নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়ার আপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডোপ নেওয়ার অভিযোগে রিও অলিম্পিকের অ্যাথলেটিকসে রাশিয়াকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশন (আইএএএফ)। আন্তর্জাতিক ডোপিংবিরোধী সংস্থা (ওয়াডা) অলিম্পিকে রাশিয়ার পুরো দলকে নিষিদ্ধ করারই হুমকি দিয়েছে। তবে এরই মধ্যে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছেন দুই রুশ অ্যাথলেট।
এঁরা হলেন ২০০৪ অলিম্পিকে রুপাজয়ী রেস ওয়াকার ডেনিস নিজেগোরোদোভ ও তাঁর সতীর্থ সভেৎলানা ভাসিলিয়েভা। কয়েকজনের অপরাধে দলের সব অ্যাথলেটকে শাস্তি দেওয়াটা অন্যায় বলে মনে করেন নিজেগোরোদোভ, ‘আমি অলিম্পিকে অংশ নিতে পারব না, অথচ আমি কিছুই করিনি। এটা তো আমার সঙ্গে অন্যায়। এটা আমি মানি না।’ তাঁর মতো এই শাস্তি প্রত্যাখ্যান করেছেন ভাসিলিয়েভাও।
এদিকে আইএএএফে অল রাশিয়া অ্যাথলেটিক ফেডারেশনের (এআরএএফ) সদস্যপদ পুনর্বহাল না করা হলে অ্যাথলেটস কমিশনে কাজ করবেন না বলে ঘোষণা দিয়েছেন পোল ভোল্টে দুবারের অলিম্পিক সোনাজয়ী রুশ অ্যাথলেট ইয়েলেনা ইসিনবায়েভা। ডিএনএ ইন্ডিয়া।