ডেকাথেলনে নিজের রেকর্ডই ভাঙলেন ইটন

সমাপ্তিরেখা যখন ছুঁয়েছেন, তার বেশ কিছুটা আগেই প্রতিদ্বন্দ্বী আলজেরিয়ার লারবি বুরাদা দৌড় শেষ করে ফেলেছেন। ক্লান্ত অ্যাশটন ইটন ততক্ষণে ভূমিশয্যা নিয়ে নিয়েছেন। ওদিকে ধারাভাষ্যকার চিৎকার করে বলছেন, ‘ইটন হ্যাজ ডান ইট!’ খানিকটা ধন্দ লাগছে? লাগারই কথা। দ্বিতীয় হয়েও ইটনের নামে জয়জয়কার কেন? প্রতিযোগিতাটা যে শুধু ১৫০০ মিটার দৌড় নয়, এটা আসলে ডেকাথেলন নামের অ্যাথলেটিকস-শৌর্যের চূড়ান্ত পরীক্ষা। দ্বিতীয় হয়েও ইটন যেখানে করে ফেলেছেন বিশ্ব রেকর্ড। ঠিক তিন বছর দুই মাস আগে আগের বিশ্ব রেকর্ডটাও করেছিলেন যুক্তরাষ্ট্রের এই অ্যাথলেটই।
ডেকাথেলন সম্পর্কে যাঁদের ধারণা নেই, তাঁদের কাছে পুরো চিত্রটা এখনো পরিষ্কার হয়নি। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ১০টি আলাদা ইভেন্ট মিলে এই ডেকাথেলন। প্রথম দিন ১০০ মিটার, লং জাম্প, শটপুট, হাইজাম্প ও ৪০০ মিটারের পরীক্ষা। আর পরের দিন ১১০ মিটার হার্ডলস, ডিসকাস, পোল্ট ভল্ট, জ্যাভেলিন ও ১৫০০ মিটার। এমনিতেই তো আর ডেকাথেলনে জয়ী বিশ্বের সেরা অলরাউন্ড অ্যাথলেটের স্বীকৃতি পান না!
প্রথম দিন শেষেই ইটনের সোনা জেতাটা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। কাল অপেক্ষা ছিল বিশ্ব রেকর্ডের। পোল্ট ভল্টে ৫.২০ মিটার পেরোনোর পর কাজটা বেশ কঠিন হয়ে যায়। এরপর জ্যাভেলিনে ৬৩.৬৩ মিটার ছুড়ে যা একটু সহজ করে আনেন। তার পরও বিশ্ব রেকর্ড করতে ৪ মিনিট ১৮.২৫ সেকেন্ডের মধ্যে ১৫০০ মিটার শেষ করতে হতো। প্রথম ৪০০ মিটার শেষে মনে হচ্ছিল, কীর্তিটা বোধ হয় ফসকে যাবে। কিন্তু শেষ দিকে পাগলপারা এক দৌড়ে ৪ মিনিট ১৭.৫২ সেকেন্ডে দৌড় শেষ করেন ইটন। ইটনের পয়েন্ট হয়েছে ৯০৪৫, আগের রেকর্ডের চেয়ে যা ৬ বেশি। বিশ্ব চ্যাম্পিয়নশিপে বিশ্ব রেকর্ডের জন্য আইএএফের পার্টনার টিডেকেএ ঘোষিত ১ লাখ ডলারের বোনাসও পেয়েছেন।
জয়ের পর পরই গ্যালারিতে গিয়ে স্ত্রী ব্রিয়ানে থিয়েসেন ইটনকে আলিঙ্গনে বেঁধেছেন। স্ত্রীও স্বামীর মতো ‘অলরাউন্ডার’, হেপ্টাথেলনে (ডেকাথেলনের মেয়েদের সংস্করণ, যাতে ৭টি ইভেন্ট) এই সপ্তাহেই রুপা জিতেছেন। কোচকে জড়িয়ে ধরে কান্নায়ও ভেঙে পড়েছেন ২৬ বছর বয়সী ইটন। দুই দিনের ‘যুদ্ধের’ পর এমন একটা অর্জনে আবেগ তো ভাসিয়ে নেবেই! আইএএফ, রয়টার্স।