নতুন নিয়মেও সেরা শারমিন রত্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অঙ্গনে প্রায়ই খেলছেন। কিন্তু এর আগে ঘরোয়া আসরে একবারই নতুন নিয়মে খেলেছিলেন শ্যুটার শারমিন আক্তার রত্না। গত বাংলাদেশ গেমসে নতুন নিয়ম অনুসারে এয়ার রাইফেলের পদক নিষ্পত্তি হয়েছিল ২০ শটে। তিন বছর পর পরশু শুরু হওয়া জাতীয় শ্যুটিং প্রতিযোগিতায়ও চালু করা হলো এই নিয়ম। তবে সব ইভেন্ট এই নিয়মে হওয়ার কথা থাকলেও পর্যাপ্ত মনিটরের অভাবে শুধু ১০ মিটার এয়ার রাইফেলটাই হচ্ছে নতুন আন্তর্জাতিক নিয়মে।
এতে একজন শ্যুটারকে প্রথম দেড় শ সেকেন্ডের মধ্যে ৩ শট খেলতে হয়। পরেরবারও একইভাবে দেড় শ সেকেন্ডের মধ্যে ৩ শট শেষ করতে হয়। বাকি দুটি শট খেলতে হয় ৫০ সেকেন্ডের মধ্যে। এরপর থেকে শুরু এলিমিনেশন রাউন্ড। এভাবে ২০তম শটেই নিষ্পত্তি হয় শ্রেষ্ঠত্বের। এই নিয়মেও সেরা হয়েছেন শারমিন আক্তার রত্না। সর্বশেষ জাতীয় প্রতিযোগিতায়ও সোনা জিতেছিলেন তিনি।
নতুন নিয়মে প্রতিটি শটের স্কোর ১০.৯। এতে ২০ শটে ২১৮ পয়েন্টের মধ্যে ২০৫.৩ স্কোর করে সোনা জিতেছেন ঢাকা রাইফেল ক্লাবের এই শ্যুটার। ২০৩.৮ পয়েন্টে রুপা কুমিল্লা রাইফেল ক্লাবের শারমিন আক্তারের। ব্রোঞ্জ জেতা কুমিল্লা রাইফেল ক্লাবের তৃপ্তি দত্তের স্কোর ১৮১.৯।
নিজের স্কোরে রত্না সন্তুষ্ট, ‘নিয়মিত অনুশীলন না করলেও এই স্কোর করতে পারতাম। তবে এর চেয়েও ভালো করতে চাই।’
১০ মিটার এয়ার রাইফেলের পুরুষ বিভাগের খেলা আজ। স্কটল্যান্ড কমনওয়েলথ গেমসে রুপাজয়ী আবদুল্লাহ হেল বাকি খেলবেন এই ইভেন্টে।
১০ মিটার এয়ার রাইফেলের মেয়েদের জুনিয়র বিভাগে সোনা জিতেছেন বিকেএসপির শারমিন আক্তার। পুরোনো নিয়মে তিনি ৩৮৮ স্কোর করেছেন। বিকেএসপির সতীর্থ পাপিয়া সুলতানা জিতেছেন রুপা (৩৮৫)। নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের তানহিয়াত তাবাসসুম জেতেন ব্রোঞ্জ (৩৮৪)। ছেলেদের ৫০ মিটার রাইফেল প্রোনে সোনা জিতেছেন কুষ্টিয়া রাইফেল ক্লাবের তৌফিক শাহরিয়ার চন্দন, রুপা ঢাকা রাইফেল ক্লাবের আবদুল্লাহ হেল বাকি এবং ব্রোঞ্জ আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশনের যুবায়ের আহমেদের। আজ বিকেএসপিতে হবে স্কিট শ্যুটিং।

আটকে আছে টাকা
শ্যুটিং রেঞ্জের আধুনিকায়নের জন্য সরকারের কাছে সম্প্রতি ৪ কোটি টাকা চেয়েছিল ফেডারেশন। অনেক দেনদরবারের পর সাড়াও মিলেছিল এতে। কিন্তু হঠাৎ করে অর্থ মন্ত্রণালয় এই টাকা আটকে দিয়েছে বলে দাবি করলেন শ্যুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ, ‘১০টি টার্গেট মেশিন কিনতে এবং রেঞ্জের কিছু সংস্কার করতে এই টাকা চেয়েছিলাম। প্রতিটি মেশিনের দাম ১০ লাখ টাকা। সরকার থেকে ছাড় পাওয়ার পরও টাকাগুলো অর্থ মন্ত্রণালয়ে আটকে আছে। জানি না কবে পাব এই টাকা।’