দৌড়ে চলেছেন মেজবাহ-শিরিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
২২ জুলাই সামার অ্যাথলেটিকসে ১০০ মিটার দৌড় জেতার পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে দেশের দ্রুততম মানব–মানবী মেজবাহ আহমেদ ও িশরিন আক্তারের বিজয় উদ্‌যাপন। ছবি: শামসুল হক
২২ জুলাই সামার অ্যাথলেটিকসে ১০০ মিটার দৌড় জেতার পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে দেশের দ্রুততম মানব–মানবী মেজবাহ আহমেদ ও িশরিন আক্তারের বিজয় উদ্‌যাপন। ছবি: শামসুল হক
মেজবাহ আহমেদ ও শিরিন আক্তার দৌড়ে চলেছেন দারুণভাবেই। মেজবাহ ২০১৩ সাল থেকে টানা ছয়টি জাতীয় প্রতিযোগিতায় দেশের দ্রুততম মানব হয়েছেন। আর শিরিন ২০১৪ সাল থেকে টানা পাঁচবার। সর্বশেষ শিরোপা জিতেছেন ২২ জুলাই রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৩তম জাতীয় সামার মিটে। বিকেএসপি থেকে যাত্রা শুরু করে দুজনই এখন বাংলাদেশ নৌবাহিনীর সদস্য। ১০০ মিটার দৌড়ে সফল এই দুই অ্যাথলেটের জীবনের নানা গল্প নিয়ে ছুটির দিনের এবারের প্রচ্ছদ আয়োজন।

মা চেয়েছিলেন ছেলে অ্যাথলেট হবে
দেশের দ্রুততম মানবের মুকুট মাথায় তুলবেন নিজে কখনো ভাবেননি। ‘আমি অবাক হই। ৫৭ কেজি ওজন আর ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতা নিয়ে কীভাবে ১৬ কোটি মানুষের মধ্যে দ্রুততম আমি! দর্শক ও আমার স্যাররা সবাই অবাক।’ মেজবাহ আহমেদকে রোমাঞ্চিতও লাগে। সীমাবদ্ধতাকে জয় করতে অনেক শ্রম ঢেলে দিয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। অনুশীলনে কোনো ফাঁকি দেননি কখনো। নিজেই বলেন, ‘কঠিন পরিশ্রম করেছি। তাই এখন ১০০ মিটার আমার জন্য অনেকটা সহজই হয়ে গেছে।’

অথচ ছোটবেলায় ফুটবলার হওয়ার স্বপ্ন ঘোরাঘুরি করছিল তাঁর চারপাশে। বাগেরহাট জেলা ফুটবল দলে খেলার ডাকও এসে যায়। কিন্তু মা বলেন, ‘তোমাকে অ্যাথলেট বানাব। ফুটবলার না। এটা আমাদের স্বপ্ন।’ নানা আঁকাবাঁকা পথ পেরিয়ে সেই স্বপ্ন পূরণ করেছেন মেজবাহ। কিন্তু ফুটবলকে কখনোই মন থেকে সরিয়ে রাখতে পারেননি। ক্রিস্টিয়ানো রোনালদোকে ভীষণ পছন্দ করেন। ক্রিকেট সেভাবে দেখেন না। তবে এবি ডি ভিলিয়ার্সের খেলা তাঁকে টানে।
আন্তর্জাতিক অঙ্গনে পা রাখার আগে ভাবতেন বিকেএসপিতে তাঁর কোচ এবং সাবেক দ্রুততম মানব আবদুল্লাহ হেল কাফির মতো হবেন। ‘বড়’ হওয়ার পর উসাইন বোল্টের প্রেমে মজলেন। ‘বোল্ট বিশ্বসেরা। আমি সেরা হব বাংলাদেশের’—এই স্বপ্ন নিয়েই এগিয়ে চলা। বোল্টের সঙ্গে দেখাও হয়েছে ২০১৬ রিও অলিম্পিকে। কথা হয়নি। তবে পাশাপাশি অনুশীলন করেছেন। ‘স্বপ্নের নায়ককে এত কাছে দেখে আমি আর শিরিন নিজেদের অনুশীলন বাদ দিয়ে তাঁর অনুশীলনই দেখছিলাম। দৌড়টা কীভাবে শুরু করেন, কীভাবে গতি বাড়ান।’ এই ধরাধামে একজনের সঙ্গে দেখা করার সুযোগ পেলে বোল্টকেই বেছে নেবেন মেজবাহ। তাঁর অটোগ্রাফ নেবেন।

