তিন ধাপে ব্রাজিল-যাত্রা
আয়োজনটা ছিল রিও অলিম্পিকগামী খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সৌজন্য সাক্ষাৎ।
কুর্মিটোলা গলফ ক্লাবে কাল বিকেলে সবার আগে সস্ত্রীক চলে এলেন গলফার সিদ্দিকুর রহমান। তারপর একে একে এলেন ওয়াইল্ড কার্ড পাওয়া শুটার আবদুল্লাহ হেল বাকি, সাঁতারু মাহফিজুর রহমান (সাগর), সোনিয়া আক্তার (টুম্পা), তিরন্দাজ শ্যামলী রায়। তবে আরও দুই অ্যাথলেট মেজবাহ আহমেদ ও শিরিন আক্তারের ওয়াইল্ড কার্ড পাওয়ার সম্ভাবনাও উজ্জ্বল। কাল রাত দশটায় এই প্রতিবেদন লেখার সময় দুই অ্যাথলেটের ওয়াইল্ড কার্ড না এলেও বিওএ আশাবাদী যে তাঁরা ওয়াইল্ড কার্ড পাচ্ছেনই। কাল বিওএ সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন এই দুজনও।
ভারোত্তোলনের মাবিয়া আক্তার সীমান্ত এবং বক্সিং থেকে আল-আমিনের নাম আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে পাঠানো হলেও শেষ পর্যন্ত তাঁদের ওয়াইল্ড কার্ড আসেনি।
২১ সদস্যের বহরে খেলোয়াড় সাতজন। কোচ দুজন—আর্চারির নিশীথ দাস ও শুটিংয়ের ক্লাভস ক্রিস্টেয়েনসেন। গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বহন করবেন সিদ্দিকুর রহমান। গলফার সিদ্দিকুরের ক্যাডি জোহারি বিন আবু বাকের মালয়েশিয়া থেকে সরাসরি ব্রাজিল গিয়ে যোগ দেবেন দলের সঙ্গে।
অলিম্পিক আয়োজক কমিটির আমন্ত্রিত অতিথি হিসেবে যাচ্ছেন বিওএ সভাপতি ও তাঁর স্ত্রী সোমা হক, বিওএ মহাসচিব ও তাঁর স্ত্রী পুনম শাহেদ। বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান (শেফ দ্য মিশন) ফেন্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল আবু তাইয়েব মোহাম্মদ জহিরুল আলম।
তিন ধাপে এবার অলিম্পিকে যাবে বাংলাদেশ দল। ৩১ জুলাই যাচ্ছে শুটিং দল। ১ আগস্ট সাঁতার ও অ্যাথলেটিকস, ২ আগস্ট যাবে গলফ। ৫-২১ আগস্ট রিও ডি জেনিরোতে বসছে ৩১তম এই সামার অলিম্পিক।