বাংলাদেশের অলিম্পিক-যাত্রা শুরু ১৯৮৪ সালে। লস অ্যাঞ্জেলেসে সেবার তিন সদস্যের বাংলাদেশ দলের একমাত্র ক্রীড়াবিদ ছিলেন ওই সময়ের দ্রুততম মানব সাইদুর রহমান ডন। এরপর প্রতিটি অলিম্পিকে ওয়াইল্ড কার্ডের সুবাদে অ্যাথলেটিকস থেকে বাংলাদেশের কোনো-না-কোনো প্রতিনিধি ছিলেনই। কিন্তু এবারই প্রথম হয়তো ব্যতিক্রমী ঘটনা ঘটতে যাচ্ছে।
বাংলাদেশের দ্রুততম মানব মেজবাহ উদ্দিন ও দ্রুততম মানবী শিরিন আক্তারের ওয়াইল্ড কার্ড নিয়ে সংশয়ে রয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। এই দুজনের ব্রাজিলগামী বিমানের টিকিটের ব্যবস্থাও করে রেখেছে বিওএ। পরশু কুর্মিটোলা গলফ ক্লাবে সেনাবাহিনীর প্রধান ও বিওএর সভাপতি জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে অলিম্পিকগামী অন্য খেলোয়াড়দের পাশাপাশি এই দুজনও সৌজন্য সাক্ষাৎ করেন। তাঁদেরও ব্লেজারের মাপ নিয়েছে বিওএ। কিন্তু রিও ডি জেনিরোতে এই দুই অ্যাথলেটের যাওয়া হবে কি না, সেটি নিশ্চিত বলতে পারছেন না বিওএর কর্মকর্তারাই।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে এই দুজনের জন্য ওয়াইল্ড কার্ডের আবেদন করেছিল বিওএ। বাংলাদেশের জন্য ওয়াইল্ড কার্ড পাওয়ার চূড়ান্ত সময়সীমা ছিল ১৫ জুলাই। কিন্তু কাল রাত সাড়ে নয়টায় এই প্রতিবেদন লেখার সময়ও কোনো আশার কথা শোনাতে পারেননি বিওএর মহাপরিচালক ফখরুদ্দিন হায়দার, ‘আমরা আশা করেছিলাম, কাল (পরশু) রাতেই ওদের ওয়াইল্ড কার্ড পেয়ে যাব। কিন্তু এখনো ওদের নামে কোনো ওয়াইল্ড কার্ড আসেনি।’
অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস অবশ্য এখনো আশায় বুক বেঁধে আছেন, ‘আজ (গতকাল) রাতেই হয়তো আমরা একটা সুখবর পেতে পারি। তবে শেষ পর্যন্ত যদি কার্ড না পাই, তাহলে আইএএএফের (ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিক ফেডারেশন) সভাপতি সেবাস্তিয়ান কোর সঙ্গে কাল সকালে নিজে কথা বলব। অনুরোধ জানাব, বাংলাদেশকে যেন অন্তত একটা ওয়াইল্ড কার্ড হলেও দেওয়া হয়।’
‘অলিম্পিকে পদক জয় নয়, অংশগ্রহণই বড় কথা’—এই মন্ত্রেই যেন বিশ্বাসী মনে হচ্ছে মেজবাহকে। অলিম্পিক-যাত্রার সব প্রস্তুতি শেষ। কিন্তু যিনি ট্র্যাকে নামবেন, তাঁর প্রস্তুতিটাই তেমন হয়নি! গলফার সিদ্দিকুর রহমান, শ্যুটার আবদুল্লাহ হেল বাকি, সাঁতারু মাহফিজুর রহমানের সঙ্গে পরশু কুর্মিটোলায় কৃশকায় মেজবাহকে দেখে মনে হলো, তাঁর ফিটনেসে ঘাটতি রয়েছে। মেজবাহ নিজেই জানালেন, ‘রোজা রেখেছিলাম বলে অনুশীলনটা ভালো হয়নি।’