
একজন ঝড় তোলেন ট্র্যাকে, আরেকজন সুইমিং পুলে। উসাইন বোল্ট তাঁর রাজ্যপাটে এখনো দোর্দণ্ড প্রতােপ, আর মাইকেল ফেল্প্স অবসর ভেঙে আবারও ফিরছেন তাঁর সাম্রাজ্যে। তবে খুব সম্ভব রিওর পর দুজনই বিদায় বলে দেবেন অলিম্পিককে
উসাইন বোল্ট রেগে আছেন। প্রচণ্ড রেগে আছেন। অলিম্পিকের ট্র্যাকে জাস্টিন গ্যাটলিনকে তাই একহাত দেখে নেওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন।
কী করেছেন গ্যাটলিন? খোঁচা মেরে কথা বলেছেন বোল্টকে, সর্বকালের সেরা অ্যাথলেটের সেটি একদমই পছন্দ হয়নি। এই তো গত মাসের কথা। জ্যামাইকার অলিম্পিক বাছাইয়ে ১০০ মিটারের ফাইনালের আগে হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে উঠে যান বোল্ট। কিন্তু জ্যামাইকার নিয়মে ‘মেডিকেল পাসে’র সুবিধা থাকায় অলিম্পিকে যাওয়া নিয়ে তেমন সংশয় ছিল না ২৯ বছর বয়সী স্প্রিন্টারের। এ নিয়েই গ্যাটলিনের কটাক্ষ, ‘ওর দেশ বলেই এটা সম্ভব হচ্ছে। আমাদের দেশ কখনো সেটা করত না।’
এতেই বেশ খেপেছেন ছয়টি অলিম্পিক সোনাজয়ী বোল্ট। কদিন আগেই নিজের হতাশার কথা বলেছিলেন। এবার জানিয়ে দিলেন হতাশাটা অলিম্পিকের ট্র্যাকেই ঢেলে দেবেন পারফরম্যান্সে, ‘ওরা এত বছরেও সম্ভবত শেখেনি, যে যত বেশি কথা বলবে, ততই ওদের হারানোর জেদ আমার আরও বেড়ে যাবে।’
যেন এমনিতেই তাঁর দৌড়ে আগ্রহের কমতি ছিল, প্রতিদ্বন্দ্বিতার আমেজে সেটিকে আরও জমিয়ে দিলেন বোল্ট।
আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন, রিওই হবে অলিম্পিকের শেষ বোল্ট-দর্শন। আট বছর আগে বেইজিংয়ে ১০০ মিটারের শেষ ২০-২৫ গজে পাগলাটে উদ্যাপন দিয়ে নিজের আগমনী সুর শুনিয়েছিলেন, তাল ধরে রেখেছেন চার বছর আগে লন্ডনেও। এবারও মিলবে ছন্দটা?
ছন্দের ওপরই দাঁড়িয়ে আছে বোল্টের স্বপ্ন—ট্রিপল ট্রিপল। আগের দুই অলিম্পিকে ১০০ মিটার, ২০০ মিটার, ১০০ মিটার রিলেতে সোনা জিতেছিলেন। এবারও জিতলে তিনে তিন হয়ে যাবে, যেখানে ১০০ ও ২০০ মিটারে টানা দুবার সোনা জেতার কীর্তিই কারও নেই। সর্বকালের সেরার মুকুটটা তাঁর মাথায়, কীর্তি গড়ে অলিম্পিকের বিজয়মঞ্চ থেকে বিদায়ই তো তাঁকে মানায়।
অবশ্য শুধু ছয়টি অলিম্পিক সোনার সাধ্য কি বোল্টকে বোঝায়! বোল্ট মানে ২০০৮ অলিম্পিকে বাতাসের বিপরীতে দৌড়ে ১০০ মিটারের শেষ ২০-২৫ গজ বালখিল্য উদ্যাপনের পরও সে সময়ের বিশ্ব রেকর্ড (৯.৬৯ সেকেন্ড)। ২০১২ অলিম্পিকেই যেটি টপকে ৯.৬৩ সেকেন্ডের নতুন অলিম্পিক রেকর্ড গড়েছেন। বোল্ট মানে বার্লিনে ২০০৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ ও ২০০ মিটারে বিশ্ব রেকর্ড (৯.৫৮ ও ১৯.১৯ সেকেন্ড)। আর বোল্ট মানে...তিরন্দাজের ভঙ্গিতে সেই উদ্যাপন।
মাত্রই চোট কাটিয়ে ফিরেছেন বলে একটু শঙ্কা আছে, তবে রিওতেও তিনবার অতি পরিচিত উদ্যাপনটি দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। অলিম্পিকের চিরকালীন অলংকার হয়ে রিওতে শেষ টানতে পারবেন বোল্ট? সূত্র: এএফপি।