রক্তেই খেলা
বাগেরহাটের চিতলমারী থানার ডুমুরিয়া গ্রামের সর্দার বাড়ির ছেলে মেজবাহ। তাঁর দাদা আকাব্বর সর্দার ছিলেন ইউনিয়ন চেয়ারম্যানও। ক্রীড়া-অন্তঃপ্রাণ এই পরিবারে মেজবাহর নানা ছিলেন ভালো কাবাডি খেলোয়াড়। বাবা মোকাম্মেল হোসেন হাডুডু খেলতেন। ছোট মামা নৌবাহিনী ফুটবল দলে খেলেন। ভাগনেকে ২০০৭ সালে প্রথম ‘রানিং শু’ কিনে দেন ছোট মামাই। মেজ মামা একসময় ১০০ মিটার দৌড়ে অংশ নিতেন জাতীয় স্তরে। শাহ আলম প্রথম হতেন, মেজবাহর মামা মঞ্জুরুল দ্বিতীয়। মা শাহীনা বেগমও ছিলেন অ্যাথলেট। ১০০ মিটার ও লংজাম্প করতেন। নিজের এলাকায়। এই মায়ের অনুপ্রেরণাই ‘ট্র্যাকের রাজা’ বানিয়েছে মেজবাহকে। ছোট ভাই মেহেদি হাসান বিকেএসপিতে এখন টেনিসের শিক্ষার্থী।
ছোট থেকেই মেজবাহ দৌড়াতেন। গতি ছিল ভালো। তখনই স্কুলের ‘সাইফুল স্যার’ বলেন, ‘তুমি এত ভালো খেলো। বিকেএসপিতে চলে যাও।’ ২০০৭ বিকেএসপিতে ট্রায়াল দিয়ে শুরু হলো অন্য জীবন। ২০০৯ সালে ঢাকায় বিকেএসপির হয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে জাতীয় জুনিয়র মিটে পাঁচটি ইভেন্টে সেরা। সেবারই সিঙ্গাপুরে এশিয়ান জুনিয়র মিটে যাওয়ার সুযোগ এল। তখনই উপলব্ধি করেন, ‘আরে, খেললে তো ভালোই। বিদেশে যাওয়া যায়! এরপর অনেক দেশে গেছেন। রাশিয়া, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ব্রাজিল, তুরস্ক, চীন, ভিয়েতনাম, স্কটল্যান্ড...।
২০১০ সালে জাতীয় জুনিয়রে ট্রিপল জাম্পে রেকর্ডসহ ১০০, ২০০, ৪০০ মিটার, হাইজাম্প-লংজাম্পে সোনা। ২০১৩ বাংলাদেশ গেমসে ১০০ মিটারে সোনা দিয়ে দ্রুততম মানবের আসনে বসা। সেই থেকে তিনটি জাতীয় প্রতিযোগিতা এবং দুটি সামার মিটসহ চার বছরে টানা ছয়বার দেশের দ্রুততম মানব। ২০০ মিটারে কখনো জিতেছেন কখনো হেরেছেন।

মেজবাহর আরেকটি বিজয়। ২০১৩ সাল থেকেই তিনি দেশের দ্রুততম মানব। ছবি: প্রথম আলো
মেজবাহর আরেকটি বিজয়। ২০১৩ সাল থেকেই তিনি দেশের দ্রুততম মানব। ছবি: প্রথম আলো

