দিশাহীন নৌকা তো ডুববেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাথলেটিকস
অ্যাথলেটিকস
ক্রিকেট নিয়ে মাতামাতি চলে সারা বছরই। কিন্তু কেমন আছে অন্য খেলাগুলো? এই খোঁজখবর নিতেই শুরু হলো নতুন ধারাবাহিক। জনপ্রিয় বা আন্তর্জাতিক পর্যায়ে বলার মতো সাফল্য আছে—এমন খেলাগুলোর বর্তমান পরিস্থিতি, সমস্যা ও সম্ভাবনা নিয়ে লিখছেন খেলাটিরই কোনো এক তারকা খেলোয়াড়। এই ধারাবাহিকে আজ থাকছে অ্যাথলেটিকস
সুফিয়া খাতুন
সুফিয়া খাতুন

মৃত অ্যাথলেটিকসের দাফনটাই বাকি! অনেকের মুখেই কথাটা শুনি। সত্যিই বাংলাদেশ অ্যাথলেটিকস মরে গেছে, এর দেহে আর প্রাণ নেই।
সত্তর-আশির দশকের প্রতিনিধি হিসেবে বলব, আগের সঙ্গে এখন আকাশ-পাতাল পার্থক্য। এখন মানসম্মত অ্যাথলেটের বড়ই অভাব। আমরা ভালো একটা খেলার পরিবেশ অন্তত পেয়েছিলাম। সেটিও নষ্ট হয়ে গেছে। ভীষণ দুঃখবোধ জাগে মনে।
মনটা আরও বিষণ্ন হয় যখন দেখি, একটা মিটের জন্য সারা বছর অপেক্ষা করে ছেলেমেয়েরা। তাও নিয়মিত হয় না। আগে সারা দেশ থেকে অ্যাথলেট আসায় মিটগুলো হয়ে উঠত মিলনমেলা। বর্তমান সময়ের আয়োজন দায়সারা। আমাদের অ্যাথলেটিকসের পাতা থেকে জৌলুশ শব্দটাই মুছে গেছে!
সরকারের উদাসীনতা তো আছেই। ফেডারেশনে দক্ষ নেতৃত্বেরও বড় সংকট। সেখানে রাজনীতি, ফোরাম বাজির জাঁতাকলে পিষ্ট খেলাটা। ফুটবলে কাজী সালাউদ্দিন বিশাল পরিবর্তন আনতে না পারলেও চেষ্টা করছেন। অন্যদিকে আমাদের সভাপতির কর্মকাণ্ড শূন্য, গেমস হলেও ওনাকে পাওয়া কঠিন। সভাপতি নিষ্ক্রিয় থাকলে কোনো দিনই খেলার উন্নতি হবে না।
উন্নতির সম্ভাবনা বলতে গেলে নেইও। নানা তদবির আর দলবাজির পর একটা নেতৃত্ব আসে, খেলাটার ভাগ্য বদলায় না। নেতাদের ডান হাত বাঁ হাতে নানা ধরনের লোকজন। বিদেশে যাচ্ছে ইচ্ছেমতো, খেলোয়াড় হিসেবে যখন যাকে খুশি পাঠাচ্ছে। ভালো কেউ সেক্রেটারি হতে চাইলে তাঁর পথে বিছানো হবে হাজারো কাঁটা। মারব, ধরব...এগুলোই তো দেখি। খেলার উন্নয়নে গঠনমূলক কাজ, দীর্ঘমেয়াদি পরিকল্পনা কোথায়?
