দিয়াকে হারিয়ে সোনার হাসি নাসরিনের

সতীর্থ দিয়াকে হারিয়ে সোনা জিতেছেন নাসরিন (মাঝে)ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের রিকার্ভ এককের সোনার পদকটা যে বাংলাদেশেই আসছে, সেটা নিশ্চিত হয়েছিল গত বৃহস্পতিবার।

থাইল্যান্ডের ফুকেটে এশিয়া কাপ আর্চারির ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং স্টেজ ওয়ানের ফাইনালে উঠেছিলেন বাংলাদেশের দুই আর্চার দিয়া সিদ্দিকী ও নাসরিন আক্তার। আজ ফাইনালে মেয়েদের রিকার্ভের দেশসেরা আর্চার দিয়া সিদ্দিকীকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে সোনার পদক জিতেছেন নাসরিন।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় এটাই নাসরিনের একক ইভেন্টে প্রথম সোনার পদক। এর আগে গত নভেম্বরে ঢাকায় হওয়া এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের মেয়েদের রিকার্ভ দলগত ইভেন্টে ব্রোঞ্জজয়ী দলের সদস্য ছিলেন নাসরিন।


এবারের প্রতিযোগিতার শুরু থেকেই নাসরিন চমক দেখান। র‌্যাঙ্কিং রাউন্ডে সবাইকে চমকে দিয়ে ১৮ জনের মধ্যে হন দ্বিতীয়। ৭২০ পয়েন্টের মধ্যে পান ৬৪২ পয়েন্ট। নকআউট পর্বের সবাইকে অবাক করে দিয়ে নাসরিন ওঠেন ফাইনালে। সেখানে প্রথম সেটে ২৮-২৬ পয়েন্টে জেতেন নাসরিন।

সব মিলিয়ে এই প্রতিযোগিতায় এ পর্যন্ত নাসরিন জিতলেন তিনটি সোনা
গ্রাফিকস : প্রথম আলো

এরপর দ্বিতীয় সেটেও ২৮-২৬ পয়েন্টের জয়। তৃতীয় সেটে ২৮-২৮ পয়েন্টে সমতা ছিল। পরের সেটও ২৭-২৭ পয়েন্টে সমতা। প্রতি সেট জিতলে ২ পয়েন্ট। সেই হিসাবে নাসরিন ৬-২ সেট পয়েন্টে জিতলেন সোনার পদক।


এর আগে সকালে দিনের শুরুতে রিকার্ভের মিশ্র দলগত ইভেন্টে রোমান সানার সঙ্গে জুটি গড়েন নাসরিন। এরপর রিকার্ভ মেয়েদের দলগত ইভেন্টেও সোনা জিতল বাংলাদেশ। এই ইভেন্টে বাংলাদেশের হয়ে খেলেছেন দিয়া, ফাহমিদা ও নাসরিন।

সব মিলিয়ে এই প্রতিযোগিতায় এ পর্যন্ত নাসরিন জিতলেন তিনটি সোনা।


আজ দিনের সবশেষে রিকার্ভ পুরুষ একক ইভেন্টে বাংলাদেশের হাকিম আহমেদ ব্রোঞ্জ জয়ের জন্য লড়াই করবেন কাজাখস্তানের আবদুললিন ইলফাতের বিপক্ষে।