ট

টাইমিংটা আশানুরূপ ভালো হয়নি। কিন্তু ডায়মন্ড লিগ অ্যাথলেটিকসের লন্ডন মিটের ২০০ মিটারে ১৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে জিতে ঠিকই জানিয়ে দিলেন রিও অলিম্পিকের জন্য তিনি প্রস্তুত।
গত মাসেই হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে জ্যামাইকার জাতীয় ট্রায়াল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন। তাঁর সেই চোট একটা সংশয়ও জাগিয়ে তুলেছিল—৫ আগস্ট শুরু রিও অলিম্পিকে বোল্ট থাকছেন তো! সেই সংশয় উড়িয়ে দিয়ে গতকাল জিতলেন বোল্ট। তবে ২৯ বছর বয়সী জ্যামাইকান স্প্রিন্টার মনে করেন, তাঁর পুরোপুরি ফিট হওয়ার এখনো বাকি, ‘আমি এখনো নিজেকে পুরোপুরি ফিরে পাইনি। আমাকে আরও পরিশ্রম করতে হবে। তবে আমি ঠিক হয়ে যাব। আমি যে চোট কাটিয়ে উঠতে পেরেছি, এটাই আসল ব্যাপার।’
চোট কাটিয়ে বোল্টের ট্র্যাকে ফেরার দিনে রেকর্ড গড়েছেন আমেরিকান কেন্ড্রা হ্যারিসন। মেয়েদের ১০০ মিটার হার্ডলসে ২৮ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছেন। বুলগেরিয়ার ইয়োরদাঙ্কা দোনকোভা ১২.২১ সেকেন্ড সময় নিয়ে ১৯৮৮ সালে যে রেকর্ডটি গড়েছিলেন, তার চেয়ে ০.০১ সেকেন্ড কম সময় নিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন আমেরিকান এই মেয়ে হার্ডলার। এএফপি।