টোকিওতেও চোখ রুডিশার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডনের পর রিও। ৫২ বছরের মধ্যে প্রথম অ্যাথলেট হিসেবে কেনিয়ার ডেভিড রুডিশা টানা দুবার জিতলেন ৮০০ মিটারের সোনা l রয়টার্স
লন্ডনের পর রিও। ৫২ বছরের মধ্যে প্রথম অ্যাথলেট হিসেবে কেনিয়ার ডেভিড রুডিশা টানা দুবার জিতলেন ৮০০ মিটারের সোনা l রয়টার্স

প্রথম ৪০০ মিটার তিনি আলফ্রেড কিপকেটারের বেশ পেছনে। হওয়ারই কথা। কিপকেটার যে ৮০০ মিটার দৌড় শুরুই করলেন স্প্রিন্টের মতো! কিন্তু ডেভিড রুডিশা তো আর ২০ বছর বয়সী কিপকেটারের মতো অনভিজ্ঞ নন। এ ধরনের দৌড়ে কৌশলটা কী হওয়া উচিত, তা ভালোই জানা। ৪০০ মিটারের পর ধীরে ধীরে গতি বাড়ালেন রুডিশা। ওদিকে কিপকেটারের গতি তখন কমছে। রুডিশা শেষ ৩০০ মিটার দৌড়ালেন প্রায় ঝড়ের গতিতে। সবাইকে পেছনে ফেলে যখন সমাপ্তিরেখা ছুঁলেন, কিপকেটার হাঁপাচ্ছেন প্রায়, যেন কোনো রকমে দৌড় শেষ করতে পারলেই বাঁচেন।
আরও একবার অলিম্পিকে ছেলেদের ৮০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হলেন রুডিশা। একই সঙ্গে নিজের কীর্তি দিয়ে রাঙিয়েছেন ইতিহাসের পাতাও। ৫২ বছর পর এই প্রথম কোনো অ্যাথলেট পরপর দুই অলিম্পিকে ৮০০ মিটারে সোনা জিতেছেন। সর্বশেষ এই কীর্তিটা ছিল নিউজিল্যান্ডের পিটার স্নেলের। রোমে ১৯৬০ সালে ৮০০ মিটারে সোনা জয়ের পর ১৯৬৪ সালে টোকিওতেও শিরোপা ধরে রেখেছিলেন সাবেক কিউই অ্যাথলেট।
মাঝে ফর্ম খুব একটা ভালো যাচ্ছিল না। কেনিয়ার অলিম্পিক ট্রায়ালে তৃতীয় হয়েছিলেন। তারপরও রুডিশা জিতবেন, এ নিয়ে বোধ হয় সংশয় খুব বেশি ছিল না। ৮০০ মিটারের ইতিহাসে দ্রুততম আটটি দৌড়ের ছয়টিই তাঁর। বর্তমান বিশ্ব রেকর্ড ও অলিম্পিক রেকর্ডও তাঁর দখলে; যেটি গড়েছেন ২০১২ লন্ডন অলিম্পিকে সোনা জিতে, ১ মিনিট ৪০.৯১ সেকেন্ড সময় নিয়ে। জিতেছেন ২০১১ দেগু ও ২০১৫ বেইজিং বিশ্ব চ্যাম্পিয়নশিপেও।
অবশ্য পরশু আর রেকর্ড-টেকর্ড হয়নি। ৮০০ মিটার দৌড়াতে রুডিশা সময় নিয়েছেন ১ মিনিট ৪২.১৫ সেকেন্ড। রুপাজয়ী আলজেরিয়ার তৌফিক মাকলুফির সময় লেগেছে ১ মিনিট ৪২.৬১ সেকেন্ড। ব্রোঞ্জ যুক্তরাষ্ট্রের ক্লেটন মারফির, তাঁর সময় লেগেছে ১ মিনিট ৪২.৯৩ সেকেন্ড।
রুডিশা অবশ্য সোনা ধরে রাখতে পেরেই বেশি উচ্ছ্বসিত, ‘আমি খুবই রোমাঞ্চিত। এটাই আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত।’ কেনিয়ান সতীর্থ কিপকেটারকে শুরুতে ওভাবে স্প্রিন্টের মতো দৌড়াতে দেখেও যে ভড়কে যাননি, জানালেন সেটাও, ‘দৌড়ের আগে আমি আমার দুই কেনিয়ান সতীর্থ ফার্গুসন রোটিচ আর আলফ্রেড কিপকেটারের সঙ্গে কথা বলেছি। আমরা একটা পরিকল্পনাও করেছিলাম। কিন্তু কিপকেটার সেসব ভুলে গিয়ে শুরুতেই বুলেটের মতো ছুটতে শুরু করল। তবে আমি আমার পরিকল্পনায় অটল থেকেছি। দুর্ভাগ্যজনকভাবে তারা সেটা করতে পারেনি এবং সে জন্য তাদের খেসারতও দিতে হলো।’
২০১০ সালে ৮০০ মিটারে কেনিয়ান পূর্বসূরি উইলসন কিপকেটারের বিশ্ব রেকর্ডটা প্রথম নিজের করে নিয়েছিলেন। এরপর নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন দুবার। ১ মিনিট ৪১ সেকেন্ডের কমে ৮০০ মিটার দৌড়ানো ইতিহাসের প্রথম ও একমাত্র অ্যাথলেটও তিনি। আর কিছু কি চাওয়ার আছে? রুডিশা দিলেন এই প্রশ্নের উত্তরও, ‘আমি এখন থেকেই পরের বছর ও ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপের কথা ভাবতে শুরু করেছি। ২০২০ অলিম্পিকেও এই ইভেন্টে সোনা জিততে চাই। তৃতীয়বারের মতো এই ইভেন্টে সোনা জেতাটাই আমার লক্ষ্য।’
এই রুডিশাকে থামানোর সাধ্য কার! এএফপি।

অ্যাথলেটিকসের বিজয়ীরা

মেয়েদের হ্যামার থ্রো
৮২.২৯ মিটার (বিশ্ব রেকর্ড)
আনিতা ভোয়াদারচিক (পোল্যান্ড)

মেয়েদের ৩০০০ মিটার স্টিপলচেজ
৮ মি. ৫৯.৭৫ সে.
রুথ জেবেত (বাহরাইন)

পুরুষ পোল ভল্ট
৬.০৩ মি. (অলিম্পিক রেকর্ড)
থিয়াগো ব্রাজ ডা সিলভা (ব্রাজিল)

পুরুষ ৮০০ মিটার
১ মি. ৪২.১৫ সে.
ডেভিড রুডিশা (কেনিয়া)

মেয়েদের ৪০০ মিটার
৪৯.৪৪ সে.
শনে মিলার (বাহামা)