সেথ রলিন্সের ভূমিকাটাই এখন অনেকটা খলনায়কের।
পেশাদার রেসলিং যারা দেখে থাকেন, তাঁরা ‘হিল’ ও ‘বেবিফেইস’ দুটি পরিভাষার সঙ্গে বেশ পরিচিত। ‘বেবিফেইস’ তাঁরাই, রেসলার হিসেবে যাদের ভূমিকা বা চরিত্র ইতিবাচক, নায়কসুলভ। দর্শকদের সমর্থন থাকে যার প্রতি। ওদিকে ‘হিল’ রেসলাররা সম্পূর্ণ বিপরীত। তাঁরা খলচরিত্রের। আচরণ ও কর্মকাণ্ডের কারণে দর্শকদের সমর্থন পান না তাঁরা। সেথ রলিন্স (কোলবি লোপেজ) এর ভূমিকা এখন ‘হিল’ রেসলারের। যে কারণে অনেক দর্শকই হয়তো তাঁকে সহ্য করতে পারছেন না!
সহ্য যে করতে পারছেন না, তার প্রমাণ পাওয়া গেল আজ হাতেনাতে। বিশ্বখ্যাত রেসলিং প্রতিষ্ঠান ‘ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লুডব্লুই)’-এর সাপ্তাহিক ইভেন্ট র আয়োজিত হয়েছে আজ, যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে। রলিন্স মুখোমুখি হয়েছিলেন ফিন ব্যালরের (ফারগাল ডেভিট)।
ম্যাচ শুরুর আগেই ব্যালরকে পেটাতে শুরু করেন রলিন্স। ব্যালরও কম যান না, তিনিও পাল্টা মারতে শুরু করেন রলিন্সকে। ফলাফল, দুজনের আনুষ্ঠানিক ম্যাচ আর হয়নি। শেষমেশ ব্যালরকেই বেশি মার খেতে হয়েছে। তবে আসল ঘটনা ঘটেছে এর পর।
ব্যালরকে মেরে রলিন্স যখন ফেরত যাচ্ছিলেন, তখন উপস্থিত এক দর্শক ব্যারিকেড ডিঙিয়ে এসে রলিন্সকে আক্রমণ করেন। সরাসরি ঘাড় দিয়ে রলিন্সের পেটে গুঁতো দেন। রলিন্স প্রথমে চমকে গেলেও পরে সেই অনাহূত দর্শকের মাথা চেপে ধরেন, ততক্ষণে নিরাপত্তারক্ষীরা এসে দুজনকে আলাদা করেন।
অপ্রত্যাশিত এই ঘটনা নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ডব্লুডব্লুই। জানিয়েছে, এর মধ্যেই সেই দর্শককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, ‘রেসলারদের নিরাপত্তার বিষয়টাকে ডব্লুডব্লুই অনেক গুরুত্ব দেয়। যে ব্যক্তি আজ সেথ রলিন্সকে আক্রমণ করেছে, তাঁকে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। আইন অনুযায়ী এখন বিচার হবে তাঁর।’
জানা গেছে, রলিন্সকে আক্রমণকারী এই দর্শকের নাম এলাইসা স্পেনসার, বয়স ২৪ বছর। এর আগেও ২০১৫ ও ২০১৬ সালে দর্শকের আক্রমণের শিকার হয়েছিলেন রলিন্স।