দ্বিতীয় দিনে ভালোই করলেন সিদ্দিকুর

প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে শেষ করতে পারেনি প্রথম দিনটি। ৬০ জনে ছিলেন ৫৬তম স্থানে। ঘুরে দাঁড়াতে দ্বিতীয় দিনে খুব ভালো কিছু করতে হতো সিদ্দিকুর রহমানকে। সময়ের দাবি মিটিয়ে ভালোই করেছেন দ্বিতীয় দিনে। রিও অলিম্পিকে বাংলাদেশের এই গলফার দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলেছেন। চারটি বার্ডি, তিনটি বগি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে তিন শট বেশি খেলে ৪৬তম স্থানে ছিলেন।
শিরিনের টাইমিং ১২.৯৯: মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টের প্রাক-বাছাই হিটে শিরিন আক্তারের টাইমিং ১২.৯৯ সেকেন্ড। বাংলাদেশের দ্রুততম মানবী তাঁর হিটে আটজনে পঞ্চম। দেশে টাইমিংটা বোঝা যায় না। হাতঘড়িতে সেটি দেখানো হয় ১২ সেকেন্ডের নিচে। কিন্তু ইলেকট্রনিক টাইমিংয়ে বেরিয়ে এল আসল টাইমিং। আর এতেই বোঝা যায়, শিরিন কতটা পিছিয়ে।
মূল হিটের আগে প্রাক-বাছাই হিট হয়েছে তিনটি। প্রতিটি থেকে প্রথম দুজন মূল হিটে যাওয়ার ছাড়পত্র পান, এ ছাড়া ভালো টাইমিং করায় মূল হিটে যান আরও দুজন। প্রাক-বাছাই হিটে ২৪ জন খেলেছেন, শিরিন ১৭তম। তাঁর হিটে ১২.২৪ ও ১২.৩৪ টাইমিং নিয়ে মূল হিটে উঠেছেন সিয়েরা লিওনের হাফসাতু কামারা ও ফিজির সিসিলা সিভুলা। ১৪.০২ সময় নিয়ে এই হিটে সবার শেষে ছিলেন আফগানিস্তানের কামিয়া ইউসুফি।
সোনিয়ারও বিদায়: ৫০ ফ্রিস্টাইলে নিজের হিটে সোনিয়া আক্তার তৃতীয় হয়েছেন (২৯.৯৯ সেকেন্ড)। এই হিটে প্রথম ও দ্বিতীয় পালাউ ও বুরকিনা ফাসোর সাঁতারুর টাইমিং ২৯.১৯ ও ২৯.৪৪। তবে এই সাঁতারুরাও যেতে পারেননি সেরা ১৬তে। ৮৮ জনের মধ্যে ৬৯তম হয়ে বিদায় নিয়েছেন সোনিয়া আক্তারও।