নতুনে উচ্ছ্বসিত বোল্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দিনেই সাড়া ফেলেছে নাইট্রো-অ্যাথলেটিকস। মেলবোর্নের লেকসাইড স্টেডিয়ামে দর্শক হয়েছে সাত হাজারের কিছু বেশি। আয়োজকেরা বলছেন, এটা অ্যাথলেটিকসে বিপ্লব ঘটাবে। আর এ টুর্নামেন্টের সবচেয়ে বড় তারকা যিনি, সেই উসাইন বোল্ট তো দারুণ উচ্ছ্বসিত। নাইট্রো-অ্যাথলেটিকস একসময় বিশ্বের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট হবে বলেই বিশ্বাস ধরণির দ্রুততম মানবের।
এবার প্রথমবারের মতো হচ্ছে বলেই নাইট্রো-অ্যাথলেটিকসের অনেক ইভেন্ট বুঝতে কিছুটা সমস্যা হয়েছে দর্শকদের। তবে সময় গেলে এগুলোই দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা পাবে বলে মনে করেন বোল্ট, ‘দিন দিন এর দর্শক বাড়বে। কারণ যাঁরা টিভিতে দেখছেন, তাঁরা খুবই মজা পেয়েছেন। আমরাও ইভেন্টগুলোকে আরও আকর্ষণীয় করার চেষ্টা করছি। আমি পুরো ব্যাপারটা নিয়ে খুবই রোমাঞ্চিত।’
মেলবোর্নে গত পরশু টুর্নামেন্টের প্রথম দিনে ৪*১০০ মিটার মিশ্র রিলেতে সোনা জিতেছে বোল্টের অল স্টারস দল। তিন দিনের টুর্নামেন্টে বাকি দুই দিনের ইভেন্টগুলো হবে ৯ ও ১১ ফেব্রুয়ারি। এএফপি।