তামিমুলের সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুব কমনওয়েলথ গেমসে সোনা জয়ের পর লাল-সবুজ পতাকা হাতে তামিমুল ইসলাম। কাল সামোয়ায় রিকার্ভ বোয়ে এই সাফল্য পেয়েছেন বাংলাদেশের তরুণ  তিরন্দাজ l সৌজন্য ছবি
যুব কমনওয়েলথ গেমসে সোনা জয়ের পর লাল-সবুজ পতাকা হাতে তামিমুল ইসলাম। কাল সামোয়ায় রিকার্ভ বোয়ে এই সাফল্য পেয়েছেন বাংলাদেশের তরুণ তিরন্দাজ l সৌজন্য ছবি

লালমনিরহাটের স্কুলশিক্ষক বাবার অন্য সন্তানদের মতো পড়াশোনায় মনোযোগী ছিলেন না তামিমুল ইসলাম। চার বছর আগে বিকেএসপিতে আর্চারিতে ভর্তি হওয়ার পর কোচ মোহাম্মদ আলম বুঝিয়েছিলেন, ‘পড়াশোনাটা যেমনই করো না কেন, খেলাধুলায় এমন কিছু করো যাতে সারা দেশের মানুষ তোমাকে চিনতে পারে।’ তা কোচের কথা রেখেছেন বিকেএসপির উচ্চমাধ্যমিকের ছাত্র। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ সামোয়াতে অনুষ্ঠানরত যুব কমনওয়েলথ গেমসের ছেলেদের রিকার্ভ বোয়ে কাল সোনা জিতেছেন এই বাংলাদেশের তরুণ তিরন্দাজ। ফাইনালে তিনি হারিয়েছেন ভারতের নিশান্ত কুমাওয়াতকে।
সামোয়াতে কাল আরও একটি পদক জিতেছে বাংলাদেশ। মেয়েদের আর্চারির রিকার্ভ বোয়ে মালয়েশিয়ার নূর আমালিয়া হানিশা মাজলানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন নন্দিনী খান স্বপ্না। এর আগে পুনেতে ২০০৮ যুব কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন ভারোত্তোলনের ফাহিমা আক্তার ময়না। এত দিন পর্যন্ত যুব কমনওয়েলথে ওটাই ছিল বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য।
এ বছরের শুরুতে ক্লাব চ্যাম্পিয়নশিপে সোনা জেতা তামিমুল আন্তর্জাতিক অঙ্গনে সুবাসটা ছড়ান আসলে গত মার্চে ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারিতে। সেখানে তামিমুলের স্কোরেই মূলত বাংলাদেশ দলগত রুপা জেতে। ওই দলের অন্য দুই আর্চার ছিলেন শেখ সজীব ও দুরুল হুদা। ব্যাংককে তামিমের খেলা দেখেই সামোয়াতে পাঠানোর সিদ্ধান্ত নেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন চপল, ‘আমি ওকে নিয়ে দারুণ আশাবাদী ছিলাম। ও যে সামোয়াতে ভালো কিছু করবে সেটা জানতাম।’
এর আগে তামিমুল বাংলাদেশ গেমসে দলগত রুপা জেতেন। আর গত বছর জাতীয় চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন মিশ্র দ্বৈতে। আর ফরিদপুরের মেয়ে স্বপ্নার এটাই প্রথম কোনো আন্তর্জাতিক পদক।