তাহলে বিদায় ইসিনবায়েভা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েলেনা ইসিনবায়েভা
ইয়েলেনা ইসিনবায়েভা

রিও অলিম্পিকেও গলায় সোনার পদক। সেটি নিয়েই হাসিমুখে ক্যারিয়ার শেষ করবেন—স্বপ্নটা হয়তো এমনই ছিল ইয়েলেনা ইসিনবায়েভার। কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেছে রুশ এই পোল ভল্টারের। ডোপিংয়ের অভিযোগে রুশ অ্যাথলেটদের অলিম্পিকে নিষিদ্ধ করার সিদ্ধান্তই বহাল রেখেছেন আন্তর্জাতিক ক্রীড়া আদালত (সিএএস)। রাশিয়ার অ্যাথলেটরা থাকছেন না মানে ইসিনবায়েভাও রিওতে নেই। রাগ, ক্ষোভ আর যন্ত্রণায় তাই ক্যারিয়ারই শেষ করে দেওয়ার আভাস দিলেন ‘পোল ভল্টের রানি’!
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অব্যাহতভাবে ডোপ নেওয়ার অভিযোগে রিও অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট থেকে রাশিয়াকে নিষিদ্ধ করেছিল ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিকস ফেডারেশন (আইএএএফ)। এই সিদ্ধান্তের বিরুদ্ধে পরে রাশিয়ার ৬৮ জন অ্যাথলেট ক্রীড়া আদালতে আবেদন করেছিলেন। তাঁদের দাবি ছিল, কয়েকজনের ডোপিংয়ের দায় পুরো দল কেন নেবে? কিন্তু সেই দাবি ধোপে টেকেনি, সিএএস পরশু নিষেধাজ্ঞাই বহাল রেখেছে। রাশিয়াকেই অলিম্পিক থেকে নিষিদ্ধ করা হবে কি না, সেটিই এখন সক্রিয়ভাবে বিবেচনাধীন।
আইএএএফের সিদ্ধান্তটি জেনেই ক্ষোভে ফেটে পড়েন দুবারের অলিম্পিক সোনাজয়ী পোল ভল্টার ইসিনবায়েভা। এটি তিনবারের এই বিশ্ব চ্যাম্পিয়নের চোখে ‘নগ্ন রাজনৈতিক চাল’। সেই ক্ষোভের সঙ্গে পরে মিশেছে অলিম্পিকে না থাকতে পারার যন্ত্রণাও। আর পরশু আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায়টা যেন তাঁকে বিঁধেছে তীব্র যন্ত্রণার তিরে, ‘আমি খুবই হতাশ। খুব আশা ছিল রিওতে জয় দিয়ে ক্যারিয়ারটা শেষ করব। কিন্তু এই রায় আমার শেষ আশাটাকে মেরে ফেলল। আর প্রস্তুতি নিয়ে কী হবে! কোনো আশাই তো নেই।’
এই আক্ষেপ তাঁকে ঠেলে দিচ্ছে অবসর নেওয়ার দিকে, ‘অনেকেই বলছেন আমি এত ফিট যে আরও একটা অলিম্পিক পর্যন্ত যেতে পারব। কিন্তু না, আমার বয়স এরই মধ্যে ৩৪ হয়ে গেছে। এখন আমি পরিবারকেই বেছে নেব।’
শুধু ইসিনবায়েভাই নন, এমন হতাশা আর যন্ত্রণা পোড়াচ্ছে আরও অনেক রুশ অ্যাথলেটকেই, যাঁদের বিরুদ্ধে ক্যারিয়ারে কখনোই ডোপ নেওয়ার অভিযোগ ওঠেনি। ‘সাইবেরিয়ান সেনসেশন’খ্যাত হার্ডলার ও ১১০ মিটার হার্ডলসে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন সের্গেই শুভেনকভ যেমন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘কী লজ্জা! অভিনন্দন সবাইকে। আপনারা এখন “স্বচ্ছ” খেলাধুলা উপভোগ করবেন আশা করি।’
২৩ বছর বয়সী রুশ হাইজাম্পার মারিয়া কুচিনার জন্য এটাই হতো প্রথম অলিম্পিক। পদক জয়ের বড় দাবিদারও ছিলেন তিনি। তাঁর কাছেও সিদ্ধান্তটা বিশাল একটা ধাক্কা, ‘আমার প্রথমেই মনে হয়েছে, এটা কখনোই সত্যি হতে পারে না। কীভাবে সম্ভব এটা! পুরো পৃথিবী কি পাগল হয়ে গেল? এটা আমার প্রথম গেমস হতো। আমি তো বিশ্বাসই করতে পারছি না।’
আবার উল্টো প্রতিক্রিয়াও আছে। আগের দিনই যেমন সিএসের রায়কে স্বাগত জানিয়েছিলেন এ গ্রহের দ্রুততম মানব উসাইন বোল্ট। কাল তাঁর সঙ্গে সুর মিলিয়েছেন সাবেক ব্রিটিশ স্প্রিন্টার ড্যারেন ক্যাম্পবেলও। ২০০৪ এথেন্স অলিম্পিকে ১০০ মিটার রিলেতে সোনাজয়ী স্প্রিন্টারের মতে, ‘এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সেটি অ্যাথলেটিকস আর অলিম্পিককে মেরে ফেলত।’ এএফপি, রয়টার্স।