দেশের মাটিতে গত আসরে এসেছে ১৮টি সোনা। এবার গুয়াহাটি ও শিলং থেকে এল ৪টি। দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ গেমস) বাংলাদেশের অবনতির চিত্রটা এতেই স্পষ্ট।
তবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এবারের গেমসে বাংলাদেশের সামগ্রিক ফলাফলে বেশ খুশি। নিজের কাছে একটি যুক্তিও আছে তাঁর, ‘এবার আমরা ৭৫টি পদক জিতেছি, এটা কম নয়। যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন তাহলে আমি খুশি। সেটা এ কারণে যে, ২২টি খেলায় অংশ নিয়ে আমরা অধিকাংশ খেলাতেই পদক পেয়েছি।’
সাইক্লিং ও ভলিবল ছাড়া এবার বাকি সবগুলোতেই পদক পেয়েছে বাংলাদেশ। যার মিলিত ফল ৭৫টি পদক, আট দেশের মধ্যে পঞ্চম। চারটি সোনার সঙ্গে ১৫ রুপা আর ৫৬ ব্রোঞ্জ। গতবার ১৮টি সোনার সঙ্গে ২৩ রুপা, ৫৬ ব্রোঞ্জসহ এসেছিল ৯৭টি পদক। ঘরের মাঠে পদক বেশি আসে—বিওএর মহাসচিব সেটাও মনে করিয়ে দিলেন।
পদকসংখ্যা সাফল্যের মানদণ্ড হলে আফগানিস্তানের ওপরে থাকে বাংলাদেশ। আফগানরা ৩৫টি পদক নিয়ে আছে চারে। কিন্তু গেমসে মোট পদকের চেয়ে সোনার সংখ্যাই দলগুলোর অবস্থান নির্ণায়ক। যেখানে ১৮৮টি সোনা নিয়ে ভারত প্রথম, ২৫ সোনা পেয়ে শ্রীলঙ্কা দ্বিতীয়, তৃতীয় পাকিস্তানের অর্জন ১২টি সোনা। সাত সোনা জিতে বাংলাদেশের ওপরে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। এ নিয়ে বিওএ মহাসচিব যুক্তি দেখান, ‘আফগানিস্তান তায়কোয়ান্দো থেকেই ছয়টি সোনা জিতে নিয়েছে। আমরা কিন্তু বিভিন্ন খেলায় পদক পেয়েছি।’
সোনার সংখ্যা ১৮ থেকে ৪টিতে নেমে আসা দেখে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এখন অনেকের মুখেই হা-হুতাশ। দীর্ঘমেয়াদি পরিকল্পনা না থাকায় গতবারের তৃতীয় স্থান থেকে বাংলাদেশ এবার নেমে দাঁড়িয়েছে পাঁচে। দেশের মাটিতে ভালো করার বাড়তি সুবিধা আছে, সেটি একটা যুক্তি বটে। তা ছাড়া গতবার সাতটি সোনা এবার এমনিই হাতছাড়া হয়েছে কারাতে, ক্রিকেট, গলফ না থাকায়।
তারপরও চারটি সোনা এই যুগে যৎসামান্যই। ১৬ কোটি মানুষের দেশ চার সোনায় খুশি হয় কী করে? বিওএ মহাসচিব আসলে খুশি নন, ‘না, না, চারটি সোনায় কেউ খুশি হয় নাকি?’ কিন্তু সামগ্রিক ফলে তাঁর সন্তোষ প্রকাশের অর্থ তো রুপা আর ব্রোঞ্জ জেতাটাও বাংলাদেশের বর্তমান বাস্তবতায় খারাপ নয়।
মাঠে খেলা থাকলে সাফল্য আসে, তা হ্যান্ডবল দেখিয়েছে বলে উদাহরণ দেন শাহেদ রেজা। সেই হ্যান্ডবলে এবার রুপাজয়ী মেয়েদের ও ব্রোঞ্জজয়ী ছেলেদের কাল সংবর্ধনা দিয়েছে হ্যান্ডবল ফেডারেশন। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে এসে বিওএ মহাসচিব বললেন, ‘সাঁতার হারিয়ে গিয়েছিল, সেখানে এবার দুটি সোনা এসেছে। এটা বড় ব্যাপার। শ্যুটিংয়েও গোল্ড পেয়েছি।’ অতৃপ্তিও অবশ্য আছে তাঁর, ‘আর্চারি-ফুটবলে আশা ছিল ওরা পারেনি। অ্যাথলেটিকসে ভালো করেনি। এই ইভেন্টগুলোতে ভালো করলে ফল আরও ভালো হতো।’
গেমস শেষে সব সময়ই শোনা যায়, ‘আমাদের দীর্ঘ মেয়াদে পরিকল্পনা নিয়ে এগোতে হবে।’ এবারও তা উচ্চারিত হচ্ছে শাহেদ রেজাসহ সবার কণ্ঠে। তবে এবার এসএ গেমসের শেফ দ্য মিশন ও বিওএর উপমহাসচিব আশিকুর রহমানের বিশ্লেষণটা ভিন্ন, ‘এটাই আসলে আমাদের মান। তাই এর চেয়ে বেশি কিছু আশা করিনি।’ প্রশ্ন হচ্ছে, এটাই বাংলাদেশের মান হলে উন্নতির কি চেষ্টা থাকবে না?