ডায়েরিতে লেখা অলিম্পিক-স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
শিরীন আক্তার: সাতক্ষীরা থেকে অলিম্পিকে l প্রথম আলো
শিরীন আক্তার: সাতক্ষীরা থেকে অলিম্পিকে l প্রথম আলো
রিও ডি জেনিরো অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধি সাত খেলোয়াড়। ৫ আগস্ট শুরু বিশ্বের সর্ববৃহৎ এই ক্রীড়া আসরে অংশগ্রহণকারী বাংলাদেশের অ্যাথলেটদের নিয়ে এই ধারাবাহিক প্রতিবেদন। স্প্রিন্টার শিরীন আক্তারকে নিয়ে আজকের পর্ব—

ডায়েরি লেখার অভ্যাস ছিল। বিকেএসপিতে ভর্তি হয়ে সেই অভ্যাসটাকেই রুটিন বানিয়ে ফেললেন শিরীন আক্তার। কোচ আবদুল্লাহ হেল কাফি বলতেন, ‘অনুশীলন শেষে ডায়েরিতে মন্তব্য লিখে রেখো। অনুশীলন কেমন হলো, কতটা চ্যালেঞ্জিং ছিল দিনের অনুশীলন, উন্নতি-দুর্বলতা কোথায় সব লিখবে। পাশে একটা জায়গায় লিখবে মন্তব্য।’ বাংলাদেশের দ্রুততম মানবী শিরীন মন্তব্যের ঘরে প্রতিদিন লিখতেন, ‘একদিন অলিম্পিকে খেলতে চাই।’

