পাঁচ বছর কারাদণ্ড পিস্টোরিয়াসের

পুরোটা সময় স্থাণুর মতো বসে ছিলেন, পাথুরে মুখ নিরাবেগ। আদালত থেকে নিয়ে যাওয়ার সময় শুধু হাত দিয়ে চোখ মুছলেন অস্কার পিস্টোরিয়াস। ততক্ষণে জেনে গেছেন বিচারকের রায়। দীর্ঘ সাত মাসের আইনি প্রক্রিয়া শেষ হয়েছে কাল, বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে হত্যার দায়ে পাঁচ বছরের জেল হয়েছে দক্ষিণ আফ্রিকার এই প্যারালিম্পিয়ানের। রায়ের পরই সরাসরি জেলে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।
গত মাসেই বিচারকের রায়ে ‘ইচ্ছাকৃত খুনের’ অভিযোগ থেকে রেহাই পেয়েছিলেন পিস্টোরিয়াস। কিন্তু খুন না করলেও অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডসহ অবৈধ অস্ত্র রাখার অভিযোগ ছিল পিস্টোরিয়াসের বিরুদ্ধে। দুটিতেই দোষী সাব্যস্ত হয়েছেন ‘ব্লেড রানার’। পাঁচ বছরের সাজা অবশ্য হত্যাকাণ্ডের জন্য। আর অবৈধ অস্ত্র রাখার জন্য আদালত পিস্টোরিয়াসকে দিয়েছেন তিন বছরের স্থগিত দণ্ডাদেশ। তার মানে একই অপরাধ আবার করলে তবেই সাজাটা প্রযোজ্য হবে তাঁর জন্য।
গত বছরের ভালোবাসা দিবসেই ঘটে ঘটনাটা। ২৯ বছর বয়সী বান্ধবীকে গুলি করার জন্য গ্রেপ্তার হন পিস্টোরিয়াস। শুরু থেকেই তিনি দাবি করে আসছিলেন, হত্যাটা অনিচ্ছাকৃত ছিল। প্রিটোরিয়ার নিজের বাসার বাথরুমে অচেনা কোনো আগন্তুক ঢুকেছে ভেবেই নাকি গুলি করেছিলেন। কিন্তু স্টিনক্যাম্পের পরিবার দাবি করে আসছিল, খুন করা হয়েছে ঠান্ডা মাথায়।
গ্রেপ্তারের পর পিস্টোরিয়াস জামিন পেয়ে যান আট দিনের মাথায়। এই বছরের মার্চে শুরু হয় শুনানি। আদালতে বারবার হাজিরা দিতে হয় এই দৌড়বিদকে। কাঠগড়ায় বেশ কয়েকবার কান্নায়ও ভেঙে পড়েছিলেন। তবে হত্যাটা পরিকল্পিত ছিল কিনা, সেটা প্রমাণ করতে পারেননি স্টিনক্যাম্পের আইনজীবীরা। আবার পিস্টোরিয়াসের রায় গুরু পাপে লঘু দণ্ড হয়েছে কিনা, সেটা নিয়ে আদালতের বাইরে অপেক্ষমাণ জনতাও ছিল দ্বিধাবিভক্ত। কেউ কেউ বলছেন, সাজাটা কম হয়ে গেছে। আবার কারও ধারণা, সেটি ঠিকই আছে।

স্টিনক্যাম্পের পরিবার কিন্তু শুরু থেকেই সর্বোচ্চ শাস্তির দাবি করে আসছিল। কাল অবশ্য রায়টাকে স্বাগতই জানিয়েছেন তাঁরা। নিহতের বাবা ব্যারি খুশি, বিচারপ্রক্রিয়া শেষ হয়েছে। তাঁদের আইনজীবী বলেছেন, ন্যায়বিচার পেয়েছেন। পিস্টোরিয়াসের পরিবারও বলেছে, তারা এই রায় মেনে নিয়েছে। চাচা আর্নল্ড পিস্টোরিয়াস সবাইকে আহ্বান জানিয়েছেন, সাজার সময় অভিযুক্তের গোপনীয়তার প্রতি যেন সম্মান দেখানো হয়। এখনো অবশ্য চাইলে দুই পক্ষই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে।

একসময় বর্ণবৈষম্যে জর্জরিত দক্ষিণ আফ্রিকার সংবিধানে ‘আইন সবার জন্য সমান’ লেখা থাকলেও একজন প্রভাবশালী শ্বেতাঙ্গের ক্ষেত্রে তার যথাযথ প্রয়োগ হবে কি না, সেটা নিয়ে সংশয় ছিল। বিচারক থোকোজিলে মাসিপা সেটা মনে করিয়ে দিয়েই বলেছেন, ‘ধনীদের জন্য এক আইন, আর গরিবদের জন্য আরেকটি—এ রকম কোনো ধারণা যদি সৃষ্টি হতো, সেটা দেশের জন্য খুবই দুঃখজনক হতো।’ মাসিপার আশা, শারীরিক প্রতিবন্ধকতার জন্য কারাগারে পিস্টোরিয়াসকে কোনো দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হবে না।
কিন্তু আসলে কত দিন কারাগারে কাটাতে হবে পিস্টোরিয়াসকে? এখনো সেটা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। স্টিনক্যাম্পের আইনজীবীর ধারণা, পাঁচ বছরের দুই বছর কাটাতে হবে কারাগারে, আর বাকি তিন বছর গৃহবন্দী থাকতে হবে। তবে পিস্টোরিয়াসের আইনজীবী দলের একজন বলছেন, পুরো সাজার ছয় ভাগের এক ভাগ, মানে ১০ মাস কাটাতে হবে কারাগারে।
আসলে যেটাই হোক, পিস্টোরিয়াসকে আবার দৌড়াতে দেখার সম্ভাবনা এখন একরকম সুদূরপরাহতই। আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি জানিয়েছে, পাঁচ বছর সাজার মেয়াদ শেষ হওয়ার আগে ট্র্যাকে নামতে পারবেন না পিস্টোরিয়াস। কৃত্রিম পা নিয়ে প্রাণপণে দৌড়াচ্ছেন ট্র্যাকে—একসময়ের অনন্ত অনুপ্রেরণার এই দৃশ্য তাই হয়তো দেখা যাবে না আর। এএফপি, রয়টার্স, বিবিসি।
১৪ ফেব্রুয়ারি, ২০১৩
বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে হত্যার দায়ে পিস্টোরিয়াস আটক
২২ ফেব্রুয়ারি, ২০১৩
১ লাখ মার্কিন ডলার জামানতে জামিন লাভ
৩ মার্চ, ২০১৪
প্রিটোরিয়ার আদালতে মামলার কার্যক্রম শুরু
৭-১৫ এপ্রিল, ২০১৪
কড়া জেরার মুখোমুখি পিস্টোরিয়াস
৩০ জুন, ২০১৪
গুলি ছোড়ার সময় পিস্টোরিয়াস মানসিকভাবে সুস্থ ছিলেন বলে মতামত বিশেষজ্ঞদের
১২ সেপ্টেম্বর ২০১৪
অনিচ্ছাকৃত হত্যার দায়ে দোষী সাব্যস্ত
২১ অক্টোবর ২০১৪
পাঁচ বছর কারাদণ্ডের রায় আদালতের