
আগামী বছর রিও অলিম্পিকের অ্যাথলেটিকসে থাকছে না রাশিয়া! কথাটা হঠাৎ শুনে যে কেউই চমকে যাবেন, অবিশ্বাস্য ঠেকবে। কিন্তু বাস্তবতা হচ্ছে শুধু অলিম্পিক নয়, অ্যাথলেটিকসের সব বৈশ্বিক আসর থেকেই দীর্ঘদিনের জন্য নিষিদ্ধ হতে পারে রাশিয়া।
অ্যাথলেটিকসে ডোপিং কেলেঙ্কারি এবং সেটা ধামাচাপা দিতে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে দীর্ঘদিন ধরে তদন্ত করছে বিশ্ব মাদকবিরোধী সংস্থার (ওয়াডা) একটি স্বাধীন তদন্ত কমিশন। পরশু প্রকাশিত সেই তদন্ত প্রতিবেদনটি রীতিমতো বোমা ফাটিয়েছে অ্যাথলেটিকস বিশ্বে। অনেক দিন ধরেই নাকি ডোপিংয়ের মহোৎসব চলছে অ্যাথলেটিকসে। তবে প্রতিবেদনের মূল অভিযোগটা রাশিয়ার দিকে। স্বাধীন তদন্ত কমিশন বলেছে, দীর্ঘদিন ধরে গণহারে পারফরম্যান্স-বর্ধক নিষিদ্ধ ড্রাগ ব্যবহার করছেন রাশিয়ান অ্যাথলেটরা। ব্যাপারটি তাদের ক্রীড়া সংস্কৃতির অংশই হয়ে দাঁড়িয়েছে। আর এ ব্যাপারে অব্যাহতভাবে রাশিয়ান অ্যাথলেটরা পেয়ে আসছেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাও। আরও ভয়ংকর ব্যাপার হলো সবকিছু জেনেও এ ব্যাপারে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে অ্যাথলেটিকসের বিশ্ব সংস্থা আইএএএফ।
ওয়াডার সাবেক সভাপতি ডিক পাউন্ডের নেতৃত্বে স্বাধীন তদন্ত কমিশন তাই সুপারিশ করেছে, আগামী বছর রিও অলিম্পিকসহ অ্যাথলেটিকসের সব বৈশ্বিক আসর থেকে রাশিয়াকে নিষিদ্ধ করার। এ ছাড়াও কমিশন পাঁচজন রাশিয়ান অ্যাথলেট ও পাঁচজন কোচকে আজীবনের জন্য নিষিদ্ধ করারও সুপারিশ করেছে। জেনেভায় সংবাদ সম্মেলনে পরশু এ প্রতিবেদন প্রকাশের পর ডোপিং ও দুর্নীতি নিয়ে আরও বিশদ তদন্ত করার ঘোষণা দিয়েছে ইন্টারপোলও।
৩২৩ পৃষ্ঠার প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাফল্যের জন্য রাশিয়ান অ্যাথলেটিক ফেডারেশন (আরাফ) যে শুধু গোপনে তাদের অ্যাথলেটদের নিষিদ্ধ ড্রাগ নিতে উৎসাহিত করেছে তা-ই নয়, এই ব্যাপারগুলো ধামাচাপা দিতে তারা ঘুষও দিয়েছে। এ ছাড়াও ওয়াডা নিষেধ করা সত্ত্বেও রাশিয়ান খেলোয়াড়দের ১ হাজার ৪ শরও বেশি রক্তের নমুনা মস্কো গবেষণাগার ইচ্ছাকৃতভাবে ধ্বংস করে ফেলে।
কমিশনের অন্যতম সদস্য ও আন্তর্জাতিক ক্রীড়া আইনজীবী রিচার্ড ম্যাকলারেন বলেছেন, ‘কিছু মানুষ অবৈধভাবে, ঘুষ নিয়ে প্রচুর অর্থ নিজেদের পকেটে পুরেছেন। এমনকি তাঁরা কয়েকটি আন্তর্জাতিক অ্যাথলেটিকস প্রতিযোগিতার প্রকৃত ফলাফল আর পদক তালিকায় পর্যন্ত পরিবর্তন এনেছেন।’
এ ক্ষেত্রে মূল অভিযোগটা ২০১২ লন্ডন অলিম্পিক ঘিরে। কমিশন মনে করে, ওই সময় সন্দেহভাজন রাশিয়ান অ্যাথলেটদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে নিষ্ক্রিয়তা দেখিয়েছে আইএএএফ ও আরাফ, যা লন্ডন অলিম্পিককে কলুষিত করেছে।
