পদকজয়ীদের কেউই যাচ্ছেন না বাকুতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএ গেমস ছাড়া আর কোনো আন্তর্জাতিক গেমসে সচরাচর খুব কম পদকই মেলে বাংলাদেশের অ্যাথলেটদের। তারপরও বিভিন্ন আন্তর্জাতিক গেমসে বেশ ঘটা করেই দল পাঠায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। এবারও ব্যতিক্রম হচ্ছে না। ১২-২২ মে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠেয় চতুর্থ ইসলামিক সলিডারিটি গেমসে অংশ নিতে খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা মিলিয়ে ৪৯ সদস্যের বিশাল বহর যাচ্ছে আজারবাইজানে। যদিও গত গেমসে রুপাজয়ী তিরন্দাজ ইমদাদুল হক মিলন ও ব্রোঞ্জজয়ী তায়কোয়ান্দো খেলোয়াড় শ্রাবণী বিশ্বাস নেই এবারের বাকুগামী দলে!
এবারের গেমসে অবশ্য আর্চারি নেই। আর তায়কোয়ান্দো থাকলেও পারফরম্যান্সের অবনতির দোহাই দিয়ে বিওএ কোনো খেলোয়াড়কেই পাঠাচ্ছে না। অথচ গত এসএ গেমসেও তিনটি ব্রোঞ্জ এসেছে তায়কোয়ান্দো থেকে। এ নিয়ে খুবই হতাশ তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম, ‘আমার দল বাদ পড়েছে, আমি হতাশ। তা ছাড়া একজন
খেলোয়াড় খারাপ রেজাল্ট করেছে বলে তাকে যদি পিছিয়ে রাখেন তাহলে তো সে আগামী দিনে উৎসাহ পাবে না।’ আর্চারি নেই বলে আক্ষেপ করলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন চপল, ‘আর্চারিকে কেন গেমসে রাখা হয়নি সেটা বুঝলাম না। কিন্তু এই খেলা থেকে অন্তত একটা সোনার পদক আশা করেছিলাম আমরা।’
ইসলামিক সলিডারিটি গেমসের প্রথম আসর বসেছিল সৌদি আরবে, ২০০৫ সালে। সেবার সাঁতার, অ্যাথলেটিকস, ভারোত্তোলন ও ফাইভ এ সাইড ফুটবলে অংশ নেয় বাংলাদেশ। কিন্তু ফিরেছিল খালি হাতেই। ২০১০ ইরানের দ্বিতীয় গেমস অবশ্য বাতিল হয়ে যায়। এরপর ২০১৩ সালে ইন্দোনেশিয়ার পালেমবাংয়ে বাংলাদেশ অংশ নেয় আর্চারি, তায়কোয়ান্দো ও ভারোত্তোলনে। সেখান থেকে আসে দুটি পদক।
এবার শুটিং, সাঁতার, কারাতে, জিমন্যাস্টিকস, অ্যাথলেটিকস, ভারোত্তোলন, কুস্তি ও জুরখানে মিলিয়ে ৩৩ জন অ্যাথলেট অংশ নেবেন বাকুতে। সবার আগে আজ ঢাকা ছাড়ছে সাঁতার ও শুটিং দল। এই দুটি খেলা থেকেই যা একটু আশা আছে পদকের। সাঁতার কোচ পার্ক তে গুন যাওয়ার আগে বললেন, ‘পদকের রং কী হবে, সেটা বলতে পারব না। তবে কয়েকটি পদক আসতে পারে সাঁতার থেকে।’
গত এসএ গেমসে ৫০ মিটার এয়ার পিস্তলে সোনাজয়ী শাকিল বাকুতেও সোনা জয়ের স্বপ্ন দেখছেন, ‘কিছুদিন ধরে অনুশীলনে আমি ৫৮০ থেকে ৫৮২ স্কোর করছি। এই স্কোর বাকুতে করতে পারলে সোনা জয় অসম্ভব না।’ যদিও শুটিংয়ে ইরান, তুরস্ককে টপকে সোনা জয় বেশ কঠিনই হবে বাংলাদেশের জন্য।
এবারের ইসলামিক সলিডারিটি গেমসে ২১টি খেলায় অংশ নিচ্ছে ৫৭টি মুসলিম দেশ।