মাঠের ছবিটা তাই বিবর্ণ। ধাপ ধাপে খেলোয়াড় তৈরির প্রক্রিয়া না থাকাই বড় কারণ। হুট করে বিকেএসপির একটা ছেলে ভালো করল, তাকে নিয়ে দু-চার দিন বড় বড় কথা শোনা যাবে। তারপর আর খবর নেই। জাতীয় দলে নিলেই সে পদক এনে দিতে পারবে? এত সহজ হলে অ্যাথলেটিকস আজ এমন ধুঁকত না।
আশ্চর্য লাগে, মিট করার জন্য সুবিধামতো একটা সময়ও বেছে নিতে পারে না ফেডারেশন। হঠাৎ করে এখন গরমের মধ্যে বলে দিল, ‘এই তোরা খেলতে আয়।’ ট্র্যাকে গরমে পা দেওয়া যায় না, অথচ গতকাল কিনা শুরু হয়ে গেল জুনিয়র মিট!
খেলোয়াড়েরা সেই দীনহীনভাবেই আসে। বিচারক হিসেবে মিটে গিয়ে দেখি, হাজারো অসংগতি। কোনো কোনো ইভেন্টে ৩-৪ জন খেলোয়াড়ও নেই। পায়ে রানিং কেডস পর্যন্ত থাকে না অনেকের। বয়স কম দেখিয়ে সিনিয়রদের খেলানোর দুর্নীতি তো আছেই। ঠিকমতো খাওয়া নেই, আসা-যাওয়ার ভাড়া নিয়ে দেনদরবার। সিনিয়র মিটেও একই অবস্থা। ‘মাদার গেমের’ বর্তমান হাল সত্যিই দুঃখজনক।
অথচ অতীত তো আশার গান গেয়েছিল! শাহ আলম, বিমল, মাহবুবদের মতো অ্যাথলেট আমরা পেয়েছি। সেই মাটিই আর অ্যাথলেট-প্রসবা নয়! ১০-১৫ বছর আগেই আন্তর্জাতিক পদক আসা বন্ধ। এখন তো অ্যাথলেটিকস পুরোপুরিই যাত্রীশূন্য দিশাহীন এক নৌকা। ঝড়ের মধ্যে সেটিকে ভাসানোর চেষ্টা না করে উল্টো ডুবতে দিচ্ছে ক্রীড়া প্রশাসন! গত এশিয়াডে বিস্ময়করভাবে অ্যাথলেটিকস বাদই দিয়ে দিল বিওএ। পৃথিবীর সব খেলোয়াড়কেই অ্যাথলেট বলে। সব দেশের অ্যাথলেটই যায় গেমসে। সবাই পদক পায় না। নেপাল আমাদের চেয়ে উন্নত না হলেও ঠিকই যাচ্ছে আন্তর্জাতিক আসরে। অথচ মাথাব্যথা বলে আমরা মাথাই কেটে ফেলি। কোথায় নেমেছি আমরা!
নিজে স্প্রিন্টার ছিলাম বলে এই ইভেন্টটা আমাকে এখনো প্রবলভাবে টানে। কিন্তু এখনকার স্প্রিন্টারদের উচ্চতা আমাদের সময়ের চেয়ে তুলনামূলক কম দেখে নিরাশ হই। ছেলেদের মধ্যেও তেমন অ্যাথলেট দেখি না। এখনকার ছেলেমেয়েরা ঘাম ঝরানো অনুশীলন, কষ্ট করার ধৈর্য—এসব থেকে দূরে। দু-একজন বাদ দিলে লেখা পড়ায়ও আগ্রহ কম।
আমি, টলি, অনু, মিমুরা লেখাপড়াকে গুরুত্ব দিয়েছি। আমরা একটা ভালো রানিং শু পর্যন্ত পাইনি, তবু একাগ্র ছিলাম। অর্থ, থাকা-খাওয়ার সুযোগ-সুবিধা এখানকার চেয়েও অনেক কম ছিল তখন। তবু ঘাম ঝরিয়ে নদীর ধারে চরে গিয়েও অনুশীলন করেছি। এখনকার মেয়েরা এসব ভাবতেই পারবে না।
প্রায় সব খেলাতেই দেখি, আর্থিক দিকটাই যেন বড়। টাকার দরকার অবশ্যই আছে। কিন্তু খেলার প্রতি নিবেদনও তো থাকতে হবে। সবই হারিয়ে যাচ্ছে। স্কুল-কলেজের একসময়ের নিয়মিত অ্যাথলেটিকস অনেক দিনই আগেই বাক্সবন্দী। গ্রামগঞ্জে খেলাটা আর নেই। অ্যাথলেটিকসের জন্য প্রসিদ্ধ খুলনা-রাজশাহী অঞ্চলেও এখন ভাটা। সামনে আলোর তীব্র অভাব, ছেলেমেয়েরা কেন আসবে!
