ডোপিংয়ের বিরুদ্ধে লড়াইয়ে ফেল্প্স!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোডিয়ামে দাঁড়িয়ে দেখছেন, তাঁর কৃতিত্বে দেশের পতাকা ধীরে ধীরে উঠে যাচ্ছে ওপরে। সেটা দেখে হয়তো আনন্দে ভাসছে তাঁর পুরো দেশ। আর সে পদকটা যদি হয় সোনা তাহলে তো কথাই নেই। অ্যাডাম নেলসনের জীবনেও এসেছে তেমন মুহূর্ত। অলিম্পিকে সোনা জেতার গৌরব আছে এই শট পুটারেরও। কিন্তু তাঁর জন্য অলিম্পিক ভিলেজে জাতীয় সংগীত বেজে ওঠেনি! ডোপ পাপের কলঙ্ক সে গৌরবের মুহূর্তটা ছিনতাই করেছে তাঁর কাছ থেকে।
২০০৪ এথেন্স অলিম্পিক থেকে রুপা নিয়ে ফিরেছেন। সেটা ৯ বছর পর বদলে হয়েছে সোনা। ২০১৩ সালে প্রমাণিত হলো, এথেন্সের বিজয়ী ইউক্রেনের ইউরি বিলোনোহ একজন ডোপপাপী। স্টেডিয়ামভরা দর্শকের করতালি নয়, নিজেদের জীবনের সেরা অর্জনটা এই অ্যাথলেট বুঝে পেয়েছেন একটা বিমানবন্দরের ফাস্ট ফুডের দোকানে! সে মুহূর্তের ‘আবেগময়’ বর্ণনা নেলসনের মুখেই শুনুন, ‘কিছু ভাজাপোড়া ও একটা খেলনার সঙ্গে পেয়েছিলাম সেটা।’
এমন দুর্ভাগ্যের কথা নেলসন সবাইকে জানিয়েছেন পরশু। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে যখন অ্যাথলেটদের ডাকা হয়েছিল ডোপিংয়ের বিরুদ্ধে লড়াইয়ে শামিল হতে। অ্যাথলেটিকসে ডোপিংবিরোধী প্রকল্প আরও শক্তিশালী করার জন্য ডাকা এ শুনানিতে নেলসন সতর্ক করলেন সবাইকে, ‘আমি জানি এখনো বিশ্বের বিভিন্ন প্রান্তে ডোপ নেওয়াটা ক্রীড়াসংস্কৃতির অংশ।’
আসল বোমাটা অবশ্য ফাটিয়েছেন মাইকেল ফেল্‌প্‌স। সবচেয়ে বেশি পদকজয়ী এই অলিম্পিয়ানের দাবি, ক্যারিয়ারে কখনো নিশ্চিন্ত মনে সাঁতরাতে পারেননি কোনো প্রতিযোগিতায়, ‘মনে হয় না, এমন কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে নেমেছি যেখানে সব প্রতিযোগী নিষ্কলুষ ছিল। কখনোই এমন অনুভব করিনি আমি। কিন্তু যুক্তরাষ্ট্রে নিশ্চিত থাকতে পারতাম যে এখানে তেমন কিছু হচ্ছে না। কারণ আমরা সবাই একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতাম।’ বর্ণাঢ্য এক ক্যারিয়ার শেষেও এ বিষয়টা ক্ষুব্ধ করে তাঁকে। কারণ, এতে যে ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎটা পড়ে যাচ্ছে শঙ্কার মুখে, ‘পুলে কাটানো ২০ বছরের পুরো সময়ে এটাই সবচেয়ে বেশি হতাশ করেছে। আমি আনন্দিত, অবশেষে এটা গুরুত্ব নিয়ে দেখা হচ্ছে। কারণ এটা খেলাটা ধ্বংস করে দিচ্ছে।’
ডোপপাপীদের দৌরাত্ম্যে ফেল্প্সের মতো একজন চ্যাম্পিয়নও আত্মবিশ্বাসহীনতায় ভুগতেন। ডোপপাপীদের কারণে যে একসময় রেকর্ড ছেলেখেলায় রূপ নিয়েছিল, ‘অন্যদের অচিন্তনীয় সব রেকর্ড গড়তে দেখা কতটা হতাশাজনক ছিল, সেটা বলে বোঝানো কঠিন। যখন দেখতাম সে কাজটা করতেই আমাকে কী কষ্টের মধ্য দিয়ে যেতে হচ্ছে। আমার সতীর্থদের মাঝে এটা কী প্রভাব ফেলছে সেটাও দেখেছি। আমি ভাবতাম এরা হয়তো প্রতারক, বেশ কয়েকজনের ক্ষেত্রে সেটা প্রমাণিতও হয়েছে। আমাদের (যুক্তরাষ্ট্রের সাঁতার দল) যে পরিমাণ ডোপ পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে, তাতে বিষয়টা মেনে নেওয়া কষ্টকর।’
তবে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টাই করছে ক্রীড়াঙ্গনকে এ কালো থাবা থেকে বাঁচানোর। প্রতিনিধি পরিষদের কাঁধে দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ব ডোপবিরোধী সংস্থাকে বাড়তি অর্থ সাহায্য করার প্রস্তাব অনুমোদনের। এটা যে এখন সময়ের দাবি, সেটা বোঝাতেই গিয়েছিলেন ফেল্‌প্‌সরা, ‘আমার মতে, এ ব্যাপারে এখনই পদক্ষেপ নেওয়া উচিত। আমাদের একটা পথ খুঁজে বের করতেই হবে। যদি আরও অর্থ লাগে তো লাগুক।’ এএফপি, ইয়াহু।