
মন খারাপের কোনো লক্ষণ নেই চেহারায়। উল্টো হাসছেন। এর-ওর সঙ্গে হাত মেলাচ্ছেন, মেটাচ্ছেন ভক্তদের সেলফি তোলার আবদার। কে বলবে, এই লোকটা একটু আগে ক্যারিয়ারের শেষ ১০০ মিটার দৌড়ে হেরে গেছেন!
উসাইন বোল্ট এমনই। হাসতে হাসতে যেমন জিততে পারেন, তেমনি হেরেও হাসতে পারেন। নইলে কি আর ট্র্যাকে আর ট্র্যাকের বাইরে এমন ঈর্ষণীয় জনপ্রিয়তা তাঁর! ট্র্যাকে চ্যাম্পিয়ন তো অনেকেই হয়, মানুষের মনের চ্যাম্পিয়ন কজন হতে পারে। বোল্টকে এই ‘চ্যাম্পিয়ন’ মানুষ হিসেবে তৈরি করার পেছনে বড় ভূমিকা তাঁর মা-বাবার। বিশেষ করে মা জেনিফার তো বোল্টের প্রায় পুরো পৃথিবী। নিজেই বলেন, আমি একেবারে মা-অন্তঃপ্রাণ ছেলে।
এমনিতে তিনি সব সময়ই উচ্ছল, হাসিমুখ। তবে এই হাসিমুখও গোমড়া হয়ে যায়, মা জেনিফার যদি কোনো কারণে রাগ করেন। গত বছরই গার্ডিয়ান-এর সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘একমাত্র আমার মা-ই পারেন আমাকে কাঁদাতে। যদি কোনো কারণে তিনি আমার ওপর মন খারাপ করেন, আমাকে নিয়ে হতাশ হন, অথবা যদি এমন হয় যে তিনি আমার সঙ্গে কথা বলছেন না, তখন আমি কাঁদি। আমি একেবারে মায়ের ছেলে।’
প্রায় সব ছেলেই মা-অন্তঃপ্রাণ হয়। তবে বোল্ট যে তাঁর ব্যাপারে একটু বেশিই আবেগপ্রবণ, সেটা বোঝেন মা জেনিফারও। ছোটবেলা থেকেই তিনিও তাই পরম মমতায় আগলে রেখেছেন ছেলেকে। দিয়েছেন সাহসও। ২০০২ সালে জ্যামাইকায় জুনিয়র অ্যাথলেটিকস বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজের ইভেন্টের আগে নার্ভাস হয়ে ড্রেসিংরুমে বসে কাঁদছিলেন বোল্ট। সেই অবস্থায় মায়ের সাহসই ট্র্যাকে লড়তে অনুপ্রাণিত করেছিল তাঁকে। জেনিফারই বলেছেন ঘটনাটা, ‘আমি গিয়ে ওর সঙ্গে কথা বললাম, সে কান্না বন্ধ করল। তারপর আমাকে বলল, আচ্ছা মা, আমি সেরাটা দিয়েই চেষ্টা করব।’
শুধু মা-ই নন, বাবা ওয়েলেসলির কাছেও বোল্টের অনেক কৃতজ্ঞতা। বোল্ট ছাড়াও অন্য দুজন নারীর গর্ভে আরও দুজন সন্তান আছে ওয়েলেসলির। মুদি দোকান চালিয়ে তিনি সংসার চালাতেন। তবে সে কারণে তিনি ছেলের প্রতি দায়িত্ব পালনে কোনো অবহেলা করেননি। নিজের সাধ্যের মধ্যেই সর্বোচ্চ চেষ্টা করেছেন। ছোটবেলায় ভিডিও গেমের নেশা ছিল বোল্টের (এখনো আছে)। কিন্তু ছেলে যাতে সেটায় আসক্ত হয়ে বাজে খরচ না করে, সে জন্য প্রয়োজনে শাসনও করেছেন ওয়েলেসলি। ছেলের ছোটবেলা নিয়ে বলেছেন, ‘আমি ওকে বলতাম, তোমার স্কুলের খরচ দিতে আমাকে অনেক কষ্ট করতে হয়। তুমি সেগুলো নষ্ট করছ। ও এই কথাগুলো পছন্দ করত না। কিন্তু এখন সে বলে, আমিই নাকি সেরা বাবা। ও আমাকে বলেছে, তখন যদি সে যা চাইত, আমি তাকে সব করতে দিতাম, তাহলে সে আজকের বোল্ট হতে পারত না।’

বাবা শিখিয়েছেন আদব-কায়দাও। স্কুলে যাওয়ার পথে যতজনের সঙ্গে দেখা হবে, সবাইকে হাসিমুখে ‘গুড মর্নিং’ বলাটা বাধ্যতামূলক করে দিয়েছিলেন বোল্টের জন্য। কখনো এর ব্যতিক্রম হলে শাস্তিও পেতে হয়েছে বোল্টকে।
এই দুজন ছাড়া আরও একজন মানুষ আছেন, বোল্টের জীবনে যাঁর বিশাল ভূমিকা। তাঁর ব্যবসা ব্যবস্থাপক নরমান পিয়ার্ট। যাঁর সম্পর্কে বোল্ট নিজেই বলেন—‘আমার দ্বিতীয় বাবা।’ ১৫ বছর ধরে বোল্টের আর্থিক বিষয়গুলো দেখাশোনা করছেন পিয়ার্ট। পৃষ্ঠপোষকদের সঙ্গে বোল্টের ক্যারিয়ারের প্রথম চুক্তি থেকে শুরু করে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান পিউমার সঙ্গে কোটি কোটি টাকার চুক্তি—সবই পিয়ার্টের পরামর্শ আর অনুমোদন নিয়ে। পিয়ার্ট ছিলেন বলেই শুধু গত বছরই বোল্টের আয় প্রায় ২৬০ কোটি টাকা! সংগীত, পার্টি, নৈশজীবনের প্রতি বোল্টের একটু দুর্বলতা আছে। অর্থের চিন্তা না করেই বোল্ট যাতে নিজের মতো করে জীবন যাপন করতে পারেন, সেটা নিশ্চিত করেছেন পিয়ার্ট। তবে যেখানে লাগাম টেনে ধরা দরকার, সেটাও করেছেন। যে কারণে রসিকতা করে মাঝেমধ্যে পিয়ার্টকে বিশ্বের সবচেয়ে ‘নিষ্ঠুর’ মানুষও বলেন বোল্ট। তবে এই রসিকতার সঙ্গেই আবার মনে করিয়ে দেন, ‘ও থাকা মানে আমার টাকাপয়সা বিশ্বস্ত হাতে থাকা। অবসরের পর আমি যাতে আর্থিকভাবে নিরাপদ থাকি, সব সময় সে সেই চেষ্টাই করে।’
নইলে কি আর বোল্ট বলেন, তাঁর এই অসাধারণ জীবনের জন্য তিনি মা-বাবা আর পিয়ার্টের কাছে ঋণী! এএফপি।