দুধের শিশু নয়তো অলিম্পিক, তাঁকে বেছে নিতে হবে একটা

সন্তানকে নিয়ে যখন প্যারিস গিয়েছিলেন গাউচার।ছবি: ইনস্টাগ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ বিপাকে পড়েছেন কানাডার নারী বাস্কেটবল খেলোয়াড় কিম গাউচার। একজন অ্যাথলেটের আজন্মলালিত স্বপ্ন অলিম্পিকে খেলা। কিন্তু সেই সুযোগ পেয়েও টোকিও যাওয়া নিয়ে সংশয়ে পড়েছেন গাউচার।

অলিম্পিকের আয়োজক কমিটি করোনার কারণে এবারের গেমসে অ্যাথলেটদের পরিবারের কোনো সদস্যকে সঙ্গী হিসেবে জাপান যেতে নিষেধ করেছে। আর এতেই ঘটেছে বিপত্তি।

গত ১৯ মার্চ গাউচারের কোলজুড়ে এসেছে ফুটফুটে কন্যা সোফি। তিন মাস বয়সী এই মেয়েকে ছাড়া কীভাবে জাপানে যাবেন গাউচার? এতটুকু দুধের শিশু মা ছাড়া থাকবেই-বা কী করে!

কিন্তু নিয়মের জাঁতাকলে পড়ে এখন গাউচারকে যেকোনো একটি বেছে নিতে হবে—হয় অলিম্পিক নাহয় কোলের শিশুসন্তানের যত্ন। হতাশ গাউচার বলছিলেন, ‘এই মুহূর্তে আমাকে জোর করে সিদ্ধান্ত নিতে বাধ্য করা হচ্ছে। আমাকে বাচ্চাকে দুধ খাওয়াতে হবে অথবা অলিম্পিক অ্যাথলেট হতে হবে। আমি একই সঙ্গে দুটো হতে পারব না।’

নিজের হতাশার কথা লুকাতে পারেননি গাউচার। ইনস্টাগ্রামে একটা ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘টোকিও বলেছে—পরিবার, বন্ধু, এমনকি অন্য কাউকেও সেখানে থাকতে দেওয়া হবে না।’

মেয়েদের বাস্কেটবলে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে কানাডা চতুর্থ। ২৩ জুলাই শুরু হতে হওয়া অলিম্পিকের উদ্বোধনী ম্যাচেই কানাডার প্রতিপক্ষ সার্বিয়া। আর এই দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় গাউচার।

টোকিও অলিম্পিকে যাওয়ার টিকিট গত বছরের ফেব্রুয়ারিতেই পেয়েছে গাউচারের কানাডা দল।
ছবি: ইনস্টাগ্রাম

অলিম্পিকে খেলোয়াড়দের সঙ্গে নাহয় পরিবারের কোনো সদস্য বা আত্মীয় স্বজন না গেল, কিন্তু মাঠে তো দেশি-বিদেশি দর্শক থাকবেই। আর এতেই আপত্তি তুলেছেন গাউচার, ‘জাপানি সমর্থকেরা মাঠে যাবে। স্টেডিয়াম অর্ধেক ভরা থাকবে। কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে ঢুকতে পারব না?’

স্থানীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে যে কানাডিয়ান অলিম্পিক কমিটি ও কানাডা বাস্কেটবলের কার্যনির্বাহী কমিটি টোকিওর গেমস আয়োজক কমিটির কাছে আবেদন করবে, যাতে অলিম্পিকের সময় গাউচার তাঁর স্বামী বেন গাউচার ও মেয়েকে নিয়ে টোকিও যাওয়ার অনুমতি পান।

কানাডিয়ান অলিম্পিক কমিটি আয়োজকদের একহাত নিয়ে বলছে, ‘অন্য অনেক গেমসে আমরা এসব সমস্যার সমাধান অনেক আগেই করে ফেলতে দেখেছি।’

সন্তান আর পোষা কুকুরকে সঙ্গে নিয়ে গাউচার।
ছবি: ইনস্টাগ্রাম

এর আগে কানাডিয়ান বক্সার মেন্ডি বুয়োল্ড সন্তানসম্ভবা হওয়ার কারণে অলিম্পিকের বাছাইয়ে খেলতে পারেননি। এমনকি তাঁকে পরে সুযোগও দেওয়া হয়নি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি যেন সিদ্ধান্ত বদলে টোকিও অলিম্পিকে খেলার অনুমতি দেয় মেন্ডিকে, এ জন্য আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেছেন তিনি।

গাউচার অলিম্পিকে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু আশাবাদী হতে পারছেন না। কারণ, তিনি যুক্তরাষ্ট্রের নারী বাস্কেটবল খেলোয়াড়দের কাছ থেকে শুনেছেন, তাঁরা নাকি তাঁদের ছোট বাচ্চাদের টোকিও নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু লাভ হয়নি।

গাউচার এ ব্যাপারে তাই সাহায্য করতে সমর্থকদের এগিয়ে আসতে বলেছেন, ‘এটা ২০২১ সাল। আসুন আমরা দেখি, এখানে কর্মজীবী মায়েদের স্বাভাবিক কাজ করার সুযোগ দিতে পারি কি না।’