পাঁচ বছর পর জাতীয় দাবায় চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার এনামুল

এনামুল হোসেনছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ রাউন্ডে জিতলেও চ্যাম্পিয়ন হতে অন্য বোর্ডের ফলের দিকে চেয়ে থাকতে হতো গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেনকে। জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের শেষ রাউন্ডে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সুব্রত বিশ্বাসকে হারিয়ে নিজের কাজটা ঠিকঠাকমতো করে অপেক্ষায় ছিলেন এনামুল। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিনের বোর্ডের ফলের অপেক্ষায় থেকে হতাশ হতে হয়নি তাঁকে। নিয়াজ মোরশেদকে হারিয়ে দেন মিনহাজ উদ্দিন। নিয়াজ হেরে যাওয়ায় চ্যাম্পিয়ন হন এনামুল।

আজ শেষ রাউন্ডে দুজনই জিতলে নিয়াজ ও এনামুলের পয়েন্ট হতো সমান। সে ক্ষেত্রে প্লে-অফে নিষ্পত্তি হতো শিরোপা নির্ধারণী ম্যাচ। কিন্তু শেষ পর্যন্ত আর প্লে-অফে গড়ায়নি খেলা।

১৩ খেলায় ১০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এনামুল। গতবারের চ্যাম্পিয়ন নিয়াজ ৯ পয়েন্ট পেয়ে হয়েছেন তৃতীয়। সাড়ে ৯ পয়েন্ট পেয়ে রানারআপ গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।

জাতীয় দাবায় এনামুলের এটি পঞ্চম শিরোপা। ১৯৯৭ সালে প্রথমবার শিরোপা জেতা এনামুল সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিলেন ২০১৭ সালে। এনামুল আজ সাদা ঘুঁটি নিয়ে খেলে ২৪ চালে জয়ী হয়েছেন। আবারও চ্যাম্পিয়ন হতে পেরে উচ্ছ্বসিত এনামুল, ‘করোনার কারণে অনিয়মিত হয়ে পড়ায় মাঝে কিছুদিন ভালো খেলতে পারিনি। দেশে বেশ কিছু আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে নিজের পারফরম্যান্সে তত খুশি ছিলাম না। তবে এবার জাতীয় দাবায় ভালো কিছু করার আশা ছিল। আবারও চ্যাম্পিয়ন হতে পেরে ভালো লাগছে।’

আজ শেষ রাউন্ডের খেলায় এনামুল
ছবি: প্রথম আলো

শেষ রাউন্ডে অনেক সমীকরণ থাকলেও বেশ নির্ভার হয়েই খেলেছেন এনামুল, ‘আজ ম্যাচটা খুব সহজভাবে জিতেছি। ওপেনিংয়ের পরই আমি বুঝতে পারি যে একটা বাড়তি সুবিধা পাচ্ছি। খুব অল্প চালেই তাড়াতাড়ি জিতে গেছি।’

১৩ রাউন্ডের খেলায় এনামুল সবচেয়ে কঠিন ম্যাচটি খেলেছেন গতকাল। কালো ঘুঁটি নিয়ে হারিয়েছিলেন গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তারকে। গতকালের জয়ের পরই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন এনামুল, ‘বেশি কঠিন ম্যাচ ছিল গতকাল। রিফাত ভাইয়ের সঙ্গে কালো নিয়ে জেতা খুব কঠিন ছিল। কিন্তু শেষ পর্যন্ত জিতে গেছি। ওই ম্যাচটা জেতার পরই মনে হচ্ছিল, এবার আশা করতে পারি।’

ওদিকে গতবারের চ্যাম্পিয়নের জন্য আজকের রাউন্ড কঠিন হবে, এটা আগেই বুঝতে পেরেছিলেন এনামুল, ‘নিয়াজ ভাইয়ের প্রতিপক্ষ সাগর থাকায় আমি একটু বেশি স্বাচ্ছন্দ্য ছিলাম এই রাউন্ডে। বছরের শুরুটা ভালোভাবেই হয়েছে। এ জন্য বেশি ভালো লাগছে।’