‘তোমার ভবিষ্যৎ ভালো, শুধু ধৈর্য ধরো’
বিকেএসপিতে প্রথম প্রথম মন টিকত না। তাই কান্নাকাটি করত ছেলেটি। ‘শাহাদাৎ স্যার’ বুঝিয়ে-সুঝিয়ে জোর করে মেজবাহকে বিকেএসপিতে রেখে দেন ‘তোমার ভবিষ্যৎ ভালো, শুধু ধৈর্য ধরো’ পরামর্শ দিয়ে। ‘২০০৮ সালে আমার মাথা গরম হয়ে যায়। পাগলামি চাপে। বিকেএসপিতে থাকবই না। বাড়ি চলে যাব। “বন্দী জীবন” আমার ভালো লাগত না।’ বলে যান মেজবাহ। তবে এখন মনে হয় বিকেএসপির জীবনটাই ভালো ছিল। তাই বারবার ছুটে যেতে চান সাভারের বিকেএসপিতে। এখন থাকেন নৌবাহিনীর খেলোয়াড়দের সঙ্গে নৌবাহিনীর কোয়ার্টারে। এই বাহিনীর নিচ থেকে তৃতীয় ধাপ ওপরে পেটি অফিসার পদে আছেন এখন। জাতীয় প্রতিযোগিতায় সোনা জিতলে পদোন্নতির রাস্তা খোলে অ্যাথলেটদের জন্য। এবার সেরা হয়ে আরেকটি পদোন্নতির জন্য কাগজপত্র জমা দিয়েছেন মেজবাহ। কথায় কথায় বলেন, ‘ভালোবাসেন গিটারের টুংটাং শব্দ। তাই এটি বাজানো শিখতে কিনে ফেলেছি একটা গিটারও।’

একটু পরিচিতি বেড়েছে
আগে তেমন পরিচিতি ছিল না। মন খারাপ হতো। তবে এখন তা বেড়েছে। কিন্তু বাংলাদেশের দ্রুততম মানবের এখনো বাসে উঠতে হয়। দাঁড়িয়ে, ঝুলে ঝুলে যান। ‘এই সেদিন দ্রুততম হওয়ার পর বাসে গুলিস্তান যাওয়ার সময় একজন ছেলে আরেকজনকে বলল, ‘ওই যে মেজবাহ। দ্রুততম মানব। পেছনে বসে আছে।’ আরেকজন বলল, ‘থাক। কী বলতে কী বলে। যদি মাইন্ড করে!’ এসব উপভোগই করেন দেশের দ্রুততম মানব।

শিরিন এখন বাবার ভরসা
ছোটবেলায় পড়াশোনার চেয়ে খেলার নেশাই পেয়ে বসেছিল মেয়েটিকে। স্কুলে বার্ষিক প্রতিযোগিতায় দৌড়, লাফ করত সে। দৌড়ে সবার আগে থাকতে হবে—এই মানসিকতার শুরু তখন থেকেই। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ে বিকেএসপিতে আসা। এখানে এসেই পেলেন জীবনে অনেক কিছুর সন্ধান।
ভাই নেই। চার বোনের মধ্যে শিরিন দ্বিতীয়। তাঁর জন্মের আগে মা–বাবা চেয়েছিলেন ছেলে হবে। মেয়ে হওয়ায় তাঁরা নাকি একটু আশাহতও ছিলেন। ‘ছোট থেকে মা–বাবার মধ্যে একটা হতাশা কাজ করছিল আমাকে নিয়ে। কারণ আমি পড়াশোনা আগে করতে চাইতাম না সেভাবে। তবে এখন ফল মোটামুটি আমারই ভালো...হা হা হা।’ মজা করে বলেন শিরিন।
ছোটবেলায় অন্য সবাই যখন কারও বাড়ি যেত টিভি দেখতে, শিরিন ছুটে যেতেন খেলার মাঠে। অবশ্য সঙ্গী পেতেন না। সেই সময়টার কথা বলেন এভাবে, ‘আমি তখন ভাবতাম একদিন নিজেকে এমন জায়গায় নেব যাতে টিভিতে আমাকে দেখায়। পত্রিকায় আমাকে নিয়ে লেখা হয়।’

