তবু সন্তুষ্ট মেজবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু ভুবনেশ্বরে শেষ হয়েছে ২২তম এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। স্বাগতিক ভারতের কাছে এটি স্মরণীয় প্রতিযোগিতা, নিজেদের ইতিহাসের সেরা পারফরম্যান্স দেখিয়ে জিতেছে ২৯টি পদক (১২টি সোনা, ৫টি রুপা ও ১২টি ব্রোঞ্জ)। অথচ ভারতের প্রতিবেশী বাংলাদেশের জন্য এটি ছিল আরেকটি ব্যর্থ ও আনুষ্ঠানিকতার সফর। এশিয়ান পর্যায়ে অ্যাথলেটিকসে পদকের আশা করাটা হয়তো এখনো অবাস্তব, কিন্তু গেমসে নিজেদের সেরাটাও দিতে পারেননি বাংলাদেশের অ্যাথলেটরা।

বেশির ভাগ ক্ষেত্রেই দেখা গেছে, হিটে সবার পেছনের নামটি বাংলাদেশি অ্যাথলেটের। ১৫টি ইভেন্টের মধ্যে সবচেয়ে ভালো ফল করেছেন খন্দকার কিবরিয়া। ছেলেদের ৮০০ মিটার দৌড়ের হিটে ১১ জনের মধ্যে হয়েছেন অষ্টম। তিনি সময় নেন ১ মিনিট ৫৪.৬৬ সেকেন্ড। বিজিবির অ্যাথলেট এ ইভেন্টে দেশে নিয়মিত সময় করেন ১ মিনিট ৫৭ সেকেন্ড।

ভুবনেশ্বরে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে প্রতিযোগিতা শুরুর দুই সপ্তাহ আগে ১৮ সদস্যের দলকে ভারতে পাঠিয়েছিল ফেডারেশন। তবে ফল যা-ই হোক, ভারতের স্থানীয় কোচদের অধীনে গেমস ভেন্যুতে অনুশীলন করে যেটুকু উন্নতি হয়েছে তাতে খুশি দেশের দ্রুততম মানব মেজবাহ আহমেদ।

প্রতিযোগিতা শেষে মেজবাহ সবার আগে দেশে ফিরেছেন। আগামী ৪-১৩ আগস্ট লন্ডনে অনুষ্ঠেয় বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন তিনি। এ জন্য ভিসা করার জন্য পরশু এসেছেন ঢাকায়। বাকিদের আগামীকাল দেশে ফেরার কথা। মেজবাহ ১০০ মিটার স্প্রিন্টের হিটেই বাদ পড়লেও নিজের টাইমিংয়ে (১০.৮৮ সেকেন্ড) সন্তুষ্ট, ‘ওখানে আগে গিয়ে ট্রেনিং করায় সবারই উন্নতি হয়েছে। মাঠের সঙ্গে মানিয়ে নিতে পেরেছি। যেমন প্র্যাকটিস করেছি তাতে সময় কমেছে। নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট।’ আগে চার মাস অনুশীলনের পর গত এসএ গেমসের ১০০ মিটার স্প্রিন্টে মেজবাহর টাইমিং ছিল ১০.৭২ সেকেন্ড। কিন্তু ভারতে দুই সপ্তাহের অনুশীলনে এই টাইমিংকে মোটেও খারাপ বলতে রাজি নন বাগেরহাটের তরুণ। বরং চান এভাবে দেশের বাইরে আরও দীর্ঘমেয়াদি অনুশীলন।