তবু সেরাটা দিতে চান শিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহফুজা খাতুন শিলা
মাহফুজা খাতুন শিলা

কয়েক মাস ধরে সময়টা ভালো যাচ্ছে না সাঁতারু মাহফুজা খাতুন শিলার। গত জুনে হঠাৎই শিলার মায়ের ব্রেস্ট ক্যানসার ধরা পড়ে। মায়ের চিকিৎসার জন্য তাই হাসপাতালে ছোটাছুটি করতে হচ্ছে এসএ গেমসে জোড়া সোনাজয়ী সাঁতারুর। পনেরো দিন আগে মাকে রেখে এসেছেন ভারতের একটি হাসপাতালে। আজ থেকে তাঁকে কেমোথেরাপি দেওয়া শুরু হবে। মায়ের অসুস্থতায় পূর্ণ মনোযোগে অনুশীলন করতে পারছেন না। বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য ফেডারেশন দিন দশেকের ক্যাম্প করেছে। অল্প অনুশীলন করেই এবার হাঙ্গেরিতে বিশ্ব সাঁতারে অংশ নেবেন শিলা। হাঙ্গেরির বুদাপেস্টে ১৪ জুলাই থেকে শুরু হয়েছে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ, শেষ হবে ৩০ জুলাই। বিশ্ব সাঁতারের সবচেয়ে বড় এই মঞ্চে শিলার সঙ্গী হচ্ছেন সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও জুয়েল রানা। আজ ভোরের বিমানে ঢাকা ছাড়ার কথা শিলা ও জুয়েলের। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বৃত্তি পেয়ে হাইপারফরম্যান্স ট্রেনিংয়ে অংশ নিতে গত কয়েক বছর থাইল্যান্ডে আছেন সাগর। থাইল্যান্ড থেকে ইস্তাম্বুল বিমানবন্দরে ট্রানজিটে দলের সঙ্গী হবেন নৌবাহিনীর এই সাঁতারু।

এবার শিলা অংশ নেবেন ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক ও ৫০ মিটার ফ্রিস্টাইলে। প্রস্তুতি ভালো না হওয়ায় সাঁতরাবেন না ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে। ২০০৪ জাতীয় সাঁতারে রুপা জয়ের পর এবারই প্রথম ৫০ মিটার ফ্রিস্টাইলে অংশ নেবেন শিলা। সাগর অংশ নেবেন ৫০ ও ১০০ মিটার ফ্রিস্টাইলে। জুয়েল রানা ৫০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোকে।

কয়েক বছর ধরে ঘুরেফিরে এই তিনজনই বেশির ভাগ সময় অংশ নিচ্ছেন সাঁতারের সব রকমের বৈশ্বিক আসরে। ২০১৩ সালে স্পেনের বার্সেলোনায় ৫০ মিটার পুলের বিশ্ব সাঁতারে অংশ নেন সাগর ও শিলা। গত বছর কানাডার উইন্ডসরে ২৫ মিটার পুলে নেমেছিলেন শিলা, সাগর ও জুয়েল। এর বাইরে রাশিয়ার কাজানে ৫০ মিটার পুলে অংশ নেন সাগর ও জুয়েল। গত বছর দুবাইয়ে অনুষ্ঠিত সাঁতার বিশ্বকাপেও অংশ নেওয়ার অভিজ্ঞতা আছে শিলার। এবার অবশ্য ৫০ মিটার পুলে সাঁতরাবেন সবাই।

গত বছর কানাডায় সর্বশেষ বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে শিলা সময় নেন ৩৫.৩০ সেকেন্ড। শিলার ক্যারিয়ার-সেরা টাইমিং অবশ্য ৩৪.৮৮ সেকেন্ড, যেটি করে এই ইভেন্টে এসএ গেমসে সোনা জিতেছিলেন গত বছর। তবে নানা প্রতিবন্ধকতা পেরিয়েও বুদাপেস্টে ভালো টাইমিং করতে চান বিকেএসপির সাবেক সাঁতারু, ‘আমি এবার মাত্র ১০ দিন অনুশীলনের সুযোগ পেয়েছি। মায়ের অসুস্থতার কারণে নিজে থেকেও অনুশীলন করতে পারিনি। তবুও হাঙ্গেরিতে নিজের সেরাটা দিয়ে এসএ গেমসের চেয়ে ভালো টাইমিং করতে চাই।’