ডাইভিংয়ের দুই রানির লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত রোববার রেকর্ডটা গড়েছিলেন উ মিনশিয়া। মেয়েদের সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিংয়ে সঙ্গী শি তিংমাওকে নিয়ে সোনা জিতে হয়েছিলেন অলিম্পিক ইতিহাসে সবচেয়ে বেশি সোনাজয়ী ডাইভার। এথেন্স অলিম্পিক থেকে শুরু করে এ পর্যন্ত ডাইভিংয়ে পাঁচটি সোনা জিতেছেন মিনশিয়া। দুদিন না যেতেই উ মিনশিয়ার সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন তাঁরই স্বদেশি চেন রুয়োলিন। সঙ্গী লিউ হুইশিয়ার সঙ্গে জুটি বেঁধে পরশু রুয়োলিন সোনা জিতেছেন মেয়েদের সিনক্রোনাইজড ১০ মিটার প্ল্যাটফর্ম ইভেন্টে। রিওতে এখন পর্যন্ত হওয়া ডাইভিংয়ের তিন ইভেন্টের সবগুলোতেই সোনা জিতল চীন।

চেন রুয়োলিনের এটি তৃতীয় অলিম্পিক। এর আগে বেইজিং ও লন্ডন দুই অলিম্পিকেই মেয়েদের ১০ মিটার প্ল্যাটফর্ম ও সিনক্রোনাইজড ১০ মিটার প্ল্যাটফর্ম ইভেন্ট দুটিতে মোট চারটি সোনা জিতেছিলেন। রিওতে আরও একটি সোনা জয়ের পর রুয়োলিনের ও মিনশিয়ার মধ্যে এখন লড়াই অলিম্পিক ইতিহাসে সেরা ডাইভার কে হবেন!

অবশ্য যে কীর্তি গড়তে মিনশিয়ার ৩০ বছর লেগেছে সেটি রুয়োলিন করে ফেলেছেন মাত্র ২৩ বছর বয়সেই। তবে তারপরও নিজের ‘আইডল’ মিনশিয়ার সঙ্গে কোনো তুলনায় যেতে চান না রুয়োলিন, ‘আমি জানি তিনিও পাঁচটি সোনা জিতেছেন। এটি অসাধারণ ব্যাপার। তবে আমি তাঁকে ছাড়িয়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে বেশি ভাবছি না। আপাতত আমার লক্ষ্য দেশের হয়ে সম্ভাব্য সব পদক জেতা।’ এএফপি।