দুই বছর পর সামার অ্যাথলেটিকস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেনা দৃশ্যটাই আজ ও আগামীকাল আবার দেখা যাবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। এনআরবি কমার্শিয়াল ব্যাংক ১৩তম জাতীয় সামার অ্যাথলেটিকস উপলক্ষে দেশের পাঁচ শতাধিক অ্যাথলেটের পদচারণে মুখর হবে দেশের ক্রীড়াতীর্থ।
শীর্ষ খেলোয়াড়দের জন্য অ্যাথলেটিকস ফেডারেশন আয়োজিত দুটি প্রতিযোগিতার একটি এই সামার অ্যাথলেটিকস। অথচ এটি সর্বশেষ হয়েছে ২০১৪ সালে। মেয়াদোত্তীর্ণ নির্বাচিত কমিটি বাতিল করে গত এপ্রিলে গঠিত অ্যাডহক কমিটির অধীনে এটিই প্রথম কোনো জাতীয় মিট। তবে আগে কিছু মিটে আর্থিক পুরস্কার পেলেও এই মিটে খেলোয়াড়েরা সেটি পাবেন না। কারণ আর্থিক সংকট।
অ্যাথলেটদের ইলেকট্রনিক স্কোরবোর্ডে পারফরম্যান্স দেখার সৌভাগ্য হচ্ছে না। ওটা যথারীতি বিকল। দৌড় শুরুর সংকেত দেওয়া স্টার্টার পিস্তলের ব্যবহারও দেখা যাবে না এই মিটে। কাঠের ক্লাপারই ভরসা। আগের কমিটির কাছ থেকে অন্য ইলেকট্রনিকসামগ্রীসহ পিস্তল (৪টি) বুঝে পায়নি বলে জানিয়েছে নতুন কমিটি। এ ব্যাপারে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় ক্রীড়া পরিষদকে নাকি চিঠিও দেওয়া হয়েছে।
বিষয়টা নিয়ে বিদায়ী সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিসের দৃষ্টি আকর্ষণ করলে তাঁর পাল্টা প্রশ্ন, ‘আগের কমিটির লোকজন কি এই কমিটিতে নেই? চাবি কি আমার কাছে থাকত? থাকত না। আগের কমিটিও আমাকে কিছু বুঝিয়ে দিয়ে যায়নি।’ সঙ্গে যোগ করেন, ‘গত সাত-আট বছরে খেলা চালিয়েছি আমার লাইসেন্স করা পিস্তল দিয়ে।’
ওদিকে গত কয়েকটি মিটে কোনো জাতীয় রেকর্ড গড়তে পারেননি অ্যাথলেটরা। দুই দিনব্যাপী মিটে ‘দু-একটি’ রেকর্ডের আশা আয়োজকদের। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসব বিষয়ে কথা বলেন অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবির, সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টুসহ অন্যরা।