কয়েক দিন আগে আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশন সংস্থার (আইএএএফ) সাবেক সভাপতি লামিনে ডিয়াকের বিরুদ্ধে ফ্রান্স পুলিশ অভিযোগ এনেছিল, ৮২ বছর বয়সী ডিয়াক নাকি ঘুষের বিনিময়ে অনেক ডোপিং কেলেঙ্কারি ধামাচাপা দিয়েছেন। ওয়াডার স্বাধীন কমিশনও দাবি করেছে, আইএএএফের অনেক কর্মকর্তা এসব ধামাচাপা দিয়েছেন অর্থের বিনিময়ে। এ ছাড়া প্রতিবেদনটিতে আইএএএফের ডোপবিরোধী প্রোগ্রামের পদ্ধতিগত ব্যর্থতার কথাও উল্লেখ করা হয়েছে।
অবশ্য রাশিয়ার ক্রীড়ামন্ত্রী ভিতালি মুতকো কমিশনের এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, ‘প্রতিবেদনে রুশ অ্যাথলেটিকসের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো ভিত্তিহীন।’ নমুনা ধ্বংসের ঘটনা সম্পর্কে তাঁর বক্তব্য হচ্ছে, ‘ওটা ওয়াডার অনুরোধেই করা হয়েছিল।’ এ বিষয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই উল্লেখ করে মুতকো বলেছেন, ‘কমিশনের কাউকে নিষিদ্ধ করার এখতিয়ারই নেই।’ রাশিয়ান অ্যাথলেটিক ফেডারেশনের (আরাফ) ভারপ্রাপ্ত সভাপতি ভাদিম জেলিচেনকও খেপে গিয়ে বলেছেন, ‘এ রকম সুপারিশ করার অধিকার কমিশনকে কে দিয়েছে?’ এএফপি, রয়টার্স, বিবিসি।

ওয়াডা স্বাধীন কমিশনের প্রতিবেদনটি আশঙ্কাজনক। অভিযোগের মাত্রা দেখে আমি শঙ্কিত ও বিচলিত বোধ করছি। আমি রাশিয়ান অ্যাথলেটিক ফেডারেশনের কাছে এর ব্যাখ্যা চেয়েছি। এসব অভিযোগের জবাব দেওয়ার জন্য রাশিয়াকে এই সপ্তাহের শেষ নাগাদ সময় দেওয়া হয়েছে।
সেবাস্তিয়ান কো, সভাপতি, আইএএএফ
সংখ্যায় কেলেঙ্কারি
১০ লাখ ইউরো
ডোপ কেলেঙ্কারি ধামাচাপা দিতে ঘুষ নিয়েছেন আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশন সংস্থার (আইএএএফ) সাবেক সভাপতি লামিনে ডিয়াক।
১৪১৭
মস্কো গবেষণাগার থেকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করে ফেলা অ্যাথলেটদের রক্তের নমুনা।
৮২
২০১২ লন্ডন অলিম্পিকে জেতা রাশিয়ার পদকসংখ্যা, যার ২৪টি সোনা। এর অনেকগুলোই জিতেছেন ডোপ কেলেঙ্কারিতে সন্দেহভাজন অ্যাথলেটরা।
১১ মাস
তদন্ত এবং ৩২৩ পাতার প্রতিবেদন তৈরি করতে ওয়াডার স্বাধীন কমিশনের নেওয়া সময়।
৫
আজীবন নিষিদ্ধ করার সুপারিশ হওয়া রাশিয়ান অ্যাথলেটের সংখ্যা, যার মধ্যে আছেন ২০১২ লন্ডন অলিম্পিকে মেয়েদের ৮০০ মিটারে সোনা ও ব্রোঞ্জজয়ীও।
৪৩
মাদকবিরোধী আইন ভঙ্গের কারণে নিষিদ্ধ রাশিয়ান অ্যাথলেট। অ্যাথলেটিকস বিশ্বে সবচেয়ে বেশি, ৩৪ জনের নিষেধাজ্ঞা নিয়ে দ্বিতীয় স্থানে ভারত।