পদকের রং বদলে দেবেন পার্ক!

গ্রিক পুরাণের রাজা মিডাস যা ছুঁতেন, তাই নাকি হয়ে যেত সোনা। বাংলাদেশের সাঁতার কোচ পার্ক তে গুনের হাতে মিডাসের মতো জাদু নেই। তারপরও ‘সোনা ফলাতে’ চান এই কোরিয়ান কোচ। নেপালে ২০১৯ এসএ গেমসে সাঁতার থেকে বাংলাদেশকে এনে দিতে চান ১০টি সোনা।
গত বছরের ফেব্রুয়ারিতে ভারতের এসএ গেমসে যা একটু মুখ রেখেছিলেন সাঁতারুরাই। সবচেয়ে বেশি ১৭টি পদক এসেছিল সাঁতার থেকে। মাহফুজা খাতুন শিলা জিতেছিলেন দুটি সোনা। বাকি ১৫টিই ব্রোঞ্জ। কিন্তু এবার সেই ব্রোঞ্জে পার্ক লাগাতে চান সোনালি প্রলেপ, ‘কাঠমান্ডুতে ১০টি সোনা জেতার লক্ষ্য নিয়ে যেতে চাই। সেটা অসম্ভবও নয়। শেষবার আমরা অনেক ব্রোঞ্জ জিতেছি। এবার সেই পদকে শুধু রংটা বদলে দিতে চাই।’
পার্ককে স্বপ্ন দেখার সাহস জোগাচ্ছেন একঝাঁক তরুণ সাঁতারু। গত বছর এপ্রিলে দেশব্যাপী ‘সেরা সাঁতারুর খোঁজে’ কর্মসূচিতে অংশ নেওয়া প্রায় ১ হাজার ৩০০ সাঁতারুর মধ্য থেকেই তুলে এনেছেন সম্ভাবনাময় সাঁতারুদের। বাছাইপ্রক্রিয়া শেষে মিরপুর সুইমিং কমপ্লেক্সে এখন অনুশীলন করছেন ১৬০ জন সাঁতারু। পার্কের জহুরির চোখ এখান থেকেই খুঁজে নেবে সেরা ৬০ জনকে।
পার্ক কথায় কথায় প্রায়ই বলেন, ‘আমি ডায়মন্ড খুঁজছি। বাংলাদেশকে সাঁতার থেকে ডায়মন্ড উপহার দেব।’ কাল ভোরবেলায় মিরপুর সুইমিং পুলে গিয়ে দেখা মিলল সম্ভাব্য সেসব ‘ডায়মন্ডের’। পার্কের অধীনে যাঁরা অনুশীলন করে চলেছেন প্রতিদিন সকাল, বিকেল।
তা ‘ডায়মন্ডের’ দেখা মিলল? পার্কের হাসিমাখা উত্তর, ‘অবশ্যই।’ আঙুল গুনে ভাঙা ভাঙা বাংলা আর ইংরেজির মিশেলে বললেন, ‘ছয়টা ডায়মন্ড, চারটা গোল্ড।’ কিন্তু নামগুলো উচ্চারণ করতে চাইলেন না, ‘এই বাছাই থেকে সেরা সাঁতারুদের পুরস্কার দিতে আগামী মাসে মাননীয় প্রধানমন্ত্রীর মিরপুরে আসার কথা। তাঁর সামনে আমি এদের পরিচয় করিয়ে দিতে চাই। এই মুহূর্তে নাম বললে অন্যরা হয়তো উৎসাহ হারিয়ে ফেলতে পারে।’
প্রত্যেক সাঁতারুর পারফরম্যান্স, শৃঙ্খলা, ফিটনেস দেখে রেটিং মূল্যায়ন করেন পার্ক। চূড়ান্ত পর্ব শেষে প্রত্যেক সাঁতারুর রেটিং পয়েন্ট যোগ করা হবে। পয়েন্টে যিনি এগিয়ে থাকবেন, তিনিই হবেন সেরা।
ঝিনাইদহ থেকে এসেছেন সুজা মোল্লা, পাবনার সেজান হোসেন। দুই তরুণের চোখে এখন একটাই স্বপ্ন, সেরা সাঁতারু হওয়া। প্রথম দিন মিরপুরের সুইমিং পুল দেখে সুজা অবাক হয়ে নীল জলের দিকে চেয়ে ছিলেন খানিকক্ষণ, ‘আমরা পচা কাদার মধ্যে সাঁতরাতাম, অনুশীলন করতাম। এখানে টলটলে পানি। মনে হয় সারাক্ষণ সাঁতরাই।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার নেওয়ার স্বপ্নও দেখছেন সুজা, ‘যদি আমি সেরা হয়ে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিতে পারতাম, আমার সব স্বপ্ন সার্থক হতো।’
সাঁতারুদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে সুইমিং পুলের ডরমিটরিতে। সবার মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ। তবে বাড়িতে যোগাযোগের জন্য সপ্তাহে এক দিন নৌবাহিনীর কর্মকর্তারা তাঁদের মুঠোফোন ব্যবহার করতে দেন। বিনোদনের ব্যবস্থাও আছে। হলরুমের প্রজেক্টরে সপ্তাহে এক দিন সিনেমা দেখানোর ব্যবস্থা করেছে ফেডারেশন। কুষ্টিয়ার আমলার দুই তরুণী খাদিজা আক্তার ও জুলি আক্তার ক্যাম্পে এসে যেন বাড়ির কথা ভুলেই গেছেন! অবসরে নাকি নিজেরা নাচ আর গান নিয়ে মেতে থাকেন।
৫০ ও ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোক খাদিজার ইভেন্ট। ব্রিটিশ সাঁতারু রেবেকা অ্যাডলিংটনকে আদর্শ মানেন। প্রিয় ‘বেকির’ মতোই একদিন অলিম্পিকে সোনা জয়ের স্বপ্ন দেখেন।
এসএ গেমসে সোনা জিতলেই যেখানে খুশি বাংলাদেশের সাঁতারুরা, সেখানে অলিম্পিক তো দিবাস্বপ্নের মতোই। কিন্তু নদীমাতৃক বাংলাদেশের জল-হাওয়ায় বেড়ে ওঠা এই সাঁতারুদের প্রতিদিনই আকাশছোঁয়ার স্বপ্ন দেখাচ্ছেন একজন ‘মিডাস রাজা’—পার্ক তে গুন।