ট্র্যাকে হতাশার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্যুটিংয়ে সোনা জিতে আনন্দে মশগুল থাকলেও অ্যাথলেটিকস ট্র্যাকে ছিল হতাশার এক দিন। ইন্দিরা গান্ধী অ্যাথলেটিকস স্টেডিয়ামে কাল আটটি ইভেন্টে অংশ নেয় বাংলাদেশ। এর মধ্যে একমাত্র ব্রোঞ্জ এসেছে মেয়েদের ১০০ মিটার রিলে থেকে। দৌড়েছেন সোহাগী, জাকিয়া, শিরিন ও চুমকি।
লং জাম্পে আল আমিন স্বপ্ন দেখেছিলেন ভালো কিছু করার। গত গেমসে ঢাকায় ব্রোঞ্জ জিতেছিলেন ৭.১৯ মিটার লাফিয়ে। কিন্তু এবার ৭.২৪ মিটার লাফিয়েও পদক নেই। নৌবাহিনীর এই অ্যাথলেট হয়েছেন পঞ্চম। এই ইভেন্টে ২৭ বছরের পুরোনো রেকর্ড ভেঙে সোনা জিতেছেন ভারতের অঙ্কিত শর্মা। তিনি লাফিয়েছেন ৭.৮৯ মিটার। ৭.৬২ মিটার লাফিয়ে রুপা জিতেছেন ভারতেরই প্রেম কুমার। ব্রোঞ্জজয়ী শ্রীলঙ্কার অমিলা জয়শ্রী লাফিয়েছেন ৭.৪৬ মিটার।
হতাশ করেছেন হার্ডলার জেসমিন আক্তার। ১০০ মিটার হার্ডলসে গত আসরের ব্রোঞ্জজয়ী এবার পঞ্চম হয়েছেন ১৪.৭৮ সেকেন্ড টাইমিং করে। ছেলেদের ১১০ মিটার হার্ডলসে মাসুদ খান ও মজিবুর রহমান হয়েছেন পঞ্চম ও ষষ্ঠ। ৪০০ মিটারে পুরুষ বিভাগে মাসুদ রানা সপ্তম, একই ইভেন্টে মেয়েদের মধ্যে আয়েশা আক্তার ষষ্ঠ হয়েছেন। ছেলেদের ১০০ মিটার রিলেতে পঞ্চম হয়েছে বাংলাদেশের অ্যাথলেটরা। ৮০০ মিটারে কামরুল হাসান দৌড় শেষ করেছেন সবার শেষে।
শ্যুটিংয়ে সোনা জেতার আগে দুটি ব্রোঞ্জ জেতে বাংলাদেশ। গত গেমসে মেয়েদের যে ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ও ব্যক্তিগত সোনা জিতেছিল বাংলাদেশ, সেই ইভেন্টে এবার হয়েছে ভরাডুবি। ১৪১.৭ স্কোর করে ব্যক্তিগতভাবে পঞ্চম হয়েছেন সুরাইয়া আক্তার। উম্মে জাকিয়া সুলতানা সপ্তম হয়েছেন, তাঁর স্কোর ৯৯.৫। এ ছাড়া ৫০ মিটার ফ্রি পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের শাকিল আহমেদ, মহেন্দ্র সিংহ ও আনোয়ার হোসেন।
স্কোয়াশে দলগত রুপা জিতেছে বাংলাদেশ, উশুতে ব্রোঞ্জ। হকিতে পাকিস্তানের কাছে ৬-০ গোলে হেরেছে বাংলাদেশ। সাঁতারে কালও চারটি ব্রোঞ্জ এসেছে—১০০ মিটার ফ্রি স্টাইলে মাহফিজুর রহমান সাগর, ২০০ মিটার বাটারফ্লাইয়ে জুয়েল আহমেদ, ১০০ মিটার মিডলে রিলের পুরুষ ও মহিলা দুই বিভাগেই ব্রোঞ্জ। সব মিলিয়ে ২টি সোনা ও ১৭টি ব্রোঞ্জ জিতে সাঁতার শেষ করেছে বাংলাদেশ। মহিলা হ্যান্ডবলে বাংলাদেশ কাল ৬২-৫ গোলে হারিয়েছে আফগানিস্তানকে।