তর্কাতীত তাঁর শ্রেষ্ঠত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেবাস্তিয়ান কো
সেবাস্তিয়ান কো

শেষটা ঘনিয়ে আসছে তাঁর। অ্যাথলেটিকস-বিশ্বেও তাই কিছুদিন ধরে বাজছে উসাইন বোল্টের বিদায়রাগিণী। এ গ্রহের দ্রুততম মানবকে শেষবারের মতো ট্র্যাকে দেখার প্রস্তুতি নিচ্ছেন অনেকে। সব মিলিয়ে কাল থেকে লন্ডনে শুরু হতে যাওয়া এবারের অ্যাথলেটিকস বিশ্ব চ্যাম্পিয়নশিপের মধ্যমণি একজনই—বোল্ট। বিদায়টা রাঙিয়ে যেতে পারবেন তো জ্যামাইকান কিংবদন্তি? পারুন বা না পারুন, বোল্ট ইতিহাসের সেরা স্প্রিন্টার হয়েই থাকবেন বলে মনে করেন আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশনের (আইএএএফ) সভাপতি সেবাস্তিয়ান কো।

অলিম্পিকে ৮টি সোনা, বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১১টি। ২০০৮ বেইজিং অলিম্পিকে রিলেতে সোনাজয়ী জ্যামাইকা দলের সতীর্থ নেস্টা কার্টারের ডোপ অপরাধ প্রমাণিত হওয়ায় একটি সোনা ফিরিয়ে দিতে না হলে অলিম্পিকে বোল্টের সোনা হতো ৯টি। ২০১১ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১০০ মিটারে ডিসকোয়ালিফাইড হয়েছিলেন। এর বাইরে ২০০৯ থেকে সব কটি বিশ্ব চ্যাম্পিয়নশিপেই ১০০ মিটার, ২০০ মিটার ও ১০০ মিটার রিলেতে সোনা জিতেছেন। শুধু এই অর্জন আর কীর্তিই নয়, ট্র্যাকের বাইরেও বোল্টের ভাবমূর্তি নিষ্কলঙ্ক। সব মিলিয়েই বোল্টকে ইতিহাসের সেরা বলে রায় দিয়ে দিয়েছেন কো, ‘ও সর্বকালের সেরা স্প্রিন্টার। সে এক বিস্ময়কর প্রতিভা। মোহাম্মদ আলী ছাড়া আমি আর কারও কথা মনে করতে পারছি না, যাঁর খেলা ও খেলার বাইরে এত প্রভাব ছিল। শুক্রবার রাতে পাবের আড্ডায় কে বিশ্বের সেরা ফুটবলার বা টেনিস খেলোয়াড় এ নিয়ে বিতর্ক হয়। কিন্তু উসাইন বোল্টের শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো বিতর্ক নেই।’

ট্র্যাকে ও ট্র্যাকের বাইরে এমন বর্ণাঢ্য ব্যক্তিত্ব বলেই বোল্টের না থাকাটা বেশি অনুভব করবেন কো, ‘আমরা যেটার অভাব বোধ করব, সেটা হচ্ছে তার ব্যক্তিত্ব। আমরা চাই অ্যাথলেটরা ব্যক্তিত্বসম্পন্ন হোক।’ এএফপি।