তাঁর সাঁতার জীবনসমুদ্রেও!

‘মেয়ে হয়ে জন্মাইছিস, নাকি হাঁস!’ করিমুন্নেসা সব সময় রাগে গজগজ করতেন। ছোট মেয়েটা হয়েছে ‘হংস-স্বভাবের’। ডাঙার চেয়ে পানিতেই যেন তার স্বস্তি। প্রবল হাড় কাঁপানো শীতেও পানিতে দাপাদাপির বিরাম নেই। গালিগালাজে কাজ না হলে যা হয়, করিমুন্নেসাও তা-ই করলেন। হাতে লাঠি, রাগে বিস্ফারিত চোখ—পুকুরপাড়ে এভাবে হাজির হলেই কাজ হতো। আদরের মেয়েকে আগলেই রাখতে চাইতেন। কিন্তু এক-দুবার যে লাঠিটা শুধু ভয় দেখানোর ব্যবহারেই আটকে থাকত, তা-ও নয়।
পুকুরে সাঁতার কাটার জন্য মায়ের বকুনি আর পিটুনি খেয়ে বড় হওয়া সেই মাহফুজা খাতুন পানিতেই গড়লেন ইতিহাস। বাংলাদেশের প্রথম নারী হিসেবে এসএ গেমসে জিতলেন সোনা। তা-ও একটি নয়, দুটি। রোববার ১০০ মিটারের পর পরদিন ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকেও পোডিয়ামের সবার ওপরে আসনটিতে গর্বিত ভঙ্গিতে দাঁড়ালেন। দরদমাখা গলায় গাইলেন ‘আমার সোনার বাংলা’। গলায় তখন জ্বলজ্বল করছে সোনার পদক।
সাঁতারের মতো একটি খেলায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের কোনো মেয়ের এভাবে উঠে আসা বিস্ময়কর তো বটেই, যশোরের অভয়নগরের মাহফুজা যেন অভয়বাণীও ছড়িয়ে দিচ্ছেন তাঁরই মতো ‘হংসকন্যা’দের। অনুপ্রেরণা জোগাচ্ছেন বন্ধুর পথ ‘সাঁতরে’ পাড়ি দেওয়ার। যেন সাঁতারপাগল সেই সব মেয়েকে বলছেন, ‘আমি পারলে তোমরা কেন নও!’

মাহফুজা পারতেনই! পারারই কথা ছিল তাঁর। লড়াই শব্দটা অচেনা নয়। এমন পরিবারে জন্মেছেন, গ্রামে একসময় যাদের ছিল বেশ ভালো অবস্থা। কিন্তু ষাটোর্ধ্ব বৃদ্ধ বাবা আলী আহমেদ গাজীর এখন মাথা গোঁজার ঠাঁই বলতে ৫ শতক জমি। অথচ এই আহমেদ গাজীই একসময় দান করে দিয়েছেন ১০৮ শতক জমি। তাঁর দান
করা জমিতেই গড়ে উঠেছে এলাকার প্রাথমিক ও মাধ্যমিক স্কুল দুটি। মাদ্রাসাও। জমি দান করেছেন স্থানীয় মসজিদকেও। ভাগ্যের ফেরে আজ চাষযোগ্য জমিও তাঁর নেই।
তবে বড় মনটা আজও বড়ই আছে আহমেদ গাজীর। বাবার কাছ থেকেই যেন সেই বিশাল হৃদয়টি পেয়েছেন মাহফুজা। এ ধরনের মানুষ সংসারী না হলে যা হয়। বৈষয়িক জ্ঞান না থাকায় এত জমি যিনি শিক্ষাপ্রতিষ্ঠানে দিয়েছেন, সেই আহমেদ গাজী কিন্তু নিজের পাঁচ সন্তানকে লেখাপড়া শেখানোর ব্যাপারেও ছিলেন উদাসীন। মাহফুজার লড়াইটা তাই শুধু সাঁতারের পুলে নয়, সেখান থেকে উঠে এসে মাত্র কদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর পাস করেছেন।
