তাঁর কাছে বয়স একটা সংখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলে অ্যালিশেরের সঙ্গে ৪১ বছর বয়সী জিমন্যাস্ট ওকসানা চুসোভিতিনা l ফাইল ছবি
ছেলে অ্যালিশেরের সঙ্গে ৪১ বছর বয়সী জিমন্যাস্ট ওকসানা চুসোভিতিনা l ফাইল ছবি

রিও অলিম্পিকে পদক জিতবেন ওকসানা চুসোভিতিনা?

পদক জিতবেন কি না তা নিয়ে হয়তো সংশয় আছে। তবে প্রতিযোগিতায় নেমেই যে একটা রেকর্ড গড়বেন, তা নিয়ে কোনো সংশয় নেই। ৫ আগস্ট শুরু হতে যাওয়া রিও ডি জেনিরো অলিম্পিকে অংশ নিলেই সবচেয়ে বেশি বয়সী নারী জিমন্যাস্ট হিসেবে অলিম্পিকের ইতিহাসে নাম লেখাবেন চুসোভিতিনা। জিমন্যাস্টরা যখন কুড়িতেই ‘বুড়ি’ হয়ে যান, চুসোভিতিনা তখন রিও অলিম্পিকে যাচ্ছেন ৪১ বছর বয়সে!

চুসোভিতিনার জন্ম ১৯৭৫ সালে, সেই সময়ের সোভিয়েত ইউনিয়নে। দেশটি ভেঙে যাওয়ার পর কনফেডারেশন অব ইনডিপেনডেন্ট স্টেটসের (সিআইএস) হয়ে ১৯৯২ বার্সেলোনা অলিম্পিকে অংশ নিয়েছেন। সোনা জিতেছেন দলগত ইভেন্টে। এরপর হয়ে গেছেন জন্মভূমি উজবেকিস্তানের। কিন্তু মজার ব্যাপার, ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে চুসোভিতিনা রুপা জেতেন জার্মানির হয়ে!

সে এক করুণ গল্প! ১৯৯৯ সালে তাঁর কোল আলো করে জন্ম নেয় ছেলে অ্যালিশের। পরে দুরারোগ্য লিউকেমিয়ায় আক্রান্ত হয় সে। উন্নত চিকিৎসার জন্য ২০০২ সালে ছেলেকে নিয়ে যান জার্মানিতে। চুসোভিতিনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় জার্মানি। শরীরটাকে ফিট রাখতে জার্মানি তাদের জিমন্যাস্ট দলের সঙ্গে চুসোভিতিনাকে অনুশীলনের সুযোগ করে দেয়। উজবেকিস্তান কর্তৃপক্ষ তাঁকে জার্মানির হয়ে পরের এথেন্স অলিম্পিকে অংশ নেওয়ার অনুমতি দিলেও জার্মানিতে তিন বছর বসবাসের ‘কোটা’ পূরণ না হওয়ায় জার্মানিকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি। সেটি পান পরের অলিম্পিক, বেইজিংয়ে। যেখানে তাঁর রুপার পদকটি আসে ভল্টে।

রিওতেও কি পদক জিতবেন? স্বপ্ন হয়তো দেখছেন কিন্তু মুখে শুধু বলছেন, ‘এত আগে (পদক নিয়ে) পূর্বানুমান করাটা ঠিক নয়।’

২৭ বছরের লম্বা ক্যারিয়ার। বিভিন্ন জিমন্যাস্ট দলে যখন তাঁর ছেলের বয়সী প্রতিযোগীদেরই আধিক্য, তখনো তিনি সর্বোচ্চ পর্যায়ে জিমন্যাস্টিকস চালিয়ে যাচ্ছেন। ৫ ফুট উচ্চতার চুসোভিতিনার ওজন মাত্র ৪৩ কেজি? এই লম্বা ক্যারিয়ার, এই বয়সেও শরীরটাকে ফিট রাখার রহস্য কী? রহস্য-টহস্য কিছু নেই! চুসোভিতিনা বলছেন, কোনো বিশেষ খাদ্যাভাস নয়, নিয়মিত অনুশীলন আর কঠোর পরিশ্রমই তাঁর ক্যারিয়ারটা টেনে এনেছে এত দূর। আর জিমন্যাস্টিকসটা করতে পারেন কারণ, ‘আমি অনুশীলন করি আর খেলি শুধু মনের আনন্দে।’

রিও ডি জেনিরো অলিম্পিক সামনে রেখে জার্মানিতে অনুশীলন ক্যাম্প করবে উজবেকিস্তান দল। সেই দলের সঙ্গে উড়াল দেবেন চুসোভিতিনাও। চল্লিশোর্ধ্ব শিষ্যাকে নিয়ে উচ্ছ্বসিত কোচ নিকোলাই পাক, ‘সে প্রত্যাশাটা বাড়িয়ে দিয়েছে। আধুনিক জিমন্যাস্টিকস দ্রুত পরিবর্তন হচ্ছে। কিন্তু ওকসানা সেই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিয়েই টিকে আছে।’

সবচেয়ে বেশি বয়সী জিমন্যাস্ট হিসেবে অলিম্পিকে অংশ নেওয়া ছাড়াও আরও একটি রেকর্ড গড়বেন চুসোভিতিনা। প্রথম জিমন্যাস্ট হিসেবে খেলবেন সপ্তম অলিম্পিক! এএফপি।