তাই বলে কাপড় খুলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঙ্গোলিয়ার কোচ কাপড় খুলে প্রতিবাদ করছেন রেফারির সিদ্ধান্তের। ছবি: রয়টার্স।
মঙ্গোলিয়ার কোচ কাপড় খুলে প্রতিবাদ করছেন রেফারির সিদ্ধান্তের। ছবি: রয়টার্স।

রেফারির সিদ্ধান্তের সঙ্গে সবাই একমত হন না, এটা খেলারই অংশ। রেফারির সিদ্ধান্ত পছন্দ না হলে প্রতিবাদে কোচ-খেলোয়াড়েরা অনেক কিছুই করেন। কিন্তু রিও অলিম্পিকের একেবারে শেষ লগ্নে এসে মঙ্গোলিয়ার দুই কুস্তি কোচ যা করলেন, তা রীতিমতো নজিরবিহীনই। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে তাঁরা নিজেদের জামা কাপড় খুলে ফেলেছেন!
রেসলিংয়ে মঙ্গোলিয়ার গানজোরিগিন মানডাখারানের সঙ্গে লড়াই চলছিল উজবেকিস্তানের ইখতিয়ার নাভরুজভের। ম্যাচে পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিলেন মানডাখারান। এমনকি ম্যাচের শেষে রেফারি মানডখারানকে পয়েন্টের ব্যবধানে জয়ীও ঘোষণা করেছিলেন। ব্রোঞ্জ পদকের আনন্দে মঙ্গোলীয় দলের সবাই যখন আত্মহারা, তখনই আবার নতুন করে সিদ্ধান্ত দেন রেফারি। নিয়মভঙ্গ হয়েছে—এমন অজুহাত তুলে উজবেক কুস্তিগির নাভরুজভকে জয়ী ঘোষণা করেন। রেফারির এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরেই মানডাখারানের দুই কোচ সেরেনবাটার সোগটবায়ারা ও বিয়ামবারেনচিন বায়ারা পরনের অন্তর্বাস ছাড়া সব ​পোশাক খুলে ফেলেন।
দুই কোচ অবশ্য উদোম অবস্থায় বেশিক্ষণ থাকতে পারেননি। নিরাপত্তাকর্মীরা প্রায় জোর করেই ভেতরে নিয়ে যায় তাঁদের। নিশ্চিত ব্রোঞ্জ হাতছাড়া হওয়ার পর সংবাদ সম্মেলনে রেফারির বিপক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন তাঁরা। বিয়ামবারেনচিন বলেন, ‘এই রেফারি ছিল পক্ষপাতদুষ্ট। উপস্থিত দর্শকেরা দেখেছেন আমাদের সঙ্গে কী ধরনের অবিচার করা হয়েছে। রেফারির এই অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদ করেছি আমরা। মঙ্গোলিয়ার ৩০ লাখ মানুষ এর প্রতিবাদ জানায়।’ সূত্র: বিবিসি অনলাইন।