১০০ মিটারে সবার আগে দ্রুততম মানবী শিরিন আক্তার
১০০ মিটারে সবার আগে দ্রুততম মানবী শিরিন আক্তার

সব স্বপ্নের মতো
পেছনে তাকালে স্বপ্নের মতোই লাগে তাঁর কাছে। সাতক্ষীরা সদর উপজেলার দহকলা গ্রামে এখন পর্যন্ত শিরিনই একমাত্র মেয়ে, যে খেলাধুলা করেন। ওই সময় খেলার পোকা মাথায় কীভাবে এসেছিল তা ভাবলে অবাক হন। পরিবারের কেউ চাইত না শিরিন খেলাধুলা করুক। কিন্তু অদম্য মেয়েটি হার মানবে কেন! ছোট ছেলেদের সঙ্গে খেলতেন এবং পুরস্কার পেতেন।
সাত দিনের জন্য বিকেএসপিতে এসে শেষ পর্যন্ত ভর্তিই হয়ে যাবেন এমনটা ভাবেননি। কারণ মা–বাবা ছাড়া কখনো বাড়ির বাইরে আসা হয়নি। শিরিন বলতে থাকেন, বিকেএসপিতে ভর্তি করাতে বাবা শেখ আবদুল মজিদ প্রথমে রাজি হননি। কিন্তু এখানে এসে বিকেএসপির পরিবেশ দেখে মুগ্ধ হন বাবা। মেয়েকে যিনি ভর্তিই করবেন না, তিনিই মেয়েকে এখানে রেখে যান সানন্দে! কিন্তু খরচ দিতে কৃষক বাবার তো কষ্ট হবে, তখনই বুঝতেন শিরিন। তাই ভাবলেন এমন কিছু করতে হবে যাতে বিকেএসপিতে বিনা খরচে পড়া যায়। ছয়-সাত মাস বাবা খরচ দিয়ে যান। এরপর জানতে পারলেন পড়াশোনা ও খেলাধুলায় এ প্লাস পেলে বিনা খরচে পড়া যাবে। বাবার ওপর আর চাপ পড়বে না। খেলায় এ প্লাস পাওয়ার চেষ্টায় মরিয়া হয়ে ওঠেন শিরিন। পড়াশোনাতেও ভালো করতে থাকেন। এক বছরের মতো বেতন দিয়ে পড়ার পর আর খরচ দিতে হয়নি।

তবু বড় কিছু করতে চান
নিজেকে মোটামুটি পরিপূর্ণই ভাবেন শিরিন। নিজেই বলেন, ‘আমার খুব প্রিয় অ্যাথলেট অলিম্পিক সোনাজয়ী দ্রুততম মানবী শেলি অ্যান ফ্রেজারের উচ্চতা আর আমার উচ্চতা সমান। ৫ ফুট আড়াই ইঞ্চি।’ তবে এটি শারীরিক উচ্চতা। অ্যান উঠে গেছেন আরও উঁচুতে। মেজবাহ-শিরিনের সঙ্গে এই কথাটা খুবই যায়। কতজন এল গেল, তাঁরা দুজন টিকে আছেন। শিরিন এখন লক্ষ্য স্থির করেছেন ২০১৯ কাঠমান্ডু এসএ গেমসে ১০০ মিটারে সোনা জয়।
বিকেএসপিতে এসেই জুনিয়রে খেলতে হয়েছিল শিরিনকে। ‘আপুদের ড্রেস’ পরিয়ে নামানো হলো। প্রস্তুতি ছাড়াই ৪০০ মিটারে প্রথম। বললেন, ‘মেজবাহ সিনিয়রে খেলত, আমি জুনিয়রে। দেখা যেত দুজনের ফলই এক। ও পাঁচটা সোনা পেত, আমিও তাই। তখন থেকেই আমাদের বন্ধুত্ব। আমরা একই কোচের শিষ্য। কাফি স্যার।’ বিকেএসপিতে থেকে আবদুল্লাহ হেল কাফির কাছেই আগামী এসএ গেমস পর্যন্ত অনুশীলন করবেন শিরিন। বিকেএসপিতে থাকার অনুমতি নিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালকের কাছ থেকে।
দেশের বাইরে খেলে অনেক অভিজ্ঞতাই হয়েছে তাঁর। ‘আমরা যখন নাইক বা অ্যাডিডাসের কিছু পরি, বিদেশি খেলোয়াড়েরা ভাবে আমরা কী না কী! যখন শোনে আমাদের কোনো স্পনসর নেই, ওরা অবাক হয়।’ অতৃপ্ত দেখায় শিরিনকে। পরক্ষণেই কিছুদিন আগে এথেন্সে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির একটি যুব কর্মশালায় অংশ নেওয়ার অভিজ্ঞতার কথা বলে উৎফুল্ল হয়ে ওঠেন।
এথেন্সে ৮৮টি দেশের ১৫৭ জন খেলোয়াড় এসেছিলেন। মেয়েদের ৬০ মিটার দৌড়ে প্রথম হন শিরিন। ‘সবাই বলল, আমাকে ছেলেদের সঙ্গে দৌড়াতে হবে। পরে আমি দৌড়াই এবং প্রথম হই। সবাই আমাকে কোলে তুলে নেয়। ওরা বলে তোমাকে ২০২০ টোকিও অলিম্পিকে দেখতে চাই। খুব উৎসাহ পাই। অলিম্পিকে সবাই আবার মিট করব বলল ওরা’—শিরিন ওই সময়টা ভুলবেন না কখনো।

