টোকিও অলিম্পিক যখন ‘জেলখানা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেদারল্যান্ডসের তায়কোয়ান্দো খেলোয়াড় রেশমি ওগিঙ্ক
ছবি: রয়টার্স

করোনা হানা দিয়েছিল নেদারল্যান্ডস অলিম্পিক দলে। ছয় অ্যাথলেটকে পাঠানো হয় হোটেলে কোয়ারেন্টিনে। নিজ কামরায় থাকতে হবে। বের হওয়া যাবে না।

এভাবে একটানা কত দিন থাকা যায়! ডাচ অ্যাথলেটরা একটু খোলা বাতাসের জন্য ‘ধর্মঘট’ পর্যন্ত করেছেন। এতে ফলও মিলেছে। তাজা হাওয়া খেতে দিনে ১৫ মিনিট সময় তাঁরা খোলা জানালা পাবেন।

ডাচদের তায়কোয়ান্দো খেলোয়াড় রেশমি ওগিঙ্ক সংবাদ সংস্থা এএফপিকে জানান, খোলা বাতাসের জন্য হোটেল লবিতে তাঁরা ধর্মঘট করেন। অলিম্পিকে এসে এভাবে আইসোলেশনে থাকা নিয়ে ওগিঙ্ক ইনস্টাগ্রামে মজা করে লিখেছেন, ‘অলিম্পিক জেল।’

টোকিও অলিম্পিকে প্রতিদিন অ্যাথলেটদের কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। পজিটিভ হলে আইসোলেশন কিংবা হাসপাতালে পাঠানো হয়।

অলিম্পিকে মেয়েদের ‍+৬৭ কেজি ওজন শ্রেণিতে মঙ্গলবার প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল ওগিঙ্কের। তাঁর ভাষায়, কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর আইসোলেশনে ‘বেশ কিছুদিন আটক থাকতে হয় এবং কোনো তাজা বাতাস ছিল না’।

শুধু খাবার নিতে তাঁরা কামরার বাইরে আসতে পারতেন। ওগিঙ্কের ভাষায়, বিষয়টি ‘একঘেয়েমিতে পৌঁছে গিয়েছিল’।

ডাচ স্ট্রিট স্কেটবোর্ডার ক্যান্ডি জ্যাকবস ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় জানান, আইসোলেশনে যাওয়ার আট দিন পরই তিনি কোভিড পজিটিভ থেকে গেছেন। ‘গতকাল আমরা ধর্মঘট করি। আমাদের খোলা বাতাসের দরকার ছিল...সেটা যেকোনোভাবে। সবকিছু বন্ধ। জানালা পর্যন্ত বন্ধ। দরজা খোলা হয় না। এটা হয় না। বাইরের খোলা বাতাস থেকে বঞ্চিত হওয়াটা অমানবিক। মানসিকভাবেও বিধ্বস্ত লাগে।’

অ্যাথলেটদের পক্ষে রয়েছে তাঁদের ফেডারেশন। ডাচ অলিম্পিক ফেডারেশন জানিয়েছে, টোকিও অলিম্পিকে কোয়ারেন্টিনের কঠোর নিয়ম ‘অগ্রহণযোগ্য’ এবং এ বিষয়ে তারা আন্তর্জাতিক অলিম্পিক ফেডারেশনের সঙ্গে কথা বলবে।

জ্যাকবসের শরীরে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ ছিল না। নিজেকে ‘সুপার ফিট’ দাবি করে বসে ধর্মঘট করাটা ব্যাখ্যা করলেন তিনি, ‘কেউ কোনো পদক্ষেপ নেওয়ার আগপর্যন্ত আমরা নড়িনি। শেষ পর্যন্ত, সম্ভবত সাত থেকে আট ঘণ্টা পর, আমাদের সঙ্গে কথা বলা হয়। কারও তত্ত্বাবধানে দিনে ১৫ মিনিট করে আমরা খোলা জানালার পাশে দাঁড়াতে পারব।’

আইসোলেশন থেকে প্রথম খোলা বাতাস গায়ে মাখার অনুভূতিটা জ্যাকবসের কাছে, ‘এটা আমার জীবনে সবচেয়ে দুঃখের ও সুখের মুহূর্ত।’

এই মাসে টোকিও অলিম্পিকে অ্যাথলেট ও টিম অফিশিয়ালদের মিলিয়ে ১ লাখ ২৪ হাজারের বেশিসংখ্যক বার কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। অলিম্পিক আয়োজকদের হিসাবমতে, পজিটিভসংখ্যা ২২টি। বিমানবন্দরে করোনা পরীক্ষা অবশ্য এই তালিকায় যোগ হয়নি।

আইসোলেশনের সময়টা কিছু একটা করে কাটানোর চেষ্টা করছেন ওগিঙ্ক। কাপড় ও খেলার কিছু জিনিস দিয়ে কাকতাড়ুয়ার মতো একটি আকৃতি বানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে এর ভিডিও ছেড়ে ওগিঙ্ক ক্যাপশনে লিখেছেন, ‘অলিম্পিক জেলে আমার নতুন বাসিন্দা। সে আমার নতুন বন্ধু, বব—লড়তে প্রস্তুত।’ আরেকটি ভিডিওতে দেখা যায়, টেস্টিং টিউব দূর থেকে একটি ঝুড়িতে ফেলার চেষ্টা করছেন ওগিঙ্ক।

তাঁর ভাষায়, ‘এটি কোভিড গেমসে লালা ছুড়ে ফেলার ইভেন্ট।’ ইনস্টাগ্রাম স্টোরিতেও ওগিঙ্ককে বেশ বিদ্রোহীরূপে দেখা যায়। নিজের কামরার দরজা খোলার চেষ্টার করার সেই ভিডিওর ক্যাপশনে ওগিঙ্ক লিখেছেন, ‘জেল পালানোর চেষ্টা। তাজা বাতাস চাই!’