নতুন বিশেষণ চাই 'কিংবদন্তি'র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিও ডি জেনিরোয় এসে কাজও শুরু করে দিয়েছেন। কোচ মিলসের সঙ্গে ছবিটি গতকাল সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেই পোস্ট করেছেন উসাইন বোল্ট l ফেসবুক
রিও ডি জেনিরোয় এসে কাজও শুরু করে দিয়েছেন। কোচ মিলসের সঙ্গে ছবিটি গতকাল সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেই পোস্ট করেছেন উসাইন বোল্ট l ফেসবুক

এটি উসাইন বোল্টের পক্ষেই সম্ভব। নিজেই নিজেকে ‘জীবন্ত কিংবদন্তি’ বলা!
রিওর উদ্দেশে দেশ ছাড়ার আগে জ্যামাইকায় সর্বশেষ সংবাদ সম্মেলনে মজা করেই বলেছেন, ‘আমি তো জীবন্ত কিংবদন্তি। নিজের অর্জনগুলো উপভোগ করছি।’
শুধু মজা করে কেন, বোল্ট নিজেকে সত্যিই ‘জীবন্ত কিংবদন্তি’ দাবি করতে পারেন। এ গ্রহের ইতিহাসে তিনি দ্রুততম মানব। পরপর দুটি অলিম্পিকে ১০০ মিটার, ২০০ মিটার ও ১০০ মিটার রিলের ট্রিপল। বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনবার এ তিনটি ইভেন্টেই সোনা জিতে ‘ট্রিপল ট্রিপল’ করেছেন। এবার রিওতে এসেছেন অলিম্পিক ‘ট্রিপল ট্রিপলে’র স্বপ্ন নিয়ে। এই স্বপ্ন পূরণ হলে শুধু জীবন্ত কিংবদন্তি কেন, বোল্টের জন্য নতুন কোনো বিশেষণ খুঁজতে হবে।
জ্যামাইকান স্প্রিন্টার ‘ট্রিপল ট্রিপলে’র স্বপ্নের কথাটা এ বছরের শুরুর দিকেই বলে দিয়েছিলেন এক সাক্ষাৎকারে, ‘আমার স্বপ্ন রিও অলিম্পিকে আবারও নিজের তিনটি ইভেন্টে সোনা জেতা। ওটাই বড় চাওয়া।’

নিজেকে তিনি যেখানে নিয়ে গেছেন, সেখান থেকে এই চাওয়াটাকে খুব বড় কিছু বলে মনেও হচ্ছে না। বোল্ট ট্র্যাকে নামবেন আর জিতবেন, এটাই তো এখন নিয়ম হয়ে গেছে। বাকিরা তো লড়েন আসলে দ্বিতীয় হওয়ার জন্য। বোল্টের প্রতিদ্বন্দ্বী তো শুধুই বোল্ট।

‘বজ্রবিদ্যুৎ’ নিজেও এটা জানেন। নইলে কি আর নিজেকেই নিজে চ্যালেঞ্জ করেন! কীভাবে? বোল্টের মুখেই শুনুন, ‘মূল লক্ষ্য তো তিনটি ইভেন্টে সোনা জেতা। কিন্তু মানুষ আসলে নতুন রেকর্ড দেখতে চায়। আমারও লক্ষ্য ১৯ সেকেন্ডের কমে ২০০ মিটার দৌড়ানো। ইতিহাসের প্রথম স্প্রিন্টার হিসেবে এ কীর্তিটা গড়তে চাই আমি। এটা বদলে দিতে পারে অ্যাথলেটিকসের ইতিহাস।’

এই কাজটা করতে হলে নিজেকেই আসলে ছাড়িয়ে যেতে হবে। ২০০ মিটারে বিশ্ব রেকর্ড তো তাঁরই—১৯.১৯ সেকেন্ড। বার্লিনে ২০০৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন ওই রেকর্ডটা গড়েই। অলিম্পিক রেকর্ডটাও বোল্টের, এর আগের বছর বেইজিংয়ে। সময় লেগেছিল ১৯.৩০ সেকেন্ড। কিন্তু সাম্প্রতিককালে এই ইভেন্টে বোল্টের পারফরম্যান্স নিজের ধারেকাছেও নেই! এই তো কিছুদিন আগে ডায়মন্ড লিগের লন্ডন মিটে (অ্যানিভার্সারি গেমস) ২০০ মিটার দৌড়াতে তাঁর সময় লেগেছে ১৯.৮৯ সেকেন্ড। যুক্তরাষ্ট্রের লসন মেরিটসের গড়া মৌসুম-সেরা টাইমিংয়ের (১৯.৭৪) চেয়ে অনেক পেছনেই আছেন বোল্ট।

তবে ভুলে যাবেন না, লন্ডনে তিনি গিয়েছিলেন চোট কাটিয়ে এসে এবং ২০০ মিটারে নেমেছিলেন বছরে প্রথমবারের মতো। দৌড় শেষ করেও বলেছিলেন, ‘এখনো পুরো ফিটনেস আসেনি।’ তার মানে ছন্দে থাকা বোল্টকে এই মৌসুমে এখনো দেখা যায়নি। রিওতে দেখা যাবে—এই প্রতিশ্রুতি স্বয়ং বোল্ট দিয়েছেন লন্ডনে।

আর বোল্টের প্রতিশ্রুতির শক্তিটা বিশ্ববাসী জানে! এএফপি।

অলিম্পিকে  উসাইন বোল্ট

১০০ মিটার        সোনা    ৯.৬৯ সেকেন্ড

২০০ মিটার       সোনা    ১৯.৩০ সেকেন্ড

৪x১০০ মিটার     সোনা    ৩৭. ১০ সেকেন্ড

২০১২  লন্ডন        

১০০ মিটার        সোনা    ৯.৬৩ সেকেন্ড

২০০ মিটার       সোনা    ১৯.৩২ সেকেন্ড

৪x১০০ মিটার     সোনা    ৩৬.৮৪ সেকেন্ড