সাইকেল চালানো
বড় বোনের কাছ থেকে সাইকেল চালাতে শেখেন ছোটবেলায়। বাবার সাইকেল নিয়ে ছুটতেন। বাসায় গরু ছিল, এখন নেই। এক দাদু ছিলেন যিনি ঘাস কেটে রাখতেন গরুর জন্য। শিরিনের লক্ষ্য ছিল সাইকেল চালাবেন। কিন্তু কীভাবে? ‘আমি ভাবতাম ঘাসের বস্তা সাইকেলের ক্যারিয়ারে নিয়ে গেলে আব্বু-আম্মু দুজনই খুশি হবেন, আমার সাইকেল চালানো মানে রথ দেখা কলা বেচা দুটিই হবে।’

বাবার ভরসা
বাবা এখন মেয়ের কীর্তিতে খুশি। তাঁর বড় ভরসা এখন শিরিন, ‘ছোট দুই বোন উচ্চমাধ্যমিক পাস করেছে। বাবা এখন তাঁর সাপোর্ট মনে করেন আমাকে।’ সংসারে যেন বড় ছেলের দায়িত্বটাই কাঁধে নিয়েছেন। খেলার পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাসে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষে পড়ছেন। খেলা নিয়ে তৈরি সিনেমা দেখতে ভালোবাসেন। মেরি কম দেখেছেন। গান ভালো লাগে। আনন্দ পান এই ভেবে, মানুষজন এখন তাঁকে চেনে, কথা বলে। এটাই তো জীবনের সেরা প্রাপ্তি!

কঠিন পথেই হাঁটতে চান
আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১০০ মিটারে পুরুষ বিভাগে টাইমিং ১০ সেকেন্ডের নিচে নেমেছে অনেক আগেই। নারী বিভাগে সময়টাও ১১ সেকেন্ডের নিচে। ১০০ মিটারে শিরিনের ইলেকট্রনিক টাইমিং ১১.৯৯ সেকেন্ড। এবার জাতীয় সামারের হাতঘড়িতে ১২.৩০ সেকেন্ড।
ওদিকে মেজবাহর সেরা ইলেকট্রনিক টাইমিং ১০.৭২। এবারের সামার মিটে হাতঘড়িতে ১০.৮০। এ রকম টাইমিং নিয়ে আন্তর্জাতিক মিটে মাথা তুলে দাঁড়ানোর অবস্থা নেই। তারপরও নিজেদের টাইমিং আরও ভালো করতে চান আমাদের এই দুই দৌড়বিদ। কঠিন পথেই হাঁটতে চান মেজবাহ ও শিরিন।