হাতে স্টপওয়াচ। গলায় বাঁশি। বিকেএসপির অ্যাথলেটিকস ট্র্যাকে ভীষণ ব্যস্ত কোচ আবদুল্লাহ হেল কাফি। কখনো দ্রুততম মানব মেজবাহ আহমেদকে কিছু বোঝাচ্ছেন, কখনো জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন আশরাফুজ্জামান রচিকে শিখিয়ে দিচ্ছেন নতুন কোনো কৌশল।
আগামী ৬ থেকে ১৬ ফেব্রুয়ারি ভারতের গুয়াহাটি ও শিলংয়ে হবে এসএ গেমসের ১২তম আসর। এখন তাই দম ফেলার মতো সময়টুকুও নেই অ্যাথলেটদের। দুই বেলা নিয়মিত অনুশীলন করানোর পরও কাফির চোখে-মুখে অতৃপ্তি, ‘গতবার ট্রেনিং করিয়েছিলাম ১৭-১৮ মাস। পেয়েছিলাম মাত্র ১টি রুপা। সেই হিসাবে এবার হাতে অনেক কম সময়। তাই বলে তো বসে থাকা যাবে না।’
৫ অক্টোবর ৪৫ জন অ্যাথলেট নিয়ে বিকেএসপিতে শুরু হয়েছে আবাসিক ক্যাম্প। তবে এই মুহূর্তে সব অ্যাথলেট ক্যাম্পে নেই। আগামী ৩ থেকে ৫ নভেম্বর বনানী আর্মি স্টেডিয়ামে হবে আন্তবাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতা। এ জন্য গত সপ্তাহে সেনাবাহিনীর ২২ অ্যাথলেট ফিরে গেছেন সেনানিবাসে। পরশু গেছেন নৌবাহিনীর ১০ জন পুরুষ অ্যাথলেট। প্রতিযোগিতা শেষ হলেই ক্যাম্পে ফিরবেন তাঁরা।
গত এসএ গেমসে একমাত্র রুপাটি জিতেছিলেন সুমিতা রানী। ১০০ মিটার হার্ডলসে ফটো ফিনিশিংয়ে হারেন ভারতের প্রতিযোগীর কাছে। বাংলাদেশ জেলের অ্যাথলেটকে সেই যন্ত্রণা এখনো পোড়ায়। এবার কি পারবেন রুপাটা ধরে রাখতে? সুমিতার চেহারায় যেন ফিরে এল পাঁচ বছর আগের হতাশা, ‘ফটো ফিনিশিংয়ে হারের কথা মনে পড়লে এখনো কষ্ট লাগে। এবার কী হবে জানি না। গতবার তো এক বছরের বেশি সময় অনুশীলন করেছিলাম। এবার তো হাতে পাঁচ মাসেরও কম সময়!’ অনুশীলনের ঘাটতির কথাটা বলছিলেন বারবার, ‘আমি নিয়মিত অনুশীলন করতে পারিনি। জেলের নিজস্ব মাঠ নেই, পরিবেশও নেই। একা একা অনুশীলন করা যায় না। ভালো কোচও ছিল না। যতটুকু করেছি নিজের উদ্যোগে।’
অনুশীলনের হার্ডলসের জন্য দুয়ারে দুয়ারে ঘুরতে হয়েছে সুমিতাকে। ফেডারেশন থেকে ভাঙা হার্ডলস নিয়ে তাতে কাঠের টপ জোড়া লাগিয়ে অনুশীলন করেছেন। সুমিতার আক্ষেপ, ‘আমরা গরিব দেশের গরিব অ্যাথলেট, এ জন্য সুযোগ-সুবিধা তেমন পাই না।’
তবু স্বপ্ন দেখছেন ভালো কিছুর। গত জাতীয় মিটে সোনা জিততে পারেননি। হেরেছেন জেসমিন আক্তারের কাছে। ১৩.৯৮ সেকেন্ডে দৌড়ে রুপা জিতেছিলেন ঢাকা গেমসে। ওই টাইমিং ধরে রাখতে চান এসএ গেমসে। রুপার পাশাপাশি গতবার চারটি ব্রোঞ্জও জিতেছিল বাংলাদেশ—লং জাম্পে আল আমিন, চাকতি নিক্ষেপে আজহারুল ইসলাম, ১০০ মিটার হার্ডলসে জেসমিন আক্তার এবং মেয়েদের ৪x৪০০ মিটার রিলেতে। আল আমিন এবার সোনাজয়ের স্বপ্ন দেখছেন, ‘বাস্তবতা যা-ই হোক, সোনাজয়ের জন্যই যাব।’ গত জাতীয় মিটে মাত্র ৭.১২ মিটার লাফিয়েই সোনা জিতেছিলেন আল আমিন। এবার আরও বেশি দূর যেতে চান নৌবাহিনীর এই অ্যাথলেট।
গত এসএ গেমসের ক্যাম্পের পুরোনোদের মধ্যে এবার আছেন হার্ডলসের সুমিতা, চাকতি নিক্ষেপের আজহার, লং জাম্পের আল আমিন, স্প্রিন্টের শামসুন্নাহার চুমকি, হাই জাম্পের সজীব হোসেন ও ট্রিপল জাম্পের আওলাদ হোসেন। তবে সবার চোখ এবার নতুনদের দিকে। টানা চারবারের দ্রুততম মানব মেজবাহ এবং দুবারের দ্রুততম মানবী শিরিন আক্তারের ওপরই বেশি ভরসা করছে ফেডারেশন। মেজবাহও স্বপ্ন দেখছেন সোনাজয়ের। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। ইলেকট্রনিকস টাইমিংয়ে মেজবাহর ক্যারিয়ার-সেরা পারফরম্যান্স ১০.৭৫ সেকেন্ড, দৌড়েছিলেন গত বাংলাদেশ গেমসে। এরপর থেকেই মেজবাহর টাইমিংয়ের গ্রাফ নিচের দিকে। এটা নিয়েই তাই বেশি কাজ করছেন এখন। নৌবাহিনীর অ্যাথলেট আত্মবিশ্বাসী, ‘অনুশীলন খুব ভালো হচ্ছে। মাহবুব ভাই যে টাইমিংয়ে (১০.৫৮) জাতীয় রেকর্ড করেছিলেন, সেটা ভাঙাই আমার লক্ষ্য। সাধারণত ১০.৫০ সেকেন্ডে দৌড়ালেই এসএ গেমসে ভালো ফলাফল হয়।’
ভালো মানে তো সোনা জয়! কিন্তু এসএ গেমসের অ্যাথলেটিকসে সর্বশেষ সোনার পদকটাও যে এসেছিল সেই ২০০৬ সালে কলম্বোর আসরে! মাহফিজুর রহমান মিঠুর হাত ধরে সেটা এসেছিল ১১০ মিটার হার্ডলসে। অধরা ‘সোনার হরিণ’টা কি ধরা দেবে এবার?