টানা গত দুই মৌসুমের দ্রুততম মানবী চেয়েছিলেন যেন ফর্ম থাকতে থাকতেই রিও অলিম্পিকে দৌড়ানোর সুযোগ মেলে।
২০০৭ সালে বিকেএসপিতে ভর্তি হওয়ার নয় বছরের মধ্যেই পূরণ হতে চলেছে শিরীনের স্বপ্ন। ১ আগস্ট রিওর উদ্দেশে উড়াল দিতে যাওয়া বাংলাদেশ অ্যাথলেটিকস দলের অন্যতম সহযাত্রী শিরীন।
সাতক্ষীরার মেয়ে শিরীনের স্বপ্নযাত্রাটা মোটেও সহজ ছিল না। রক্ষণশীল এক পরিবারে বেড়ে ওঠা। বাবা-মায়ের অমতে চুরি করে অনুশীলনে যেতেন। ঢাকায় যতই শর্টস আর জার্সি পরে ট্র্যাকে দৌড়ান না কেন, সাতক্ষীরায় গেলে এখনো বোরকা পরতে হয়!
শিরীনকে খুঁজে পেয়েছিলেন সাতক্ষীরার ফুটবল কোচ আকবর আলী। সাতক্ষীরার দহখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সব সময়ই চ্যাম্পিয়ন হতেন। একটু-আধটু হ্যান্ডবলও খেলতেন। বাড়ির কাছাকাছি কোথাও যাওয়ার প্রয়োজন হলে দৌড়ে দৌড়ে যেতেন। কত দিন যে আছাড় খেয়ে পড়েছেন, তার ইয়ত্তা নেই। দৌড় যেন শিরীনের রক্তে। এসব দেখেশুনে আকবর আলী শিরীনকে বিকেএসপিতে ভর্তি করানোর পরামর্শ দেন। কিন্তু শিরীনের বাবা শেখ আবদুল মজিদ কিছুতেই রাজি ছিলেন না। এমনকি স্কুলের শিক্ষকেরাও ছাড়পত্র দিতে রাজি নন। ঢাকায় আসার দিন এলাকার স্কুলে বাল্যবিবাহের ওপর নাটক মঞ্চস্থ হচ্ছিল। ওই নাটকে অভিনয় করার কথা ছিল শিরীনের। কিন্তু কিসের নাটক! শিরীনের মন পড়ে ছিল বিকেএসপিতে। অবশেষে জোর করেই বাবাকে নিয়ে চলে আসেন বিকেএসপিতে। সেখানকার মনোরম পরিবেশ দেখে মুগ্ধ বাবা ভর্তি করে দেন ছোট্ট শিরীনকে। মেয়েকে রেখে ফিরে আসার সময় বাবা হাউমাউ করে কাঁদলেন। হোস্টেলের কলাপসিবল গেট ধরে ডুকরে কাঁদতে থাকেন মেয়েও। এসব দেখে হাউস টিউটর শিরীনকে কোলে করে নিয়ে যান ভেতরে। এখন আর শিরীনের বাবার আফসোস নেই, ‘মেয়ে এবার ব্রাজিলে অলিম্পিক গেমসে খেলতে যাবে। আমি একজন গর্বিত বাবা।’
বিকেএসপিতে পড়ার সময়ই অলিম্পিকের স্বপ্ন দেখতে শুরু করেন শিরীন। শামসুন্নাহার চুমকি ও নাজমুন নাহার বিউটি, দেশের সাবেক দুই সেরা নারী স্প্রিন্টারকে খুব কাছ থেকে দেখেছেন। অলিম্পিকের গল্প শুনেছেন প্রিয় ‘বিউটি আপুর’ কাছে, ‘আমরা যখন জুনিয়রে খেলতাম তখন বিকেএসপি থেকে বড়দের খেলা দেখাতে নিয়ে আসা হতো ঢাকায়। তখনই বিউটি আপু আমাকে অলিম্পিকের গল্প শোনাতেন।’ টেলিভিশনে দেখেছেন লন্ডন অলিম্পিকের স্প্রিন্ট।
২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে গিয়ে শিরীন ছবি তুলেছিলেন জ্যামাইকান স্প্রিন্টার শেলি-অ্যান ফ্রেসার-প্রাইসের সঙ্গে। ছবিটা এখনো ফেসবুকের প্রোফাইল পিকচারে রেখে দিয়েছেন। এবার ব্রাজিলে গিয়ে অলিম্পিকে দুবারের সোনাজয়ী স্প্রিন্টার শেলির সঙ্গে আবারও দেখা করার ইচ্ছে শিরীনের, ‘এত বড় মাপের অ্যাথলেটের সঙ্গে কথা বলে মুগ্ধ। কী বিনয়ী! সেবার ছবি তুলেছিলাম। এবার একটা সেলফি তুলতে চাই।’
অলিম্পিকে যাওয়ার ওয়াইল্ড কার্ড পেতে কম নাটকীয়তার মধ্য দিয়ে যেতে হয়নি। অন্যরা যখন ব্রাজিল যাওয়া নিশ্চিত করেছেন তখনো অ্যাথলেটিকসের কোনো ওয়াইল্ড কার্ড আসেনি। শেষ মুহূর্তে ওয়াইল্ড কার্ড পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছিলেন শিরীন, ‘ঘুমুচ্ছিলাম। সেক্রেটারি স্যার (ইব্রাহিম চেঙ্গিস) যখন ঘুম ভাঙিয়ে খবরটা দিলেন, মনে হলো যেন স্বপ্ন দেখছি। চোখে-মুখে পানি দিয়ে ফোনের কললিস্ট চেক করে তবেই নিশ্চিন্ত হই।’
ফুটবলে শিরীন ব্রাজিলের ভক্ত, প্রিয় ফুটবলার কাকা। কাকার দেশের অ্যাথলেটিকস ট্র্যাকে দৌড়ানোর জন্য যেন তর সইছে না শিরীনের।
রক্ষণশীল পরিবার বলে শিরীনদের বাড়িতে কেউ টেলিভিশন দেখে না। কিন্তু টেলিভিশনে যখনই শিরীনকে দেখানো হয়, খবর পেয়ে মা ছুটে যান মোড়ের দোকানে। এবার অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আগেই বাড়িতে টেলিভিশন নেওয়ার সিদ্ধান্তও নাকি নিয়ে ফেলেছেন তাঁর বাবা!
বিকেএসপিতে পড়ার সময় ছয় মাস পরপর লম্বা ছুটি মিলত। বাড়ি থেকে আসার পর প্রতিদিন ক্যালেন্ডারের পাতায় ক্রসচিহ্ন এঁকে রাখতেন। এবার রিও অলিম্পিকের টিকিট পেয়ে রোমাঞ্চিত শিরীন বলছিলেন, ‘মনে হচ্ছে ঘোরের মধ্যে আছি। কবে যাব ব্রাজিল সেই ক্ষণই শুধু গুনছি।’

শিরীন আক্তার
শিরীন আক্তার

অলিম্পিকযাত্রী
শিরীন আক্তার
স্প্রি ন্টা র
জন্ম
১২ অক্টোবর ১৯৯৪
জন্মস্থান
সাতক্ষীরা
সংস্থা
বাংলাদেশ নৌবাহিনী
ইভেন্ট
১০০ মিটার স্প্রিন্ট
ঘরোয়া সাফল্য
৩৩ পদক (২৭ সোনা, ৬ রুপা, ব্রোঞ্জ নেই)
আন্তর্জাতিক সাফল্য
৪ পদক (সোনা ও রুপা নেই, ৪ ব্রোঞ্জ)
সেরা টাইমিং
১১.৯৯ সেকেন্ড