পাকিস্তানকে সহজেই হারাল ভারত

ঢাকার মাঠে আজ ছিল ভারত–পাকিস্তান হকি লড়াইছবি: শামসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো খেলাতেই ভারত-পাকিস্তান মানে তীব্র লড়াই আর প্রতিদ্বন্দ্বিতা। তবে হকিতে সে প্রতিদ্বন্দ্বিতার ছাপ আজ খুব একটা টের পাওয়া যায়নি। ম্যাচে ভারতের দাপট কেমন ছিল, সেটা বোঝা যায় একটি তথ্যে। ৫২ মিনিটে প্রথম পেনাল্টি কর্নারের দেখা পেয়েছিল পাকিস্তান! ম্যাচে ততক্ষণে ২-১ গোলে এগিয়ে ভারত। ম্যাচের শেষ পর্যন্ত এগিয়েই ছিল ভারত। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েছে ৩-১ গোলে।

ভারতের হয়ে জোড়া গোল করেছেন হারমানপ্রীত সিং। ১টি গোল করেছেন আকাশদীপ সিং। পাকিস্তানের একমাত্র গোলটি জুনায়েদ মানজুরের।

ম্যাচের প্রথম দুই কোয়ার্টারে ভারতের দাপট ছিল। কিন্তু শেষ দুই কোয়ার্টারে পাকিস্তানও খেলেছে সমানে সমান। র‍্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা পাকিস্তান চেষ্টা করেছে জেতার।

ম্যাচের ৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে প্রথম এগিয়ে যায় ভারত। হারদিক সিংয়ের পুশ, সুমিতের স্টপ। এপর হারমানপ্রীত সিংয়ের হিটে উল্লাসে মাতে ভারত।

ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান
ছবি: শামসুল হক

ম্যাচের ১২ ও ২৭ মিনিটে পাকিস্তানের গোলরক্ষক আলী আমজাদ পা দিয়ে দুবার দুটি নিশ্চিত গোল বাঁচিয়েছেন। ভারতের রক্ষণে দারুণভাবে নেতৃত্ব দিয়েছেন হারমানপ্রীত সিং। মাঝমাঠে মনপ্রীত সিং ছিলেন প্রাণবন্ত। ভারত ব্যবধান দ্বিগুণ করে ৪২ মিনিটে। সুমিতের রিভার্স হিট থেকে আকাশদীপ সিং করলেন ২-০।

৪৫ মিনিটে জুনায়েদের গোলে ম্যাচে ফেরে পাকিস্তান। সার্কেলের সামান্য বাইরে থেকে বল বাড়িয়ে দেন আবদুল রানা। মানজুর স্টিক ছুঁয়ে দিলেন, সেদিকে অসহায়ের মতো চেয়ে রইলেন ভারতের গোলরক্ষক পাঠক কৃষান বাহাদুর (২-১)। ৫৩ মিনিটে আরেকটি পেনাল্টি কর্নার থেকে হারমানপ্রীত সিং ৩-১ করলে ম্যাচ যেন সেখানেই শেষ। বাকি সময়ে আরও দুটি পেনাল্টি কর্নার পেলেও ভারত আর গোল করতে পারেনি।

টুর্নামেন্টে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ফাইনালের পথে কিছুটা হলেও এগিয়ে গেল মানপ্রীত সিংয়ের ভারত। একটি করে জয়, ড্র ও হারে পাকিস্তানের পয়েন্ট ৪।