তৃতীয় শ্রেণিতে পড়ার সময়ই প্রথম সাঁতার প্রতিযোগিতায় নামা মাহফুজার। সেটিও উপজেলা পর্যায়ের। প্রতিবেশী নজরুল ইসলাম সাঁতারে মেয়েটির প্রবল আগ্রহ দেখেই তাঁর কথা জানান ক্রীড়া সংগঠক ও বর্তমান সাঁতার দলের ম্যানেজার আব্দুল মান্নানকে। মান্নানের প্রচেষ্টায় ২০০৩ সালে ভর্তি হন বিকেএসপিতে। সেখান থেকেই শুরু মাহফুজার উত্থানের গল্প। এ অধ্যায়টি আরও বর্ণিল হলো এবারের এসএ গেমসে। শতাধিক জাতীয় পুরস্কার তো বটেই, এর বাইরে ইন্দো-বাংলাদেশ বাংলা গেমসেও পেয়েছেন তিনটি পদক।
মাহফুজা দ্রুতই বুঝে গেছেন, সাঁতার আর তাঁর শুধু নেশা নয়, এটিই তাঁর জীবন। এখানে ভালো করলেই মিলবে একটু ভালো থাকার সুযোগ। বাউন্ডুলে বাবা একটু ভালো থাকবেন। বেখেয়ালী একটা মানুষের সঙ্গে সংসার করতে গিয়ে প্রতিমুহূর্তে লড়ে লড়ে ক্লান্ত মা হয়তো একটু স্বস্তি পাবেন। মাহফুজার কাছে সাঁতারের পুলে সাঁতরানো মানে যেন জীবনেরই লড়াই। এখানে ফার্স্ট-সেকেন্ড-থার্ড হওয়া মানে শুধু গলায় পদক ঝোলানো নয়। এতটা কাব্যিক নয় মাহফুজাদের জীবন।
গতকাল মঙ্গলবার বিকেলে মাহফুজার বাড়িতে গিয়ে দেখা গেল, তখনো যেন উৎসবের রেশ ফিকে হয়ে যায়নি। গ্রামের অনেকেই আসছেন খবর পেয়ে। মিষ্টি খাওয়া চলছে। উঠানে একটি টেবিলে এনে রাখা হয়েছে রাজ্যের যত মেডেল আর ক্রেস্ট। সবাই যে দেখতে চায়! বারবার ঘর থেকে বের করে দেখানোর চেয়ে সাজিয়ে রাখাই তো ভালো।
সেই পদকগুলোর দিকে নয়, উঠানে দাঁড়িয়ে থাকা বাবা আহমেদ গাজী পেছনের আধা পাকা বাড়ির দিকে স্থির চোখ রেখে বললেন, ‘মেয়ে আমার সোনার মেয়ে!’ সব হারিয়ে ফেলা বাবাকে যে এই বাড়িটাও বানিয়ে দিয়েছেন মেয়েই। সাঁতার থেকে পাওয়া অর্থ থেকেই। মাহফুজা ছোট থেকে সাঁতরাচ্ছেন জীবন নামের এক উত্তাল সাগরে!
মা কিছু বলতেই পারলেন না। মনের ভেতর জমে থাকা সব আনন্দ আর আবেগ তখনো প্রকাশিত হচ্ছে কেবলই চোখের জলে। হয়তো মনে পড়ে যাচ্ছে সেই সব দিনগুলো। হয়তো আক্ষেপ হয়েছে, বকুনি পর্যন্তই ঠিক ছিল। দিনমান পুকুরে পড়ে থাকার শাস্তি হিসেবে ওভাবে মেরে শাস্তি দেওয়াটা আসলে ঠিক হয়নি!
মাহফুজার ছোটবেলার স্কুলশিক্ষিকা লক্ষ্মী রানি দেব জানিয়ে দিলেন, শুধু সাঁতার নয়, ছোট থেকে পড়াশোনায়ও প্রবল আগ্রহ ছিল বলেই বড় একটি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় পড়তে পেরেছেন মাহফুজা। এই অর্জনটাকেও গুরুত্ব দিতেই হবে।
প্রতিবেশী হাবিবুর রহমান যা দাবি করছেন, সেটিকেও গুরুত্ব দিতে হচ্ছে, ‘ও তো শুধু ওর বাবার নয়, আমাদের পুরো গ্রাম, পুরো অভয়নগরের গর্ব।’ মিষ্টি বিতরণের দায়িত্বটা গ্রামবাসীই ভাগাভাগি করে নিয়েছে। মাইকিং করে প্রচার করা হয়েছে এই আনন্দ সংবাদ।
মাহফুজা এখন আর নওয়াপাড়া, অভয়নগর কিংবা যশোরের মেয়ে নন; পুরো বাংলাদেশের মেয়ে। মাহফুজার গর্ব বাংলাদেশেরই গর্ব।