তাই খেলোয়াড়-ঘাটতি প্রকট, মান নিম্নমুখী। জাতীয় ক্রীড়া পরিষদ তাদের কোচদের জেলায় জেলায় পাঠাতে পারে। অথচ ওই কোচরা সকালে হাজিরা খাতায় সই করে বসে থাকে—কাজ নেই! ক্লাব না থাকায় কোথাও যাওয়ারও জায়গা পায় না। খেলাটাকে বাঁচিয়ে রেখেছে বিজেএমসিসহ আরও দু-চারটি সার্ভিসেস দল। একটা চাকরি আর সামান্য কিছু টাকাই খেলোয়াড়দের সম্বল।
সেটি আঁকড়ে ধরে এগোতে গিয়ে অবজ্ঞা আর অসম্মানই প্রাপ্তি। সাফ গেমসে সোনা জিতে সরকারের প্রতিশ্রুত এক লাখ টাকা পায়নি মাহবুব। অনেক ঘোরাঘুরি করে একদিন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সে চলে গেল। ওর পরিবারের খবরও আমরা রাখলাম না।
পূর্বসূরিদের এমন করুণ অবস্থায় নতুন প্রজন্ম অ্যাথলেটিকসবিমুখ হবে স্বাভাবিক। বিকেএসপিতে অ্যাথলেটিকসের প্রধান কোচ হিসেবে ২০০৭ সালে (শুরু ১৯৯৮) অবসর নেওয়ার সময়ও দেখেছি, ওখানে প্রতিভাবান কিছু অ্যাথলেট আছে। সত্যি বলতে, বিকেএসপিই যা একটু অ্যাথলেট জোগান দিচ্ছে। কিন্তু উচ্চমাধ্যমিক পর্যন্তই ওখানে শেষ। তারপর ওই ছেলেমেয়েরা ভালো কিছু না দেখে সরে যায়। এই হলো আমাদের অ্যাথলেটিকস!
এখনই যা করতে হবে
১ খেলোয়াড়, কোচ, সংগঠক, বিচারক, সাংবাদিকসহ সবাইকে নিয়ে দ্রুত একটা মতবিনিময় সভা করতে হবে। এর ভিত্তিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জরুরি।
২ প্রতিযোগিতার সংখ্যাও বাড়াতে হবে। প্রতিভাবান অ্যাথলেট বাছাই করে দীর্ঘমেয়াদি এবং কার্যকর প্রশিক্ষণ চাই। বিদেশে পাঠিয়ে উন্নত প্রশিক্ষণেরও বিকল্প নেই।
৩ ফেডারেশনকে আরও গোছাতে হবে। খেলাটা ভালোভাবে পরিচালনা করতে পারে এমন দক্ষ সংগঠকদের দায়িত্ব দিতে বলব।
৪ জুনিয়র ছেলেমেয়েদের জন্য মাসে অন্তত একটি করে প্রশিক্ষণ শিবির চাই। এসব কর্মসূচি বাস্তবায়নে সরকারের সহায়তা প্রয়োজন, যা এখন দেখছি না।
৫ জেলায় জেলায় খেলার পরিবেশটা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। খেলার জন্য মাঠ প্রয়োজন, সেই ব্যবস্থা করতে হবে।