টাইমিংয়ে উন্নতি নেই সাঁতারুদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের মূল প্রতিযোগিতায় যাওয়াই বাংলাদেশের সাঁতারুদের জন্য বহুদূরের স্বপ্ন। এবারও সেটি স্বপ্ন থেকে গেল, এবারও সবার হিটেই বিদায়। কিন্তু সাঁতারুদের টাইমিংয়ে উন্নতির আশাও কি করা যাবে না?
বাংলাদেশের সাঁতারে সবচেয়ে সুবিধা পাওয়া মাহফিজুর রহমানও রাশিয়ার কাজানে অনুষ্ঠানরত বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় নিজের টাইমিং ভালো করতে পারেননি। প্রথম ইভেন্ট ১০০ মিটার ফ্রি-স্টাইলে নিজের সেরা টাইমিং থেকে ০.০২ সেকেন্ড পিছিয়ে সময় নিয়েছেন ৫২.৮৯ সেকেন্ড। ১১৫ জনের মধ্যে হয়েছেন ৭৯তম। কাল নিজের মূল ইভেন্ট ৫০ মিটার ফ্রি-স্টাইলে সময় নিয়েছেন ২৪.৪৩ সেকেন্ড। ৮৯ জনের মধ্যে ৬৫তম তাঁর স্থান। অথচ আগেরবার বার্সেলোনায় করেছিলেন ক্যারিয়ার-সেরা টাইমিং (২৪.৩৯ সে.)।
গত মে মাসে উচ্চতর প্রশিক্ষণ নিতে থাইল্যান্ডে যান মাহফিজুর। সেখান থেকেই রাশিয়ায় গেছেন বিশ্ব সাঁতারে অংশ নিতে। উচ্চতর প্রশিক্ষণেও কেন টাইমিংয়ের উন্নতি হচ্ছে না? রাশিয়া থেকে টেলিফোনে মাহফিজুরের উত্তর, ‘ফুকেটের (থাইল্যান্ড) অনুশীলন অনেক কঠিন। সেখান থেকে রাশিয়ায় এসে যে টাইমিং করেছি তা মন্দ নয়। তবে আমার প্রধান লক্ষ্য রিও অলিম্পিক এবং এসএ গেমস। আশা করি দীর্ঘমেয়াদি অনুশীলন শেষে ভালো কিছু হবে।’
কাল জুয়েল আহমেদ ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ৬৮ জনের মধ্যে ৫৮তম স্থানে নাম লিখিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর এই সাঁতারু সময় নেন ২৯.১০ সেকেন্ড। বিশ্ব সাঁতারে অংশ নেওয়ার আগ পর্যাপ্ত অনুশীলন করতে পারেননি জুয়েল। আন্তসার্ভিস প্রতিযোগিতা শেষে লম্বা ছুটিতে বাড়ি গিয়েছিলেন। ফিরেই তড়িঘড়ি করে ভিসার জন্য দৌড়াদৌড়ি করতে গিয়ে অনুশীলনে মনোযোগী হতে পারেননি। সোনিয়া আক্তার টুম্পা মেয়েদের ৫০ মিটার ফ্রি-স্টাইলে ১১৩ জনের মধ্যে হয়েছেন ৯৮তম। সোনিয়ার মূল ইভেন্ট বাটারফ্লাই। অথচ তাঁকে অংশ নিতে হয়েছে ফ্রি-স্টাইলে! ‘পদক জয় নয়, অংশগ্রহণই বড় কথা’—এই আপ্তবাক্যই মেনে চলেন কর্মকর্তারা। তা না হলে যে সাঁতারুদের সঙ্গে কর্মকর্তাদেরও বিদেশভ্রমণ হয় না!