নিষ্কলুষদের পক্ষে ইসিনবায়েভা
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পারফরম্যান্স-বর্ধক নিষিদ্ধ ওষুধ নেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অ্যাথলেটিকস থেকে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছে রাশিয়া। ২০১৬ সালের আগস্টে রিও ডি জেনিরো অলিম্পিকেও দেশটির অংশগ্রহণ তাই শঙ্কার মুখে। তবে সব শঙ্কা ঝেড়ে ফেলে রিওতে ‘নিষ্কলুষ’ অ্যাথলেটদের অংশগ্রহণ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ রাশিয়া। পোল্ট ভল্টের রানি ও সাবেক রুশ অ্যাথলেট ইয়েলেনা ইসিনবায়েভাও অ্যাথলেটিকস বিশ্বের কাছে আহ্বান জানিয়েছেন, রাশিয়ার নিষ্কলুষ অ্যাথলেটদের যেন অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়।
বিশ্ব মাদকবিরোধী সংস্থার (ওয়াডা) একটি স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে আসে রাশিয়ান অ্যাথলেটদের ডোপিংয়ের মচ্ছব। আর তাতেই রাশিয়াকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক অ্যাথলেটিকস সংস্থা (আইএএএফ)। তবে ওয়াডার প্রধান জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধান করে অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ এখনো আছে।
রাশিয়া ওয়াডার দেখানো পথেই সমাধান খুঁজছে। রুশ অলিম্পিক কমিটির (আরওসি) সভাপতি আলেক্সান্দার ঝুকভ বলেছেন, অলিম্পিকে নিষ্কলুষ অ্যাথলেটদের অংশগ্রহণ নিশ্চিত করতে ওয়াডার নীতি মেনে কাজ করা হবে।
এর আগে গত শুক্রবার নিষ্কলুষ অ্যাথলেটদের অন্যভাবে দেখার অনুরোধ করেছিলেন ইসিনবায়েভাও। অল রাশিয়া অ্যাথলেটিকস ফেডারেশনের ওয়েবসাইটে দুবারের অলিম্পিক সোনাজয়ী তারকা বলেছেন, ‘রাশিয়া জাতীয় দল এখন যে অবস্থায় আছে সেটি দুঃখজনক। আমি চাই যেন সব অ্যাথলেটকেই নেতিবাচক দৃষ্টিতে না দেখা হয়। যারা অপরাধ করেছে তাদের এর মূল্য দিতে হবে। যারা নিষ্কলুষ, তাদের সব আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার ও সম্মানের সঙ্গে দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিতে হবে।’ এএফপি।