ধাক্কা সামলে উঠে দৌড়ালেন মো ফারাহ, জিতলেন সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অন্য সবাইকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন ফারাহ। ছবি: এএফপি।
অন্য সবাইকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন ফারাহ। ছবি: এএফপি।

দৌড়ের মাঝপথে হঠাৎ পেছন থেকে কারও ধাক্কা লেগে হোঁচট খেয়েছিলেন। তবে ছোটখাটো সে ধাক্কা সামলে সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়িয়েছেন মো ফারাহ। এবং প্রত্যাশিতভাবেই জিতেও নিয়েছেন ১০ হাজার মিটারের সোনা। 

২০১২ লন্ডন অলিম্পিকে ৫ হাজার ও ১০ হাজার মিটার দুটিতেই সোনা জিতেছিলেন। আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন, এবারও দুটিই জিততে না পারলে সেটি মেনে নিতে পারবেন না। প্রথম ইভেন্টে হতাশ হতে হলো না মো ফারাহকে। ২৭ মিনিট ৫.১৭ সেকেন্ড সময় নিয়ে সোনালি পদকটাও গলায় পরলেন। রুপা জিতেছেন কেনিয়ার পল তানুই (২৭ মিনিট ০৫.৬৪ সেকেন্ড), ব্রোঞ্জ ইথিওপিয়ার তামিরাত তোলার (২৭ মিনিট ০৬.২৬ সেকেন্ড)।
অন্যান্য বারের মতোই এবারও শেষ ১০০ মিটারে ‘ট্রেডমার্ক’ ঝোড়ো গতির দৌড় শুরু করেছিলেন ৩৩ বছর বয়সী ফারাহ। ওই দৌড়েই অনেকটা পেছনে পড়ে গেলেন ২ নম্বরে থাকা তানুই। পরপর দুই অলিম্পিকে ম্যারাথনে সোনা ধরে রাখা চতুর্থ অ্যাথলেট ফারাহ। তবে নিজ দেশ ব্রিটিশ অ্যাথলেটিকসের ইতিহাসে এমন কীর্তি এবারই প্রথম।
এমনিতেই তিনি অ্যাথলেটিকসে কিংবদন্তি। তবে সেটিকে আরও ভালোভাবে প্রতিষ্ঠিত করার সুযোগ আগামী রোববারই পাবেন ফারাহ। সেদিনই যে তাঁর অন্য ইভেন্ট ৫ হাজার মিটারের ফাইনাল।