২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত দিল্লিতে অনুষ্ঠেয় এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে খেলবে বাংলাদেশ। প্রতিযোগিতায় সিনিয়র বিভাগে অংশ নেবেন কমনওয়েলথ গেমসের রুপাজয়ী আবদুল্লাহ হেল বাকি ও সাফ গেমসের সোনাজয়ী শারমিন আক্তার রত্না। জুনিয়র বিভাগে রিসালাতুল ইসলাম, জেসিমুজ্জামান ও শাকিল আহমেদ। যুব দলে সুযোগ পেয়েছেন রবিউল ইসলাম, আত্তিয়া হাসান দিশা, শারমিন আক্তার জুনিয়র ও জুঁই চাকমা। ২৪ সেপ্টেম্বর দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। জাতীয় দলের কোচ হিসেবে যাচ্ছেন সাবেক শ্যুটার সাইফুল আলম রিংকি।
নব্বইয়ের দশকে বাংলাদেশের শ্যুটিংয়ের সোনালি সময়ের এই শ্যুটার এবারই প্রথম জাতীয় দলের কোচের দায়িত্ব পেয়েছেন। চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত রিংকি, ‘আমি চ্যালেঞ্জটা নিয়েছি। যদিও একেবারে কম সময় পেয়েছি তারপরও অনুশীলনে সবাই ভালো করেছে। সবকিছু অনুকূলে থাকলে আশা করি ভালো রেজাল্ট করতে পারব আমরা।’